স্পেসএক্সের পর অ্যানথ্রপিকের আইপিও নিয়েও ব্যাংকারদের অসন্তোষ
স্পেসএক্সের পর এবার অ্যানথ্রপিকের শেয়ারবাজারে প্রবেশের প্রক্রিয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যাংকার ও আইনজীবীরা। অস্বাভাবিক বিধিনিষেধ, শেষ মুহূর্তে নথি পরিবর্তন এবং সময়ের চাপের কারণে প্রতিষ্ঠানটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়া জটিল হয়ে ওঠে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যানথ্রপিকের আইপিওর নাম দেওয়া হয়েছিল ‘প্রজেক্ট ল্যান্টার্ন’। গত বৃহস্পতিবার সম্পন্ন হওয়া এ আইপিও থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলো ৫০ কোটি মার্কিন ডলারের বেশি মাশুল পেয়েছে। তবে ২২টি আন্ডাররাইটার ব্যাংকের কয়েকটিকে চুক্তির কাজে সর্বোচ্চ চারজন ব্যাংকার নিয়োগের নির্দেশ দিয়েছিল অ্যানথ্রপিক। তাদের মধ্যে জ্যেষ্ঠ কর্মকর্তাদের রাখার শর্তও দেওয়া হয়।
এ ছাড়া আইপিওতে কাজ করা কয়েকটি ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তাকে ছয় মাসের জন্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ না করার চুক্তিতে সই করতে বলা হয়। এই নিষেধাজ্ঞার আওতায় ছিল ওপেনএআই, কার্সর, ডিপসিক ও হাগিং ফেস। ব্যাংকারদের মতে, ব্যক্তিগত কর্মকর্তাদের ওপর এ ধরনের বিস্তৃত নিষেধাজ্ঞা আইপিওর ক্ষেত্রে বিরল।
তথ্য ফাঁস ঠেকাতেও কঠোর ব্যবস্থা নিয়েছিল অ্যানথ্রপিক। সাধারণ পিডিএফ নথির পরিবর্তে অধিকাংশ ব্যাংককে নেটরোডশো নামের একটি ব্যবস্থার মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়। এতে কে কখন নথি দেখেছেন এবং কোন পৃষ্ঠা খুলেছেন, তা শনাক্ত করা যায়। নথিতে সংশ্লিষ্ট ব্যাংকারের নামও জলছাপ হিসেবে যুক্ত ছিল। তবে এ ব্যবস্থায় নথি সংরক্ষণ করা না যাওয়ায় ব্যাংকারদের কাজ জটিল হয়ে পড়ে।
আইপিওর নথি অনুমোদন নিয়েও তৈরি হয় তাড়াহুড়া। ১০ নভেম্বর যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) হালনাগাদ নথি জমা দেওয়ার পরিকল্পনা ছিল অ্যানথ্রপিকের। কিন্তু আগের রাতে শেয়ার বিক্রির তথ্যসংক্রান্ত একটি নথিতে ভুল মূল্যসীমা ও শেয়ারের বিবরণ পাঠানো হয়। পরে সেটি উপেক্ষা করতে বলে সংশোধিত নথি পাঠায় সংশ্লিষ্ট আইনজীবী প্রতিষ্ঠান।
সংশোধিত নথিটি নিউইয়র্ক সময় রাত প্রায় ২টার দিকে নেটরোডশোর মাধ্যমে ব্যাংকগুলোকে দেওয়া হয়। এসইসিতে জমা দেওয়ার আগে অনুমোদনের জন্য ব্যাংকগুলোকে মাত্র কয়েক ঘণ্টা সময় দেওয়া হয়েছিল।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছর স্পেসএক্সের আইপিওতেও একই ধরনের অসন্তোষ দেখা গিয়েছিল। ইলন মাস্কের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটি পুরো প্রক্রিয়ায় কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছিল। ব্যাংকগুলোকে শেয়ার বিপণনের পদ্ধতি, সম্ভাব্য বিনিয়োগকারী এবং নির্দিষ্ট পরিমাণ শেয়ার বিক্রির লক্ষ্যও বেঁধে দেওয়া হয়েছিল।
বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ঘিরে বিনিয়োগকারীদের বিপুল আগ্রহ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে বাড়তি দর-কষাকষির ক্ষমতা দিয়েছে। ফলে আইপিও পরিচালনাকারী ব্যাংকগুলোকে অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানের শর্ত মেনেই কাজ করতে হচ্ছে।
তবে বাজারে তালিকাভুক্তির পর দুই প্রতিষ্ঠানের শেয়ারের গতিপথ এক হয়নি। স্পেসএক্সের শেয়ার ১৬ জুন ২০১ দশমিক ৮০ মার্কিন ডলারে ওঠার পর জুলাইয়ের মাঝামাঝি আইপিওর ১৩৫ ডলারের ইস্যু মূল্যের নিচে নেমে যায়। অন্যদিকে, প্রথম দিন ১৭ শতাংশ বাড়লেও গত শুক্রবার অ্যানথ্রপিকের শেয়ারের দাম ৮ দশমিক ৫ শতাংশ কমেছে।