এআইয়ের অগ্রগতি নিয়ন্ত্রণে অভিন্ন মানদণ্ড চান পাচোকি

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৯

এআইয়ের অগ্রগতি নিয়ন্ত্রণে অভিন্ন মানদণ্ড চান পাচোকি

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নয়নের গতি নিয়ন্ত্রণে অভিন্ন মানদণ্ড হিসেবে ‘পারপ্লেক্সিটি’ ব্যবহারের প্রস্তাব দিয়েছেন ওপেনএআইয়ের প্রধান বিজ্ঞানী জ্যাকুব পাচোকি। তার মতে, এ পরিমাপের ভিত্তিতে এআই মডেলের অগ্রগতি যাচাই এবং উন্নয়নের একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করা সম্ভব।

টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রকাশিত এক ব্লগ পোস্টে পাচোকি পারপ্লেক্সিটিকে এআইয়ের অগ্রগতি পরিমাপের কার্যকর উপায় হিসেবে তুলে ধরেছেন। এটি একটি মডেল গড়ে পরবর্তী টোকেন কতটা নির্ভুলভাবে অনুমান করতে পারে, তা পরিমাপ করে। মান যত কম, মডেলের পূর্বাভাস দেওয়ার সক্ষমতা তত ভালো।

এআইয়ের দ্রুত উন্নয়ন নিয়ন্ত্রণের আলোচনা জোরালো হয়েছে সাম্প্রতিক সময়ে। এর আগে ওপেনএআই ও অ্যানথ্রপিকের এক সাবেক গবেষক প্রতিষ্ঠান দুটিকে এআইয়ের স্বউন্নয়ন নিয়ে ‘জীবন নিয়ে জুয়া খেলার’ অভিযোগ করেন। অ্যানথ্রপিকের শেয়ারবাজারে তালিকাভুক্তির আবেদনেও এ প্রযুক্তির কারণে সমাজে বিপর্যয়কর বা অস্তিত্বসংকটের ঝুঁকির কথা উল্লেখ করা হয়।

এরপর অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই এআইয়ের উন্নয়নের গতি নিয়ন্ত্রণে একটি পরিকল্পনা প্রকাশ করেন। এতে এআই প্রতিষ্ঠানগুলোর মধ্যে অভিন্ন নিরাপত্তামান এবং নিয়ন্ত্রণহীন অগ্রগতির গতি সীমিত করার বিষয়ে সমঝোতার প্রস্তাব দেওয়া হয়।

পাচোকির মতে, এআইয়ের সক্ষমতা যাচাইয়ের প্রচলিত পরীক্ষাগুলো প্রযুক্তির দ্রুত অগ্রগতির কারণে কার্যকারিতা হারাচ্ছে। তবে পারপ্লেক্সিটি এখনো মডেলের অগ্রগতি বোঝার ক্ষেত্রে কার্যকর তথ্য দিচ্ছে।

ব্লগ পোস্টে ওপেনএআইয়ের বিভিন্ন মডেলের পারপ্লেক্সিটির পরিবর্তন তুলে ধরে একটি লেখচিত্রও প্রকাশ করেছেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, জিপিটি-৪-এর পারপ্লেক্সিটি প্রায় শূন্য দশমিক ৯১ থাকার সময় মডেলটি যুক্তিনির্ভর বিশ্লেষণ কার্যকরভাবে কাজে লাগাতে সক্ষম হয়। পরে পারপ্লেক্সিটির মান শূন্য দশমিক ৮-এর নিচে নামলে সাইবার নিরাপত্তা ও গণিতের মতো ক্ষেত্রে এআইয়ের নতুন সক্ষমতা দেখা যায়।

পাচোকির প্রস্তাব, পারপ্লেক্সিটিকে সাধারণ বুদ্ধিমত্তার অগ্রগতি যাচাইয়ের অভিন্ন মানদণ্ড হিসেবে ব্যবহার করতে পারে এআই প্রতিষ্ঠানগুলো। এ ক্ষেত্রে নির্ধারিত সীমা অতিক্রম না করার বিষয়ে প্রতিষ্ঠানগুলো সম্মত হতে পারে। তবে তার আগে এআইয়ের আচরণ বোঝা ও পর্যবেক্ষণের সক্ষমতায় সুনির্দিষ্ট অগ্রগতি অর্জন করতে হবে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন