অ্যাপলের সাফল্যের পেছনে যে বিপণন দর্শন দিয়েছিলেন স্টিভ জবস

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ৯ আগস্ট ২০২৬, ১৫:৫৩

অ্যাপলের সাফল্যের পেছনে যে বিপণন দর্শন দিয়েছিলেন স্টিভ জবস
ছবি: টাইমস অব ইন্ডিয়া

১৯৯৭ সালে অ্যাপলে ফিরে এসে প্রতিষ্ঠানটির পণ্য ঠিক করার পাশাপাশি ব্র্যান্ডের ভাবমূর্তি নতুন করে গড়ে তোলাকে গুরুত্ব দিয়েছিলেন সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস। প্রতিষ্ঠান থেকে তাকে সরিয়ে দেওয়ার ১১ বছর পর ফিরে এসে কর্মীদের এক সভায় বিশ্বের অন্যতম সফল বিপণন কৌশলের উদাহরণ হিসেবে নাইকির কথা তুলে ধরেন তিনি।

স্টিভ জবসের মতে, নাইকি জুতা বিক্রি করলেও মানুষ প্রতিষ্ঠানটিকে শুধু জুতার সঙ্গে যুক্ত করে না। বরং নাইকির সঙ্গে আরও বড় কিছু অনুভূতি জড়িয়ে আছে। তিনি মনে করতেন, অ্যাপলেরও পণ্যের বৈশিষ্ট্যের পরিবর্তে প্রতিষ্ঠানটি কী ধারণা ও মূল্যবোধের প্রতিনিধিত্ব করে, সেটি মানুষের কাছে তুলে ধরা উচিত।

অ্যাপলের কর্মীদের উদ্দেশে জবস বলেন, তিনি প্রতিষ্ঠান থেকে দূরে থাকার সময়ে অ্যাপলের ব্র্যান্ড দুর্বল হয়ে পড়েছিল এবং সেটি আবার শক্তিশালী করা প্রয়োজন। তাঁর মতে, অবহেলার কারণে অ্যাপলের ব্র্যান্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এরপর তিনি নাইকির বিপণন কৌশলের প্রশংসা করেন। তার মতে, নাইকি সাধারণ পণ্য, অর্থাৎ জুতা বিক্রি করে। কিন্তু প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনে জুতার বৈশিষ্ট্য বা প্রযুক্তিগত সুবিধা নিয়ে আলোচনা করা হয় না। বরং বিখ্যাত ক্রীড়াবিদ ও ক্রীড়াক্ষেত্রের সাফল্যকে গুরুত্ব দেওয়া হয়।

স্টিভ জবস বলেন, নাইকি তাদের পণ্যের বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করে না। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের জুতার তুলনায় তাদের জুতার প্রযুক্তি কেন ভালো, সেটিও তুলে ধরে না। বরং তারা সফল ক্রীড়াবিদ ও ক্রীড়ার সাফল্যকে সম্মান জানায়। এটাই নাইকির পরিচয় এবং তারা কী নিয়ে কাজ করে, সেটিও এর মাধ্যমে প্রকাশ পায়।

স্টিভ জবস মনে করতেন, অ্যাপলেরও একই ধরনের কৌশল অনুসরণ করা উচিত। তার মতে, শুধু প্রসেসরের গতি, প্রযুক্তিগত সক্ষমতা কিংবা উইন্ডোজের তুলনায় অ্যাপল কেন ভালো, এসব নিয়ে প্রচার না করে প্রতিষ্ঠানটি কী ধারণা ও মূল্যবোধের প্রতিনিধিত্ব করে, সেটি মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন।

জবসের সেই চিন্তাভাবনাই পরে অ্যাপলের বিখ্যাত ‘থিংক ডিফারেন্ট’ প্রচারণার ভিত্তি তৈরি করে। ওই প্রচারণায় আলবার্ট আইনস্টাইন, মার্টিন লুথার কিং জুনিয়র ও জন লেননের মতো ব্যক্তিত্বদের তুলে ধরা হয়েছিল। সেখানে কম্পিউটারের প্রযুক্তিগত বৈশিষ্ট্যের পরিবর্তে সৃজনশীলতা, উদ্ভাবন এবং মানুষের ভিন্নভাবে চিন্তা করার ক্ষমতাকে গুরুত্ব দেওয়া হয়।

স্টিভ জবসের এই বিপণন দর্শন পরবর্তী সময়ে অ্যাপলের ব্র্যান্ড পরিচয় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার দৃষ্টিতে, একটি প্রতিষ্ঠান শুধু পণ্য বিক্রি করে না, বরং মানুষের কাছে একটি ধারণা, অনুভূতি ও মূল্যবোধও তুলে ধরে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন