বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬

‘তরুণদের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়া হবে’

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৪

‘তরুণদের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়া হবে’
ছবি: নিজস্ব

তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার কথা বলেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তার মতে, তরুণ উদ্ভাবক, উদ্যোক্তা, গবেষক, শিক্ষার্থী ও শিল্পখাতের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হলে দেশের উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নের কার্যক্রম আরও এগিয়ে যাবে।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নভো থিয়েটারের অডিটোরিয়াম হলে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন,‘নতুন জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশের মাধ্যমে মানবিক, দক্ষ এবং ভবিষ্যতের উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার। দেশের উন্নয়নকে টেকসই ও গতিশীল করতে সরকার, ব্যবসা ও শিল্পখাত এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় ও অংশীদারত্ব প্রয়োজন।’

উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেন সাকি। তিনি বলেন, ‘পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সমন্বয় বাড়ানো প্রয়োজন। উন্নয়ন প্রকল্পে একই ধরনের কাজের পুনরাবৃত্তি ও অপ্রয়োজনীয় দ্বৈততা বন্ধ করা গেলে সরকারি সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে। এতে প্রকল্প বাস্তবায়নে সময় ও ব্যয়ও কমানো সম্ভব হবে।’

সরকার, শিল্পখাত ও একাডেমিয়ার সমন্বিত উদ্যোগকে দেশের উদ্ভাবন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘গবেষণা ও উদ্ভাবনের সঙ্গে শিল্পের বাস্তব চাহিদার সংযোগ তৈরি করা গেলে নতুন প্রযুক্তি ও কর্মসংস্থানের পাশাপাশি উদ্যোক্তা তৈরির সুযোগও বাড়বে।’

সাকি আরও বলেন, ‘উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়াতে চায় সরকার। বিদ্যমান প্ল্যাটফর্ম ও অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে সার্বিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করা হবে।’

প্যানেল আলোচনা আয়োজনের নলেজ পার্টনার ছিল বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন)। প্যানেল আলোচনা সঞ্চালনা করেন বিনের চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিখোর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহির চৌধুরী।

আলোচনায় সরকারি খাতের প্রতিনিধিত্ব করেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী। বেসরকারি খাতের প্রতিনিধি হিসেবে ছিলেন ইউনিলিভার বাংলাদেশের মানবসম্পদ পরিচালক দুরদানা কবির।

একাডেমিয়া থেকে আলোচনায় অংশ নেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইসি বিভাগের ডিন ড. শাজ্জাদ এবং নটোমেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জুনায়েদ কাজী।

আলোচনায় বক্তারা বাংলাদেশের উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নের সম্ভাবনা, প্রযুক্তির ব্যবহার, শিল্প ও একাডেমিয়ার সহযোগিতা এবং তরুণদের ভবিষ্যতের কর্মবাজারের জন্য প্রস্তুত করার বিভিন্ন দিক তুলে ধরেন।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন