সাইবার নিরাপত্তায় নতুন এআই মডেল এনেছে ওপেনএআই
এআই এজেন্টের মাধ্যমে সাইবার হামলা বাড়তে থাকায় সাইবার নিরাপত্তা সেবা সম্প্রসারণ করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি ‘ডেব্রেক’ নামের সাইবার প্রতিরক্ষা সেবায় নতুন সাইবার নিরাপত্তাকেন্দ্রিক এআই মডেল যুক্ত করেছে।
চলতি বছরের শুরুতে চালু হওয়া ডেব্রেক সেবায় সাইবার নিরাপত্তাকর্মীদের জন্য বিভিন্ন এআই মডেল, টুল ও কাজের প্রক্রিয়া একসঙ্গে দেওয়া হয়। নতুন সম্প্রসারণের মাধ্যমে এতে প্রতিরক্ষামূলক সাইবার কাজের জন্য তৈরি নতুন মডেল যুক্ত হয়েছে।
ডেব্রেক এখন ‘ব্লু’ ও ‘রেড’ নামে দুটি স্তরে পাওয়া যাবে। অনুমোদিত গ্রাহকেরা দুই স্তর থেকেই ওপেনএআইয়ের সীমিত ব্যবহারের জন্য রাখা উন্নত সাইবার মডেল ব্যবহারের সুযোগ পাবেন।
‘ব্লু’ স্তরে সাইবার হামলার পর ব্যবস্থা নেওয়া, ক্ষতিকর সফটওয়্যার বিশ্লেষণ এবং সফটওয়্যার ত্রুটি সংশোধনের কার্যকারিতা যাচাইয়ের মতো সুবিধা রয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানের জন্য এটিকে প্রাথমিক স্তর হিসেবে উল্লেখ করেছে ওপেনএআই।
‘রেড’ স্তরে নিরাপত্তা পরীক্ষা ও সফটওয়্যারের দুর্বলতা শনাক্ত করার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত মডেল ব্যবহারের সুযোগ রয়েছে। এই স্তরেই নতুন ‘জিপিটি-৫.৬-সাইবার’ মডেলটি যুক্ত করেছে ওপেনএআই।
জিপিটি-৫.৬ সল মডেলের ভিত্তিতে তৈরি জিপিটি-৫.৬-সাইবার নির্দিষ্ট সাইবার নিরাপত্তা কাজে বাড়তি সক্ষমতা দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে মডেলটি শুধু অনুমোদিত ‘বিশ্বস্ত অংশীদার’ গ্রাহকদের জন্য উন্মুক্ত। অ্যাকসেঞ্চার, আইবিএম, ক্রাউডস্ট্রাইক ও ক্লাউডফ্লেয়ারসহ কয়েকটি প্রতিষ্ঠান এই সুবিধা পাচ্ছে বলে জানা গেছে।
এআই এজেন্টের মাধ্যমে বিভিন্ন সিস্টেমে অনুপ্রবেশের ঘটনা সামনে আসায় সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। হাগিং ফেস ও একটি জিমের ওয়েবসাইটে এআই এজেন্টের অনুপ্রবেশের ঘটনাও সম্প্রতি আলোচনায় এসেছে।
ওপেনএআই বলছে, ভবিষ্যতে সাইবার হামলাকারীরা নজিরবিহীন গতি ও বড় পরিসরে এআই ব্যবহার করতে পারে। এমনকি পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবেও হামলা চালানোর সক্ষমতা তৈরি হতে পারে।
এআইনির্ভর হামলার ঝুঁকি বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার প্রতিরক্ষা সেবার চাহিদাও বাড়ছে। এআই মডেলের নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সরাসরি অভিজ্ঞ প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেই সুরক্ষা সেবা নিতে আগ্রহী হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান।
সূত্র : টেকক্রাঞ্চ