এআই অবকাঠামো শক্তিশালী করবে মাইক্রোসফটের মাইয়া
এআই অবকাঠামো শক্তিশালী করতে নিজেদের তৈরি নতুন চিপ ‘মাইয়া ৩০০’ আগামী মাসে উন্মোচন করতে পারে মাইক্রোসফট। এনভিডিয়ার চিপের ওপর নির্ভরতা কমাতে কাস্টম এআই চিপ তৈরিতে জোর দিচ্ছে সফটওয়্যার জায়ান্টটি।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাইয়া ৩০০ চিপ তৈরির জন্য তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) সঙ্গে উৎপাদন সক্ষমতা নিয়ে আলোচনা করছে মাইক্রোসফট।
২০২৭ সালে সরবরাহের জন্য ৩ লাখের বেশি মাইয়া ৩০০ চিপ তৈরির সক্ষমতা নিশ্চিত করতে চায় প্রতিষ্ঠানটি। দীর্ঘমেয়াদে উৎপাদন সক্ষমতা ১০ লাখের বেশি চিপে নেওয়ার লক্ষ্য রয়েছে। তবে চূড়ান্ত উৎপাদন সংখ্যা নির্ভর করবে প্রয়োজনীয় উপকরণ ও টিএসএমসির উৎপাদন বরাদ্দের ওপর।
নিজেদের অ্যাজিউর ডেটা সেন্টারে মাইয়া ৩০০ ব্যবহারের পাশাপাশি বড় ক্লাউড গ্রাহকদেরও নতুন চিপ ব্যবহারে আগ্রহী করতে চাইছে মাইক্রোসফট। এআই গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনার কাজে চিপটি ব্যবহারের জন্য তাদের সঙ্গে আলোচনা চলছে।
নিজস্ব এআই চিপ তৈরিতে মাইক্রোসফটের অগ্রগতি দ্রুত হচ্ছে। ২০২৩ সালের নভেম্বরে প্রতিষ্ঠানটি প্রথম প্রজন্মের মাইয়া ১০০ চিপ উন্মোচন করে। এরপর চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় প্রজন্মের মাইয়া ২০০ চিপ আনা হয়।
মাইয়া ২০০ টিএসএমসির উন্নত ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি। এতে উচ্চ ঘনত্বের স্ট্যাটিক র্যান্ডম-অ্যাকসেস মেমোরি বা এসআরএএম ব্যবহার করা হয়েছে। বিপুল পরিমাণ কথোপকথনভিত্তিক এআই অনুরোধ দ্রুত প্রক্রিয়াকরণে এই মেমোরি প্রযুক্তি কাজে আসে।
মাইক্রোসফটের পাশাপাশি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ও অ্যামাজনও নিজেদের এআই চিপ ব্যবহারে জোর দিচ্ছে। গুগলের টেনসর প্রসেসিং ইউনিট ও অ্যামাজনের ট্রেনিয়াম চিপের বাণিজ্যিক ব্যবহার বাড়ছে। ফলে এআই চিপের বাজারে এনভিডিয়ার ওপর নির্ভরতা কমাতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে।