এক দশক পর গুগল প্লেতে ফিরেছে অ্যাপ স্টোর ‘অ্যাপটোইড’

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১২:৩৮

এক দশক পর গুগল প্লেতে ফিরেছে অ্যাপ স্টোর ‘অ্যাপটোইড’

এক দশকের বেশি সময় পর যুক্তরাষ্ট্রে গুগল প্লেতে ফিরেছে পর্তুগালভিত্তিক অ্যাপ স্টোর ‘অ্যাপটোইড’। সোমবার (১০ আগস্ট) প্রতিষ্ঠানটি তাদের গেমস স্টোর গুগল প্লেতে যুক্ত করেছে। গুগলের অ্যাপ বাজারে প্রতিযোগিতা বাড়াতে বিধিনিষেধ শিথিল হওয়ার পর এই সুযোগ পেয়েছে অ্যাপটোইড।

যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এখন গুগল প্লে থেকেই গুগলের বিকল্প অ্যাপ স্টোর সরাসরি ইনস্টল করতে পারবেন। অ্যান্ড্রয়েড অ্যাপ বাজারে প্রতিযোগিতা বাড়ানোর ক্ষেত্রে এটিকে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

গুগল প্লের বাইরে বড় অ্যান্ড্রয়েড অ্যাপ বাজারগুলোর একটি অ্যাপটোইড। প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্মে ৪০ হাজারের বেশি অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে। মাসে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২ কোটি ৫০ লাখ। যুক্তরাষ্ট্র এত দিন অ্যাপটোইডের সবচেয়ে বড় বাজার হলেও সেখানে ব্যবহারকারীদের আলাদাভাবে অ্যাপ স্টোরটি ইনস্টল করতে হতো।

এ পরিস্থিতির পরিবর্তন এসেছে এপিক গেমসের করা মামলায় মার্কিন জেলা বিচারক জেমস ডোনাটোর দেওয়া রায়ের পর। রায়ের অংশ হিসেবে গুগলকে প্লে স্টোরের বাইরে থেকে তৃতীয় পক্ষের অ্যাপ ইনস্টলের সুযোগ দিতে বলা হয়।

২২ জুন ২০২৬ থেকে গুগল ‘প্লে ক্যাটালগ অ্যাকসেস প্রোগ্রাম’ চালু করে। এর মাধ্যমে বিকল্প অ্যাপ স্টোরগুলো গুগল প্লের অ্যাপ ক্যাটালগ ও নির্দিষ্ট অবকাঠামো ব্যবহারের সুযোগ পাচ্ছে। তবে এসব স্টোর নিজেদের স্বাধীন পরিচয় বজায় রাখতে পারছে।

অ্যান্ড্রয়েড অ্যাপ বাজারে গুগলের আধিপত্য নিয়ে এপিক গেমস ২০২০ সালে মামলা করেছিল। ২০২৩ সালে জুরি গুগলের বিরুদ্ধে রায় দেয়। পরে গুগল আপিল করলেও ২০২৫ সালে সেই আপিল খারিজ হয়

চলতি বছরের মার্চে গুগল জানায়, প্লে স্টোরের কমিশন কমানোর পাশাপাশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের বিকল্প অ্যাপ স্টোর ইনস্টলের প্রক্রিয়া সহজ করবে। অ্যাপটোইডের গুগল প্লেতে ফেরা সেই পরিবর্তনেরই প্রথম বড় উদাহরণ।

সূত্র : টেকক্রাঞ্চ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন