তাপ দিয়ে ঠান্ডা তৈরির নতুন প্রযুক্তি উদ্ভাবন
তাপ ব্যবহার করে ঠান্ডা তৈরি করতে পারে এমন নতুন ধরনের সলিড-স্টেট কুলার তৈরি করেছেন বিজ্ঞানীরা। পরীক্ষামূলক এই যন্ত্রে অতিরিক্ত গরম হওয়া প্রসেসর ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের বর্জ্য তাপ কাজে লাগিয়ে সেগুলো ঠান্ডা করার সম্ভাবনা দেখা গেছে।
বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নিউ অ্যাটলাসের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির কার্লসরুহে ইনস্টিটিউট অব টেকনোলজি ও জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা যন্ত্রটি তৈরি করেছেন। এ গবেষণা প্রকাশিত হয়েছে নেচার এনার্জি সাময়িকীতে।
যন্ত্রটির আকৃতিতে ধাতুর দুটি পাতলা স্তর ব্যবহার করা হয়েছে। এর একটি ২২ মাইক্রোমিটার পুরু টাইটানিয়াম-নিকেল এবং অন্যটি ২৬ দশমিক ৫ মাইক্রোমিটার পুরু টাইটানিয়াম-নিকেল-লোহা দিয়ে তৈরি। তাপ পেলে প্রথম স্তরটি সংকুচিত হয় এবং ঠান্ডা হলে আবার আগের আকারে ফিরে আসে। এই পরিবর্তনের ফলে অন্য স্তরে চাপ তৈরি হয় এবং সেখান থেকেই শীতলীকরণ শুরু হয়।
প্রচলিত ফ্রিজ ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে বিদ্যুৎচালিত সংকোচকের সাহায্যে তাপ স্থানান্তর হয়। নতুন এই পদ্ধতিতে বিদ্যুৎচালিত মোটরের পরিবর্তে তাপকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় যান্ত্রিক নড়াচড়া তৈরি করা হয়। ফলে কোনো গরম উৎসের বর্জ্য তাপও শীতলীকরণের কাজে ব্যবহার করা সম্ভব হতে পারে।
গবেষকেরা প্রথমে বৈদ্যুতিক রোধের মাধ্যমে যন্ত্রটিতে তাপ দেন। এ সময় তাপ প্রয়োগকারী অংশের সর্বোচ্চ গড় তাপমাত্রা ছিল ৮৬ ডিগ্রি সেলসিয়াস। এতে হিমায়ক স্তরে সর্বোচ্চ ১২ দশমিক ৯ কেলভিন তাপমাত্রার পার্থক্য তৈরি হয়। পুরো ব্যবস্থা দিয়ে ২০ বার চক্র সম্পন্ন করার পর তাপমাত্রার পার্থক্য ছিল ৪ কেলভিন।
এরপর ১৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি কঠিন তাপ উৎস ব্যবহার করে পরীক্ষা চালানো হয়। এতে যন্ত্রটি ২ দশমিক ২ কেলভিন তাপমাত্রার পার্থক্য তৈরি করে। এ সময় শীতলীকরণ ক্ষমতা পাওয়া যায় ২ দশমিক ০৯ মিলিওয়াট। সক্রিয় হিমায়ক পদার্থের প্রতি গ্রামে এই ক্ষমতা ছিল ৩ দশমিক ৩২ ওয়াট।
তবে যন্ত্রটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এর শীতলীকরণ ক্ষমতা মিলিওয়াট মাত্রায় হওয়ায় আধুনিক কম্পিউটারের উচ্চক্ষমতার প্রসেসরের মতো বেশি তাপ উৎপাদনকারী যন্ত্র ঠান্ডা করার জন্য এটি এখনো যথেষ্ট নয়।
গবেষকদের মতে, এই পরীক্ষা মূলত ধারণাটির কার্যকারিতা প্রমাণ করেছে। ভবিষ্যতে প্রযুক্তিটির উন্নয়ন করা গেলে ইলেকট্রনিক যন্ত্রের বর্জ্য তাপ কাজে লাগিয়ে শীতলীকরণের নতুন ব্যবস্থা তৈরি হতে পারে।