কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আয়ের পথ খুলছে এক্স

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৬

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আয়ের পথ খুলছে এক্স

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভিডিও থেকে ছোট ক্লিপ তৈরি ও প্রকাশের সুবিধা চালু হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা দীর্ঘ ভিডিওর পছন্দের অংশ কেটে আলাদা ক্লিপ হিসেবে প্রকাশ করতে পারবেন। কনটেন্ট ক্রিয়েটরদের আরও বেশি সম্পৃক্ত করা এবং প্ল্যাটফর্মে তাদের কার্যক্রম বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নিয়েছে এক্স।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৮ নভেম্বর) নতুন সুবিধাটির ঘোষণা দিয়েছে এক্স। এটি মূলত ভিডিও সম্পাদনার একটি সাধারণ ব্যবস্থা, যার মাধ্যমে ভিডিওর নির্দিষ্ট অংশ বেছে নিয়ে এক্সেই প্রকাশ করা যাবে।

প্রতিটি ক্লিপে ‘ক্লিপ ফ্রম’ নামে একটি পরিচিতি থাকবে। এতে মূল ভিডিওর সংযোগ যুক্ত থাকবে, ফলে দর্শকেরা সহজেই মূল ভিডিও এবং এর ক্রিয়েটরের অন্যান্য কনটেন্ট দেখতে পারবেন।

এক্সের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যবহারকারীরা যেকোনো ভিডিওর পছন্দের মুহূর্ত বেছে নিয়ে নিজেদের মন্তব্যসহ ক্লিপ প্রকাশ করতে পারবেন। এ জন্য প্ল্যাটফর্ম ছাড়তে হবে না।

নতুন সুবিধায় ক্লিপ প্রকাশকারী এবং মূল ভিডিওর ক্রিয়েটর দুজনই ক্লিপের দর্শকসংখ্যার ভিত্তিতে আয় করতে পারবেন। এ আয় দেওয়া হবে এক্সের ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’ কর্মসূচির আওতায়। তবে এ সুবিধা কেবল যোগ্যতা পূরণকারী ক্রিয়েটরদের জন্য প্রযোজ্য। দর্শকের সম্পৃক্ততার নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে অর্থ দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ ভিডিও থেকে ছোট ক্লিপ তৈরি করে ছড়িয়ে দেওয়ার প্রবণতা বাড়ছে। অনেক প্রভাবশালী ব্যক্তি এ কাজের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠানকে অর্থ দেন। বড় বড় কোম্পানিও বিপণন প্রচারে এসব প্রতিষ্ঠানের সহায়তা নিচ্ছে। রাজনৈতিক প্রচারেও এ কৌশল ব্যবহৃত হচ্ছে।

ভিডিও ও দীর্ঘ লেখা প্রকাশের সুবিধা বাড়িয়ে অন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা করছে এক্স। ২০২২ সালে দীর্ঘ ভিডিও প্রকাশের সুবিধা চালুর পর প্ল্যাটফর্মটিতে এ ধরনের কনটেন্টের জনপ্রিয়তা বেড়েছে। পরে প্রিমিয়াম গ্রাহকদের জন্য দীর্ঘ নিবন্ধ প্রকাশের সুবিধাও চালু করে প্রতিষ্ঠানটি।

চলতি বছরও ক্রিয়েটরদের জন্য নতুন সুবিধা যুক্ত করেছে এক্স। মার্চে ‘এক্সক্লুসিভ থ্রেডস’ চালু করা হয়, যার মাধ্যমে ক্রিয়েটররা থ্রেডের কিছু অংশ শুধু অর্থের বিনিময়ে সাবস্ক্রাইব করা অনুসারীদের জন্য উন্মুক্ত রাখতে পারেন। এ ছাড়া জুলাইয়ে সরাসরি সম্প্রচারের জন্য একটি স্টুডিও চালু করে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে সরাসরি সম্প্রচার করেন এমন ক্রিয়েটরদের জন্য ১০ লাখ মার্কিন ডলারের তহবিল বরাদ্দের ঘোষণা দেয়।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন