এআইকে মানুষের নিয়ন্ত্রণে রাখতে চায় মাইক্রোসফট
এআই মডেল যেন মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সে জন্য নতুন ‘কোড অব কনডাক্ট’ বা আচরণবিধি প্রকাশ করেছে মাইক্রোসফট। এতে সাইবার হামলা, পারমাণবিক অস্ত্র ও ডিপফেক তৈরির মতো কাজে এআই ব্যবহার নিষিদ্ধ করার পাশাপাশি মানুষের তদারকি এড়িয়ে যাওয়ার মতো আচরণ থেকেও মডেলগুলোকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, আচরণবিধিতে এআই মডেলকে মানুষকে প্রতিস্থাপনের বদলে সহায়তা করা এবং মানুষের কল্যাণে প্রযুক্তির ব্যবহার এগিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এসব নীতি ব্যবহারকারীর ব্যক্তিগত পছন্দ বা নির্দিষ্ট কোনো কাজের নির্দেশনার চেয়ে অগ্রাধিকার পাবে।
মাইক্রোসফটের নথিতে বলা হয়েছে, এআই মডেল এমন কোনো প্রতারণামূলক বা নিজেদের সক্ষমতা বাড়ানোর কৌশল ব্যবহার করবে না, যার মাধ্যমে তারা মানুষের তদারকি এড়িয়ে যেতে পারে কিংবা অনুমোদিত ব্যক্তি বা ব্যবস্থার মাধ্যমে তাদের নির্দেশ দেওয়া, পরিবর্তন করা বা বন্ধ করা কঠিন হয়ে পড়ে।
সুপারইন্টেলিজেন্ট এআই নিয়ে সতর্কতা
আচরণবিধিতে বলা হয়েছে, আগামী এক দশকে সুপারইন্টেলিজেন্ট এআই ব্যবস্থা বেশির ভাগ কাজে মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে। এমন শক্তিশালী প্রযুক্তিকে নিয়ন্ত্রণ ও মানুষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা মানবজাতির জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। তাই এআই কেন তৈরি করা হচ্ছে এবং কীভাবে তা নিয়ন্ত্রণ করা হবে, সে বিষয়ে স্পষ্ট নীতি থাকা প্রয়োজন।
মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা অনলাইনে দেওয়া বক্তব্যে এআই উন্নয়নে প্রয়োজনীয় গবেষণা, নিরাপত্তা যাচাই ও সতর্কতার সঙ্গে অগ্রসর হওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন। এআই নিরাপত্তা নিশ্চিত করতে ‘এমবেডেড ইভ্যালুয়েটর’সহ বিভিন্ন ব্যবস্থা তৈরির উদ্যোগকেও তিনি স্বাগত জানিয়েছেন।