দেশের বাজারে ৮১০০ এমএএইচ ব্যাটারির নতুন ৫জি স্মার্টফোন
দেশের বাজারে ৫জি স্মার্টফোন উন্মোচন করেছে অনার বাংলাদেশ। এতে রয়েছে ৮ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, স্ন্যাপড্রাগন ৪ জেন ৪ প্রসেসর এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) বিভিন্ন সুবিধা। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে স্মার্টফোনটির পাশাপাশি প্রতিষ্ঠানের নতুন ব্র্যান্ড সংগীতও প্রকাশ করা হয়।
নতুন অনার ৬০০এস স্মার্টফোনটিতে রয়েছে বিশেষ এআই বাটন, যার মাধ্যমে সহজেই বিভিন্ন এআই সুবিধা ব্যবহার করা যাবে। এর মধ্যে উল্লেখযোগ্য এআই ইমেজ টু ভিডিও ২.০। এ সুবিধায় কথার মাধ্যমে নির্দেশনা দিয়ে ছোট ভিডিও তৈরি ও সম্পাদনা করা সম্ভব।
অনুষ্ঠানে অনার বাংলাদেশের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন এবং ডিরেক্টর ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অভিনেত্রী তমা মির্জা ও কেয়া পায়েল। সংগীত পরিবেশন করেন জেফার, মাশা ও ফিরোজ জং।
অনুষ্ঠানে তরুণদের সৃজনশীল কাজে এআই ব্যবহারে উৎসাহিত করতে আয়োজিত ‘এআই ক্রিয়েটরস ডেন’ প্রচারাভিযানের তিন বিজয়ীর নামও ঘোষণা করা হয়। এ প্রসঙ্গে সৈয়দ মো. বদরুল আরেফিন বলেন, প্রযুক্তি মানুষের ভাবনা ও সৃজনশীলতা প্রকাশের নতুন পথ তৈরি করে। এ প্রচারাভিযানের মাধ্যমে তরুণদের এআই প্রযুক্তি নিয়ে কাজ করার পাশাপাশি নিজেদের ধারণা বাস্তবায়নের সুযোগ তৈরি করা হয়েছে।
স্মার্টফোনটিতে রয়েছে ৮ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা। প্রতিষ্ঠানটির দাবি, একবার পূর্ণ চার্জে এতে টানা ২১ ঘণ্টার বেশি ভিডিও দেখা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাবে। ভারী গেম খেলা যাবে ১৫ ঘণ্টার বেশি।
পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ৪ প্রসেসর। সঙ্গে রয়েছে ৮ জিবি র্যাম এবং অতিরিক্ত ১৬ জিবি র্যাম সম্প্রসারণের সুবিধা।
স্থায়িত্বের দিক থেকেও ফোনটিতে গুরুত্ব দিয়েছে অনার। এতে রয়েছে আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে সুরক্ষা মান। এসজিএসের সনদ অনুযায়ী, ফোনটি পানি ও ধুলাবালি প্রতিরোধের পাশাপাশি ২ দশমিক ৫ মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়ার ধাক্কাও সামলাতে সক্ষম।
অনার ৬০০এস ৫জি ভেলভেট ব্ল্যাক, ডেজার্ট গোল্ড ও মিস্টি পার্পল, এই তিন রঙে পাওয়া যাচ্ছে। এর দাম ৪৫ হাজার ৯৯৯ টাকা।