পোশাক নির্বাচন ও ভ্রমণের প্রস্তুতিতে সহায়তা করবে মেটার এআই অ্যাপ
নিজের সংগ্রহে থাকা পোশাক দিয়ে নতুন সাজের ধারণা দেবে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাপ ‘স্টাইল স্কেচ’। ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহারকারীর আগে প্রকাশ করা ছবি থেকে পোশাকের ভার্চ্যুয়াল সংগ্রহ তৈরি করতে পারে অ্যাপটি। চাইলে ছবি তুলে, ভিডিও ধারণ করে কিংবা ফোনের গ্যালারি থেকে ছবি আপলোড করেও পোশাক যুক্ত করা যাবে।
সংগ্রহে থাকা পোশাকের ধরন ও ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী বিভিন্ন পোশাকের সমন্বয় বা আউটফিট সাজেস্ট করবে অ্যাপটি। পাশাপাশি ব্যবহারকারীর শরীরের গড়ন ও ত্বকের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি বাস্তবসম্মত মডেলের মাধ্যমে ভার্চ্যুয়ালি পোশাক পরেও দেখা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম পরামর্শক ম্যাট নাভারার এক পোস্টের মাধ্যমে প্রথম অ্যাপটির বিষয়টি সামনে আসে। বর্তমানে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অ্যাপটি উন্মুক্ত করা হয়েছে। তবে অন্যান্য দেশে কবে চালু হবে, সে বিষয়ে মেটা কিছু জানায়নি।
অ্যাপটির মাধ্যমে নির্দিষ্ট কোনো পোশাক নির্বাচন করেও সেটির সঙ্গে মানানসই নতুন সাজের ধারণা পাওয়া যাবে। ভ্রমণের প্রস্তুতিতেও সহায়তা করবে স্টাইল স্কেচ। গন্তব্য, ভ্রমণের সময়কাল ও পরিকল্পিত কার্যক্রমের তথ্য দিলে আবহাওয়ার পূর্বাভাস ও ভ্রমণসূচি বিবেচনায় প্রতিদিনের জন্য আলাদা পোশাকের পরিকল্পনা তৈরি করে দেবে অ্যাপটি।
এর আগে আলটা ও গুগল ফটোজসহ বেশ কয়েকটি সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পোশাকের ডিজিটাল সংগ্রহ তৈরি এবং নতুন সাজের ধারণা পাওয়ার সুবিধা চালু হয়েছে। এসব সেবার সঙ্গে প্রতিযোগিতায় মেটার বড় সুবিধা হতে পারে ইনস্টাগ্রামের সঙ্গে স্টাইল স্কেচের সংযোগ। কারণ, অনেক ব্যবহারকারীর ব্যক্তিগত পোশাক ও সাজের ছবি আগে থেকেই ইনস্টাগ্রামে রয়েছে।
সাম্প্রতিক সময়ে একের পর এক এআইভিত্তিক অ্যাপ চালু করছে মেটা। গত বুধবার প্রতিষ্ঠানটি ‘ওয়াডল ওয়ার্ল্ড’ নামের এআই পোষা প্রাণীর অ্যাপ উন্মুক্ত করেছে। এ ছাড়া গেম তৈরির অ্যাপ ‘পকেট’ এবং এআই দিয়ে ভিডিও তৈরির অ্যাপ ‘ভাইবস’ চালু করেছে প্রতিষ্ঠানটি।
মেটার এই উদ্যোগের পেছনে রয়েছে আরও বেশি অ্যাপ বাজারে আনার পরিকল্পনা। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এআইয়ের কারণে অ্যাপ তৈরির কাজ দ্রুত ও সহজ হওয়ায় আগের তুলনায় অনেক বেশি অ্যাপ চালুর পরিকল্পনার কথা কর্মীদের জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।