চ্যাটজিপিটিকেও ছাড়িয়ে যাচ্ছে মেটার এআই অ্যাপ মিউজ
চালুর প্রথম ১২ দিনেই ডাউনলোড ও দৈনিক সক্রিয় ব্যবহারকারীর হিসাবে চ্যাটজিপিটির শুরুর সময়ের পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে মেটার নতুন এআই অ্যাপ মিউজ। বাজার গবেষণা প্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডার আইওএস ব্যবহারকারীদের মধ্যে মিউজের ডাউনলোড হয়েছে ১৮ লাখ, যেখানে একই সময়ে চ্যাটজিপিটির ডাউনলোড ছিল ১৩ লাখ।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, দুই অ্যাপের তুলনা করতে অ্যাপটোপিয়া প্রথম ১২ দিনের যুক্তরাষ্ট্র ও কানাডার আইওএস তথ্য বিশ্লেষণ করেছে। কারণ, চ্যাটজিপিটি মোবাইলে প্রথমে শুধু আইওএসে বিশ্বজুড়ে চালু হলেও মিউজ আইওএস ও অ্যান্ড্রয়েডে শুধু যুক্তরাষ্ট্র ও কানাডায় চালু হয়েছে।
দৈনিক সক্রিয় ব্যবহারকারীর হিসাবেও মিউজ এগিয়ে। যুক্তরাষ্ট্রে মিউজের দৈনিক সক্রিয় ব্যবহারকারী ৬ লাখ ৪২ হাজার, যেখানে একই সময়ে চ্যাটজিপিটির ছিল ২ লাখ ৩১ হাজার। শুধু আইওএস ব্যবহারকারী ধরলেও মিউজের দৈনিক সক্রিয় ব্যবহারকারী ৩ লাখ ৫৯ হাজার।
বিশ্বজুড়ে প্রথম ১২ দিনে মিউজের মোট ইনস্টল হয়েছে ২৮ লাখ। যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে চালুর পর প্রথম দিকে দ্বিতীয় অবস্থানে থাকলেও পরে অ্যাপটি শীর্ষ অবস্থানে উঠে আসে। এ সময় মিউজের ডাউনলোড ১০ লাখ ছাড়ায়।
তবে অ্যাপটোপিয়ার হিসাব মেটার অভ্যন্তরীণ তথ্য নয়, বরং তৃতীয় পক্ষের অনুমান। ফলে সংখ্যাগুলো আনুমানিক হলেও মিউজের প্রাথমিক জনপ্রিয়তার একটি ধারণা পাওয়া যায়।
মেটার ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে মিউজের সংযোগ থাকায় অ্যাপটির প্রচারেও সুবিধা হতে পারে। অ্যাপটোপিয়ার তথ্য অনুযায়ী, মিউজ ব্যবহারকারীদের ৯৫ শতাংশের বেশি ফেসবুক ব্যবহার করেন এবং ৬৩ শতাংশ ইনস্টাগ্রাম ব্যবহার করেন। হোয়াটসঅ্যাপেও মিউজ ব্যবহারের সুযোগ রয়েছে।