ডাব্লিউডাব্লিউডিসি ২০২৬

অ্যাপলের ডিভাইস ইকোসিস্টেমে যুক্ত হচ্ছে আরও স্মার্ট অভিজ্ঞতা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ১১:৫৯

অ্যাপলের ডিভাইস ইকোসিস্টেমে যুক্ত হচ্ছে আরও স্মার্ট অভিজ্ঞতা
ছবি : এনগ্যাজেট

অ্যাপল তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলন ডাব্লিউডাব্লিউডিসি ২০২৬-এ নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার আপডেট ও বিভিন্ন ডিভাইস প্ল্যাটফর্মে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে। নতুন এই হালনাগাদে আইফোন, আইপ্যাড, ম্যাকসহ পুরো ডিভাইস ইকোসিস্টেম আরও স্মার্ট ও স্বয়ংক্রিয় অভিজ্ঞতায় রূপ নেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এবারের সম্মেলনটি বিশেষভাবে আলোচনায় এসেছে, কারণ এটি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে টিম কুক -এর শেষ ডব্লিউডব্লিউডিসি। আগামী ১ সেপ্টেম্বর তিনি দায়িত্ব হস্তান্তর করবেন হার্ডওয়্যার বিভাগের প্রধান জন টার্নাস-এর কাছে।

এআই নির্ভর নতুন অভিজ্ঞতা

অ্যাপল জানিয়েছে, নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা ব্যবহারকারীর দৈনন্দিন কাজ আরও সহজ করবে। এটি ছবি সাজানো, বার্তার উত্তর তৈরি, ক্যালেন্ডারে সময়সূচি যোগ করা, নথি বিশ্লেষণ এবং বিভিন্ন তথ্য দ্রুত খুঁজে বের করার মতো কাজ করতে পারবে।

এই এআই ব্যবস্থা ব্যবহারকারীর আচরণ বুঝে স্বয়ংক্রিয়ভাবে পরামর্শ ও কাজ সম্পন্ন করতে সক্ষম হবে। আইফোন, আইপ্যাড, ম্যাকসহ সব প্রধান ডিভাইসে এটি একসঙ্গে কাজ করবে।

অ্যাপ ও ব্যবহারে স্মার্ট সুবিধা

নতুন আপডেটে ওয়েব ব্রাউজিং আরও বুদ্ধিমান হয়ে উঠবে। ওয়েবসাইট স্বয়ংক্রিয়ভাবে বিষয়ভিত্তিকভাবে সাজানো যাবে এবং কোনো পরিবর্তন হলে ব্যবহারকারীকে জানানো হবে। পাসওয়ার্ড ব্যবস্থাও আরও নিরাপদ ও স্বয়ংক্রিয় হবে।

বার্তা ও ই-মেইল ব্যবস্থায় ব্যবহারকারীর লেখার ধরন অনুযায়ী স্বয়ংক্রিয় উত্তর তৈরি করার সুবিধা যুক্ত হচ্ছে। একই সঙ্গে ক্যালেন্ডারে নির্দেশ দিলেই নতুন ইভেন্ট যোগ করা যাবে

নকশা ও কর্মক্ষমতায় পরিবর্তন

অ্যাপল তাদের আগের ‘লিকুইড গ্লাস’ নকশায় পরিবর্তন এনে ব্যবহারকারীদের স্বচ্ছতার মাত্রা নিয়ন্ত্রণের সুযোগ দিচ্ছে। ফলে ইন্টারফেস আরও ব্যক্তিগতভাবে কাস্টমাইজ করা যাবে।

কর্মক্ষমতার ক্ষেত্রেও বড় উন্নতির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যাপ চালু হওয়া, ফাইল লোড হওয়া এবং বিভিন্ন কাজ আগের তুলনায় দ্রুত হবে বলে জানানো হয়েছে। পুরোনো ডিভাইসেও গতি বাড়বে বলে দাবি অ্যাপলের।

শিশু নিরাপত্তায় নতুন উদ্যোগ

নতুন আপডেটে শিশুদের নিরাপত্তা ও অভিভাবক নিয়ন্ত্রণ ফিচারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ১৩ বছরের কম বয়সীদের জন্য শিশু অ্যাকাউন্ট বাধ্যতামূলক থাকবে, যা ১৮ বছর পর্যন্ত ব্যবহার করা যাবে।

অভিভাবকেরা সন্তানের অ্যাপ, ওয়েবসাইট ও যোগাযোগ ব্যবস্থার ওপর আরও নিয়ন্ত্রণ পাবেন। পাশাপাশি ডিভাইস ব্যবহারের বিস্তারিত তথ্য পর্যবেক্ষণের সুযোগও থাকবে।

কবে পাওয়া যাবে

ডেভেলপারদের জন্য নতুন অপারেটিং সিস্টেমের পরীক্ষামূলক সংস্করণ ইতোমধ্যে উন্মুক্ত করা হয়েছে। সাধারণ ব্যবহারকারীরা চলতি বছরের শেষ দিকে এই আপডেটগুলো পাবেন

তবে ইউরোপীয় অঞ্চলে শুরুতে কিছু এআই ফিচার সীমিত থাকতে পারে বলে জানিয়েছে অ্যাপল।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন