রাউটার যখন আপনার ঘরের নিরাপত্তা প্রহরী
নতুন ‘ওয়াই-ফাই মোশন’ সুবিধা চালু করেছে মার্কিন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান কমকাস্ট। এর মাধ্যমে বাড়ির রাউটারই ঘরের ভেতরের মানুষের নড়াচড়া শনাক্ত করতে পারবে। ব্যবহারকারী বাড়ির বাইরে থাকলেও এক্সফিনিটি অ্যাপের মাধ্যমে এ বিষয়ে বার্তা পাবেন।
‘ওয়াই-ফাই মোশন’ নামের বিনামূল্যের সুবিধাটি ওয়াই-ফাই সংকেতে বাধা শনাক্ত করে কাজ করে। কমকাস্টের নতুন এক্সফিনিটি গেটওয়েতে থাকা এই প্রযুক্তি রাউটারকে একধরনের নড়াচড়া শনাক্তকারী যন্ত্রে রূপান্তর করে।
দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, এক্সব৭ ও পরবর্তী মডেলের এক্সফিনিটি গেটওয়েতে সুবিধাটি পাওয়া যাবে। এটি চালু করা বাধ্যতামূলক নয়। এক্সফিনিটি অ্যাপ থেকে ব্যবহারকারী চাইলে সুবিধাটি চালু করতে পারবেন। ঘরের নড়াচড়া শনাক্ত করা ও প্রাথমিক নিরাপত্তার কাজে এটি ব্যবহার করা যাবে।
সুবিধাটি চালু করলে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কমকাস্ট জানিয়েছে, ওয়াই-ফাই মোশন ব্যবহারের মাধ্যমে তৈরি তথ্য বিভিন্ন কারণে তৃতীয় পক্ষের কাছে প্রকাশ করতে পারে প্রতিষ্ঠানটি। এ জন্য ব্যবহারকারীকে আলাদাভাবে জানানোও নাও হতে পারে।
এক্সফিনিটির হেল্প পেজে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার তদন্ত, কমকাস্ট জড়িত কোনো বিরোধ, আদালতের আদেশ বা সমনের কারণে এসব তথ্য তৃতীয় পক্ষকে দেওয়া হতে পারে।
তাই সুবিধাটি চালুর আগে গোপনীয়তার বিষয়টি বিবেচনায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে যারা ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে সচেতন।