উইন্ডোজে ফাইল ব্যাকআপ ও পুনরুদ্ধার করবেন যেভাবে

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫:৫৫

উইন্ডোজে ফাইল ব্যাকআপ ও পুনরুদ্ধার করবেন যেভাবে

উইন্ডোজে গুরুত্বপূর্ণ ফাইল স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ রাখা ও প্রয়োজনে ফিরিয়ে আনার সুবিধা রয়েছে, যার নাম ‘ফাইল হিস্ট্রি’। এ সুবিধার মাধ্যমে বাহ্যিক ড্রাইভ বা নেটওয়ার্কে ফাইল সংরক্ষণ করা যায়। ফলে কম্পিউটারের এসএসডি নষ্ট হলে কিংবা নতুন করে উইন্ডোজ ইনস্টল করতে হলেও ব্যাকআপ থেকে প্রয়োজনীয় ফাইল ফিরিয়ে আনা সম্ভব।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পিসিওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, উইন্ডোজে ফাইল হিস্ট্রি সুবিধাটি ডিফল্টভাবে বন্ধ থাকে। এটি চালু করতে প্রথমে কন্ট্রোল প্যানেল খুলে আইকন ভিউ থেকে ‘ফাইল হিস্ট্রি’ নির্বাচন করতে হবে। এরপর বাঁ পাশের ‘সিলেক্ট ড্রাইভ’ অপশনে ক্লিক করে ব্যাকআপ রাখার স্থান নির্ধারণ করতে হবে। বাহ্যিক ড্রাইভে ব্যাকআপ রাখা যাবে। নেটওয়ার্কে সংরক্ষণ করতে চাইলে ‘অ্যাড নেটওয়ার্ক লোকেশন’ নির্বাচন করতে হবে।

ব্যাকআপের স্থান নির্ধারণ করে ‘ওকে’তে ক্লিক করতে হবে। এরপর ফাইল হিস্ট্রির মূল উইন্ডো থেকে ‘রান নাউ’ নির্বাচন করলে ব্যাকআপ শুরু হবে।

ফাইল হিস্ট্রি চালু থাকা সত্ত্বেও কনফিগারেশনজনিত সমস্যায় কাজ না করলে সেটিংসের তথ্য মুছে পুনরায় তৈরি করা যায়। এ জন্য ফাইল এক্সপ্লোরারে গিয়ে C:\Users\[username]\AppData\Local\Microsoft\Windows\FileHistory ঠিকানায় প্রবেশ করতে হবে

এখানে [username]-এর জায়গায় নিজের উইন্ডোজ অ্যাকাউন্টের নাম বসাতে হবে। এরপর ‘ডেটা’ ও ‘কনফিগারেশন’ ফোল্ডার মুছে কম্পিউটার পুনরায় চালু করতে হবে। তবে ‘ফাইল ভার্সন কন্ট্রোল’ চালু থাকলে ‘কনফিগারেশন’ ফোল্ডার মুছে ফেলা যাবে না। এ প্রক্রিয়ায় ব্যাকআপ ড্রাইভে থাকা মূল ব্যাকআপ ফাইল অক্ষত থাকার কথা। ফাইল হিস্ট্রি আবার চালু করলে উইন্ডোজ স্বয়ংক্রিয়ভাবে ফোল্ডার দুটি তৈরি করবে।

ব্যাকআপ থেকে ফাইল ফিরিয়ে আনতে কন্ট্রোল প্যানেল থেকে ‘ফাইল হিস্ট্রি’ খুলে বাঁ পাশের ‘রিস্টোর পার্সোনাল ফাইলস’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ব্যাকআপ রাখা ফোল্ডারগুলোর তালিকা দেখা যাবে। কোনো ফোল্ডারে দুইবার ক্লিক করলে তার ভেতরের ফাইলগুলো দেখা যাবে। প্রয়োজনীয় ফাইল নির্বাচন করে দুইবার ক্লিক করলে সেটি কম্পিউটারের এসএসডিতে কপি হয়ে যাবে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন