সিডির জনপ্রিয়তা ফেরাতে বাজারে নতুন ১০ সিডি প্লেয়ার

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৩

সিডির জনপ্রিয়তা ফেরাতে বাজারে নতুন ১০ সিডি প্লেয়ার

গান শোনার জনপ্রিয় মাধ্যম হিসেবে স্ট্রিমিং সেবার বিস্তার ঘটলেও সিডির আবেদন এখনো ফুরিয়ে যায়নি। বরং পুরোনো অ্যালবামের সংগ্রহ নতুন করে সাজানো কিংবা উন্নত শব্দের অভিজ্ঞতা পেতে অনেকেই ফিরছেন কমপ্যাক্ট ডিস্কে (সিডি)। এ আগ্রহের কথা মাথায় রেখে ঘরে ব্যবহারের উপযোগী নতুন ১০টি সিডি প্লেয়ারের তালিকা প্রকাশ করেছে ডিজাইন ও লাইফস্টাইলবিষয়ক সাময়িকী ওয়ালপেপার।

তালিকায় রয়েছে সাধারণ সিডি প্লেয়ার থেকে শুরু করে একাধিক সুবিধাসম্পন্ন সংগীতযন্ত্র। কিছু মডেলে সিডি চালানোর পাশাপাশি ডিজিটাল-টু-অ্যানালগ রূপান্তরক, হেডফোন অ্যামপ্লিফায়ার ও ওয়্যারলেস সংযোগের সুবিধাও রয়েছে।

১. আরকাম সিডি২৫ (Arcam CD25)

আরকামের নতুন শীর্ষ মডেল সিডি২৫। চার দশকের ডিজিটাল অডিও প্রযুক্তির অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৈরি এই প্লেয়ারে রয়েছে দুটি ডিজিটাল-টু-অ্যানালগ রূপান্তরক, যা আলাদাভাবে বাম ও ডান চ্যানেলের শব্দ প্রক্রিয়াকরণ করে। কালো রঙের সামনের অংশে ডিসপ্লে এবং গোলাকার প্রান্তের নকশা রয়েছে। এর দাম ১ হাজার ৪৯৯ পাউন্ড।

২. কোয়াড ৩সিডিট (Quad 3CDT)

ব্রিটিশ অডিও নির্মাতা কোয়াডের ৩সিডিট মডেলটি এখন সাটিন কালো রঙে পাওয়া যাচ্ছে। সবুজ আলোকসজ্জার ডিসপ্লে এতে যোগ করেছে ধ্রুপদি আবহ। এটি মূলত সিডি ট্রান্সপোর্ট, এতে নিজস্ব অ্যামপ্লিফায়ার নেই। সাধারণ সিডির পাশাপাশি সিডি-আর, সিডি-আরডব্লিউ এবং ডেটা সিডি চালানো যায়। এ ছাড়া এফএলএসি, ওয়েভ, ডব্লিউএমএ ও এমপিথ্রি অডিও ফাইল সমর্থন করে। দাম ৫৯৯ পাউন্ড।

৩. মিউজিক্যাল ফিডেলিটি বি১এক্সসিডি (Musical Fidelity B1xcd)

মিউজিক্যাল ফিডেলিটির বি-লাইন সিরিজের নতুন মডেল বি১এক্সসিডি। বাড়তি সুবিধার পরিবর্তে সরল নকশা ও সিডি চালানোর মূল কাজেই গুরুত্ব দেওয়া হয়েছে এতে। সামনের দিক থেকে সিডি প্রবেশ করানোর ব্যবস্থা, এলসিডি ডিসপ্লে এবং অ্যানালগ ও ডিজিটাল আউটপুট রয়েছে। দাম ৫৪৯ পাউন্ড।

৪. এনএডি সি৫৬৯ (NAD C 569)

এনএডির ক্ল্যাসিক সিরিজের নতুন সংযোজন সি৫৬৯। প্রতিষ্ঠানটির সি৩৫৯এস স্ট্রিমিং অ্যামপ্লিফায়ারের সঙ্গে ব্যবহার করে ঘরের জন্য সহজ ও কার্যকর অডিও ব্যবস্থা তৈরি করা যাবে। এতে রয়েছে বোতামনির্ভর নিয়ন্ত্রণব্যবস্থা, ছোট আকারের ডিসপ্লে এবং সাদামাটা নকশা। দাম ৭৪৯ পাউন্ড।

৫. ফিটজউইলিয়াম কানেক্ট অ্যাম্প প্লাস সিডি ( Fitzwilliam Connect Amp + CD)

ঘরে জায়গা কম থাকলে মেজরিটি অডিওর এই মডেলটি বিবেচনায় রাখা যেতে পারে। প্রচলিত হাই-ফাই যন্ত্রের মতো নকশার হলেও এতে রয়েছে ২০০ ওয়াটের টেক্সাস ইনস্ট্রুমেন্টস অ্যামপ্লিফায়ার। পাশাপাশি সিডি চালানোর ব্যবস্থা, ডিএবি ও ডিএবি প্লাস, এফএম রেডিও এবং ইউএসবি সংযোগও রয়েছে। দাম ২২৯ দশমিক ৯৫ পাউন্ড।

৬. ফিও ডিপি১১ (FiiO DP11 CD)

ফিওর ডিপি১১ ছোট আকারের ডেস্কটপ সিডি প্লেয়ার। রুপালি রঙের এই যন্ত্রে সরাসরি হেডফোন সংযোগ করে গান শোনা যায়। পাশাপাশি ইউএসবি-সি সংযোগের মাধ্যমে সিডির গান সরাসরি পেনড্রাইভে সংরক্ষণ করা সম্ভব। দাম ২০৯ দশমিক ৯৯ পাউন্ড।

৭. ইভারসোলো ডিএমপি-এ৮ মাস্টার জেন ২ (Eversolo DMP-A8 Master Gen 2)

ইভারসোলোর এই মডেলটি কেবল সিডি প্লেয়ার নয়, একাধিক সুবিধাসম্পন্ন সংগীতযন্ত্র। এতে রয়েছে নেটওয়ার্ক মিউজিক প্লেয়ার, উচ্চ রেজল্যুশনের ডিজিটাল-টু-অ্যানালগ রূপান্তরক এবং অ্যানালগ প্রিঅ্যামপ্লিফায়ার। ওপর থেকে সিডি প্রবেশ করানোর ব্যবস্থা এবং ৮ দশমিক ৬ ইঞ্চির স্পর্শনির্ভর ডিসপ্লেতে অ্যালবামের তথ্য দেখা যায়। কিউবুজ কানেক্ট, টাইডাল কানেক্ট ও স্পটিফাই কানেক্ট সমর্থন করে এটি। গান সংরক্ষণের জন্য অভ্যন্তরীণ এসএসডিও যুক্ত করা যাবে। দাম ২ হাজার ৪৮৯ পাউন্ড।

৮. মারান্টজ সিডি৭০ (Marantz CD 70)

মারান্টজের সিডি৭০ মডেলটি মডেল ৭০ ইন্টিগ্রেটেড অ্যামপ্লিফায়ারের সঙ্গে বাজারে এসেছে। এতে রয়েছে নিজস্ব হেডফোন অ্যামপ্লিফায়ার এবং ইউএসবি থেকে অডিও ফাইল চালানোর সুবিধা। কালো এবং রুপালি-সোনালি, দুই ধরনের রঙে পাওয়া যাচ্ছে এটি। দাম ৪৯৯ পাউন্ড।

৯. শ্যানলিং সিডি-এস১০০ (Shanling CD-S100)

চীনা অডিও নির্মাতা শ্যানলিংয়ের সিডি-এস১০০ সাধারণ সিডি প্লেয়ারের পাশাপাশি ডিজিটাল-টু-অ্যানালগ রূপান্তরক হিসেবেও কাজ করে। ফোন ও কম্পিউটারের সঙ্গে সংযোগ করে গান শোনা যায়। ব্লুটুথ, ওয়াই-ফাই ও ইউএসবি সংযোগের মাধ্যমে এতে গান গ্রহণ ও পাঠানোর সুবিধা রয়েছে। কালো ও রুপালি রঙে পাওয়া যাচ্ছে মডেলটি। দাম ৫৮৯ পাউন্ড।

১০. লাক্সম্যান ডি-১০০ সেন্টেনিয়াল (Luxman D-100 Centennial)

জাপানি নির্মাতা লাক্সম্যানের শতবর্ষ পূর্তি উপলক্ষে তৈরি ডি-১০০ সেন্টেনিয়াল তালিকার সবচেয়ে দামি মডেল। ২৫ কেজির বেশি ওজনের এই প্লেয়ার তৈরিতে মোটা অ্যালুমিনিয়াম ও স্টিল ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে হাতে তৈরি সার্কিট এবং উচ্চ রেজল্যুশনের ওএলইডি ডিসপ্লে। নির্মাণমান, স্থায়িত্ব ও যন্ত্রাংশের গুণগত মানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দাম ১৫ হাজার ৯৯৯ পাউন্ড।