বড় ব্যাটারি ও বিশেষ নকশায় ইনফিনিক্সের নতুন ফোন

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৪

বড় ব্যাটারি ও বিশেষ নকশায় ইনফিনিক্সের নতুন ফোন

দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ইতালীয় নকশার বিশেষ সংস্করণ নিয়ে বাংলাদেশের বাজারে এসেছে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ প্রো ৫জি। ফোনটিতে রয়েছে ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি, ৯০ ওয়াট তারযুক্ত ও ৩০ ওয়াট তারবিহীন চার্জিং সুবিধা। এর বিশেষ সংস্করণটি তৈরি করা হয়েছে ইতালির নকশাপ্রতিষ্ঠান পিনিনফারিনার সঙ্গে যৌথভাবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইনফিনিক্স জানিয়েছে, ফোনটিতে ব্যাটারির দীর্ঘমেয়াদি কার্যক্ষমতা ধরে রাখতে যুক্ত করা হয়েছে সেলফ-হিলিং প্রযুক্তি। এ ছাড়া গেম খেলার সময় চার্জারে যুক্ত রেখে ব্যবহারের জন্য রয়েছে বাইপাস চার্জিং সুবিধা। এই প্রযুক্তিতে সরাসরি ফোনের সিস্টেমে বিদ্যুৎ সরবরাহ করা হয়, ফলে ব্যাটারির অতিরিক্ত তাপ কমাতে সহায়তা করে।

ফোনটির সঙ্গে উপহার হিসেবে দেওয়া হচ্ছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ম্যাগ পাওয়ার ব্যাংক। ফলে ফোন ও পাওয়ার ব্যাংক মিলিয়ে মোট ব্যাটারি ধারণক্ষমতা দাঁড়াচ্ছে ১১ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার।

নোট ৬০ প্রো ৫জির বিশেষ সংস্করণের নাম ‘টোরিনো ব্ল্যাক স্পেশাল এডিশন’। ফেরারি ও আলফা রোমিওর মতো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে কাজের অভিজ্ঞতাসম্পন্ন ইতালির নকশাপ্রতিষ্ঠান পিনিনফারিনার সঙ্গে যৌথভাবে এটি তৈরি করা হয়েছে। বিশেষ সংস্করণটিতে রয়েছে কেভলার নকশার ফিনিশ, রেসিং অনুপ্রাণিত সফটওয়্যার এবং পিনিনফারিনার বিশেষ ব্র্যান্ডিং। এর সঙ্গে থাকা আনুষঙ্গিক উপকরণেও একই নকশার ছাপ রাখা হয়েছে।

পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ ৫জি চিপসেট। এতে আরও রয়েছে ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট সর্বোচ্চ ১৪৪ হার্টজ।

বাংলাদেশের বাজারে নোট ৬০ প্রো ৫জির দাম ৪৫ হাজার ৯শ’ ৯৯ টাকা। ফোনটির নিয়মিত দাম ৪৯ হাজার ৯শ’ ৯৯ টাকা। এদিকে ইনফিনিক্সের নোট সিরিজের বিভিন্ন মডেলে সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় চলছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন