মাইক্রোসফট অফিসের বিকল্প গড়তে ৩ কোটি ডলার বিনিয়োগ ভারতীয় উদ্যোক্তার
এআই যুগে কর্মক্ষেত্রের সফটওয়্যার নতুনভাবে গড়ার লক্ষ্য নিয়ে নিজের অর্থ থেকে ৩ কোটি ডলার বিনিয়োগ করেছেন ভারতীয় প্রযুক্তি উদ্যোক্তা ভাবিন তুরাখিয়া। তার নতুন উদ্যোগ ‘নিও’ একটি সমন্বিত এন্টারপ্রাইজ এআই প্ল্যাটফর্ম, যেখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট, ডকুমেন্ট, ফাইল স্টোরেজ ও এআই একসঙ্গে যুক্ত থাকবে।
৪৬ বছর বয়সী তুরাখিয়া এর আগে ডিরেক্টআই, র্যাডিক্স, টাইটান ও জেটার মতো প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আগের মতো এবারও বাইরের বিনিয়োগ আনার আগে নিজ অর্থেই উদ্যোগটি এগিয়ে নিচ্ছেন। তার মতে, পুরোনো সফটওয়্যারে শুধু চ্যাটবট যোগ করে আধুনিক করা সম্ভব নয়, বরং শুরু থেকেই এআইভিত্তিকভাবে নতুন করে ডিজাইন করতে হবে।
চলতি বছরের এপ্রিলে অভ্যন্তরীণভাবে চালু হওয়া নিও এআইকে শুধু সহকারী নয়, বরং প্রতিদিনের কাজের সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে তৈরি। প্ল্যাটফর্মটি মডেল-নিরপেক্ষ হওয়ায় ব্যবহারকারীরা বিভিন্ন এআই মডেলের মধ্যে সহজে পরিবর্তন করতে পারবেন।
বর্তমানে এন্টারপ্রাইজ এআই খাত অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। মাইক্রোসফট, গুগল ও সেলসফোর্সসহ বড় প্রতিষ্ঠানগুলো এই খাতে শক্ত অবস্থান তৈরি করেছে। তবুও তুরাখিয়ার বিশ্বাস, বৈশ্বিক বাজারের ছোট অংশ পেলেও তা বড় কোম্পানিতে পরিণত হতে পারে।
গত কয়েক মাস ধরে নিও তুরাখিয়ার নিজস্ব প্রতিষ্ঠানগুলোতে ব্যবহার করা হচ্ছে। শিগগিরই মাঝারি আকারের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এটি উন্মুক্ত করা হবে। বর্তমানে স্টার্টআপটিতে প্রায় ৪৫ জন কর্মী রয়েছে, যা বছরের শেষে ১০০ জনে পৌঁছানোর লক্ষ্য রয়েছে।