যে কারণে পাসওয়ার্ডের বদলে পাসকি ব্যবহার করবেন

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৭:১৩

যে কারণে পাসওয়ার্ডের বদলে পাসকি ব্যবহার করবেন

অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াতে পাসওয়ার্ডের পরিবর্তে পাসকি ব্যবহারের পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র (এনসিএসসি)। সংস্থাটির মতে, পাসকি ব্যবহার করলে ফিশিংসহ বিভিন্ন ধরনের সাইবার হামলার ঝুঁকি কমানো যায়। যেসব অ্যাপ ও ওয়েবসাইটে পাসকি ব্যবহারের সুযোগ রয়েছে, সেগুলোতে পাসওয়ার্ডের বদলে এই পদ্ধতি বেছে নেওয়া উচিত।

পাসকি হলো পাসওয়ার্ড ছাড়াই অ্যাপ ও ওয়েবসাইটে লগইন করার নিরাপদ পদ্ধতি। এতে আলাদা পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন হয় না। স্মার্টফোনের মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি, আঙুলের ছাপ কিংবা পিন নম্বর ব্যবহার করে পরিচয় নিশ্চিত করেই অ্যাকাউন্টে প্রবেশ করা যায়।

পাসকির অন্যতম সুবিধা হলো, ফিশিংয়ের মাধ্যমে এটি চুরি করা কঠিন। ফিশিং হামলায় প্রতারকেরা ভুয়া ই-মেইল, বার্তা কিংবা ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহারকারীদের কাছ থেকে লগইন তথ্য হাতিয়ে নেয়। এসব তথ্য ব্যবহার করে পরে বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করা হয়। কিন্তু পাসকি প্রচলিত পাসওয়ার্ডের মতো সরাসরি ব্যবহার বা চুরি করা যায় না।

প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা পাসকি তৈরি হয়। ফলে একটি অ্যাকাউন্টের পাসকি দিয়ে অন্য অ্যাকাউন্টে প্রবেশ করা যায় না। কোনো ওয়েবসাইট থেকে তথ্য চুরি হলেও পাসকি ব্যবহারকারীর অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের ঝুঁকি কমায়।

যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের জ্যেষ্ঠ প্রযুক্তিবিশেষজ্ঞ ডেভ চিসমনের মতে, পাসকি প্রযুক্তিগতভাবে জটিল হলেও ব্যবহার করা সহজ। পাসওয়ার্ড মনে রাখা কিংবা দুই ধাপে পরিচয় যাচাইয়ের একাধিক প্রক্রিয়া অনুসরণ করার পরিবর্তে পাসকি দিয়ে দ্রুত অ্যাকাউন্টে প্রবেশ করা যায়।

সূত্র: দ্য গার্ডিয়ান

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন