শিক্ষার্থীদের তথ্য সুরক্ষায় মাইক্রোসফটকে মানতে হবে ১০ শর্ত

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৩

শিক্ষার্থীদের তথ্য সুরক্ষায় মাইক্রোসফটকে মানতে হবে ১০ শর্ত

শিক্ষার্থী ও শিক্ষকদের তথ্য ব্যবহার করে এআই মডেল প্রশিক্ষণ দিতে পারবে না মাইক্রোসফট। যুক্তরাষ্ট্রের দুই শিক্ষক সংগঠনের সঙ্গে করা আইনগতভাবে বাধ্যতামূলক এক চুক্তিতে শিক্ষার্থীদের নজরদারি এবং মানুষের পর্যালোচনা ছাড়া এআই দিয়ে উচ্চঝুঁকির সিদ্ধান্ত নেওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশনাল এআই সেফটি অ্যান্ড প্রাইভেসি স্ট্যান্ডার্ড নামের এই চুক্তি ৯ সেপ্টেম্বর নিউইয়র্কে ঘোষণা করা হয়। এতে মাইক্রোসফটের ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ, আমেরিকান ফেডারেশন অব টিচার্সের (এএফটি) প্রেসিডেন্ট র‌্যান্ডি ওয়েইনগার্টেন এবং ইউনাইটেড ফেডারেশন অব টিচার্সের (ইউএফটি) প্রেসিডেন্ট মাইকেল মুলগ্রু অংশ নেন।

চুক্তির শর্তগুলো স্থানীয় স্কুল-প্রশাসন মাইক্রোসফটের সঙ্গে নতুন বা বিদ্যমান চুক্তিতে যুক্ত করতে পারবে। শর্ত ভঙ্গ হলে স্থানীয় স্কুল-প্রশাসন চুক্তি বাতিলের পাশাপাশি ক্ষতিপূরণ দাবি করতে পারবে।

শিক্ষার্থীদের তথ্য সুরক্ষায় ১০ শর্ত

চুক্তিতে শিক্ষার্থী ও শিক্ষকদের তথ্য সুরক্ষায় মোট ১০টি বাধ্যতামূলক শর্ত রাখা হয়েছে।

১. এআই প্রশিক্ষণে তথ্য ব্যবহার নয়

শিক্ষার্থী ও শিক্ষকদের তথ্য ব্যবহার করে এআই মডেল প্রশিক্ষণ দিতে পারবে না মাইক্রোসফট।

২. শিক্ষার্থীদের নজরদারি নয়

এআই টুলের মাধ্যমে শিক্ষার্থীদের গতিবিধি ট্র্যাক করা যাবে না।

৩. উচ্চঝুঁকির সিদ্ধান্তে মানুষের পর্যালোচনা

মানুষের পর্যালোচনা ছাড়া এআই দিয়ে উচ্চঝুঁকির সিদ্ধান্ত নেওয়া যাবে না।

৪. তথ্য বিক্রি করা যাবে না

শিক্ষার্থীদের তথ্য বিক্রি করতে পারবে না মাইক্রোসফট।

৫. বিজ্ঞাপনে তথ্য ব্যবহার নয়

শিক্ষার্থীদের তথ্য বিজ্ঞাপনের কাজে ব্যবহার করা যাবে না।

৬. তথ্য সংগ্রহ সীমিত রাখতে হবে

প্রয়োজনের অতিরিক্ত তথ্য সংগ্রহ করতে পারবে না প্রতিষ্ঠানটি।

৭. এআই টুলের কার্যপ্রণালি জানাতে হবে

মাইক্রোসফটের এআই টুল কীভাবে কাজ করে তা সহজ ভাষায় ব্যাখ্যা করতে হবে।

৮. তথ্য ফাঁসের ঘটনা জানাতে হবে

তথ্য ফাঁস হলে ৭২ ঘণ্টার মধ্যে স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে।

৯. নিরাপত্তা ত্রুটি দ্রুত ঠিক করতে হবে

নির্ধারিত সময়সীমার মধ্যে নিরাপত্তা ত্রুটি সমাধান করতে হবে।

১০. নিয়মিত সনদ ও নিরীক্ষা

বার্ষিক সনদ ও নিরীক্ষার ব্যবস্থা রাখতে হবে।

শিক্ষার্থীদের জন্য এআই-ভিত্তিক কম্প্যানিয়ন চ্যাটবট ব্যবহারের সুযোগও রাখা হয়নি। মাইক্রোসফটের ব্র্যাড স্মিথ জানিয়েছেন, আগামী ১ নভেম্বর থেকে প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করা সব স্কুল জেলায় এসব শর্ত কার্যকর হবে।

নিউইয়র্কের চেয়ে আরও কঠোর লস অ্যাঞ্জেলেস

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ২ সেপ্টেম্বর সরকারি স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এক বছরের এআই ব্যবহারে স্থগিতাদেশ ঘোষণা করেন। এর আওতায় প্রায় ৬ লাখ শিক্ষার্থী রয়েছে। সব শ্রেণিতে চ্যাটজিপিটি ও ক্লডের মতো প্রধান এআই টুল এবং এআই কম্প্যানিয়ন চ্যাটবট ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে

অন্যদিকে লস অ্যাঞ্জেলেস ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্ট আরও কঠোর পদক্ষেপ নিয়েছে। চলতি শিক্ষাবর্ষে জেলা-নিয়ন্ত্রিত ডিভাইসে সব শ্রেণির শিক্ষার্থীদের জেনারেটিভ এআই ব্যবহারে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অ্যাকাউন্টে গুগলের এআই মোডও বন্ধ করা হয়েছে।

ওপেনএআই ও অ্যানথ্রপিককেও একই চুক্তির আহ্বান

শিক্ষক সংগঠনগুলো ওপেনএআই ও অ্যানথ্রপিককেও মাইক্রোসফটের মতো এআই নিরাপত্তা ও গোপনীয়তা চুক্তিতে আসার আহ্বান জানিয়েছে। এএফটি প্রেসিডেন্ট র‌্যান্ডি ওয়েইনগার্টেন জানিয়েছেন, প্রতিষ্ঠান দুটি এ ধরনের চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে। অ্যানথ্রপিকও এএফটির সঙ্গে নিরাপত্তা ও গোপনীয়তার মানদণ্ড তৈরিতে কাজ করছে বলে জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের বিদ্যমান আইনগুলো এআই মডেল প্রশিক্ষণের মতো বিষয় পুরোপুরি কাভার করে না। ১৩ বছরের কম বয়সী শিশুদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক হলেও দুই দশকের বেশি পুরোনো এই আইন জেনারেটিভ এআইয়ের বিষয়টি বিবেচনায় নেয়নি। বর্তমানে অন্তত ৩৭টি অঙ্গরাজ্য স্কুলে এআই ব্যবহারের বিষয়ে নির্দেশনা দিয়েছে। তবে স্কুলে এআই শিক্ষা ও ব্যবহারের বিষয়ে এখনো দেশব্যাপী অভিন্ন নীতি নেই।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন