কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন আয় মডেল আনছে এক্স

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ৯ আগস্ট ২০২৬, ১৭:০১

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন আয় মডেল আনছে এক্স
ছবি: দ্য ভার্জ

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স কনটেন্ট নির্মাতাদের জন্য চালু থাকা বিতর্কিত রাজস্ব ভাগাভাগি কর্মসূচি বন্ধ করছে। এর পরিবর্তে ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’ নামে নতুন একটি কর্মসূচি চালু করা হবে আগামী ৮ সেপ্টেম্বর থেকে।

নতুন এই কর্মসূচিতে অংশ নিতে হলে নির্মাতাদের অন্তত ৫০০টি যাচাইকৃত অনুসারী থাকতে হবে। পাশাপাশি গত ৯০ দিনে যাচাইকৃত ব্যবহারকারীদের কাছ থেকে কমপক্ষে ৫ লাখ টাইমলাইন ভিউ থাকতে হবে, এমন শর্তও রাখা হয়েছে।

এ কর্মসূচির আওতায় নির্মাতারা তাদের মৌলিক কনটেন্টে পাওয়া ‘যোগ্য ভিউ’-এর ভিত্তিতে আয় করতে পারবেন। এখানে যোগ্য ভিউ বলতে প্রিমিয়াম ব্যবহারকারীদের এমন ভিউ বোঝানো হয়েছে, যেখানে পোস্টের অন্তত ৫০ শতাংশ দৃশ্যমান থাকে।

এক্স জানিয়েছে, মৌলিক কনটেন্টের মধ্যে থাকবে নিজস্ব প্রতিবেদন, বিশ্লেষণ, ব্যবহারকারীর তোলা ছবি ও ভিডিও, তৈরি করা গ্রাফিকস বা ইলাস্ট্রেশন, এমনকি মিমও। তবে মন্তব্য বা প্রতিক্রিয়াধর্মী পোস্টও অন্তর্ভুক্ত হবে, যদি তাতে অর্থবহ কিছু সংযোজন থাকে।

প্রতিষ্ঠানটির ভাষ্য, নতুন এই কর্মসূচির লক্ষ্য হলো ক্লিকবেইট বা ফাঁকফোকর ব্যবহার করে আয় করার প্রবণতা কমানো। অন্যের কনটেন্ট পুনর্ব্যবহার বা শুধু মন্তব্য করে আয় করা এই ব্যবস্থায় কার্যকর হবে না।

এক্সের নির্মাতাবিষয়ক পণ্য ব্যবস্থাপক অ্যালেগ্রা জাক্কিয়া বলেন, এই উদ্যোগের মাধ্যমে এমন নির্মাতাদের পুরস্কৃত করা হবে, যারা নতুন ধারণা, দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে আলাদা অবদান রাখছেন।

বর্তমান রাজস্ব ভাগাভাগি কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আগের নিয়মে আয় করতে পারবেন। এরপর থেকে নতুন নীতিই কার্যকর হবে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন