গাড়িতে ফোন-ল্যাপটপ চার্জে সেরা ৪ ইউএসবি চার্জার
গাড়িতে স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপ একসঙ্গে চার্জ দিতে একাধিক পোর্টের ইউএসবি কার চার্জার প্রয়োজন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজিআরের প্রতিবেদনে এমন চারটি চার্জারের কথা তুলে ধরা হয়েছে। তালিকায় রয়েছে অ্যানকার, ইনিউ, ইউগ্রিন ও কাকটেকের বিভিন্ন মডেল।
অ্যানকার ন্যানো কার চার্জার ১৬৭.৫ ওয়াট (Anker Nano Car Charger 167.5W)
৫৪ মার্কিন ডলারের এই চার্জারে রয়েছে দুটি ইউএসবি-সি ও একটি ইউএসবি-এ পোর্ট। এগুলোর বিদ্যুৎ সরবরাহক্ষমতা যথাক্রমে ১০০, ৪৫ ও ২২.৫ ওয়াট। অ্যানকারের দাবি, ১০০ ওয়াটের পোর্ট দিয়ে ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো ৪৭ মিনিটে ৫০ শতাংশ চার্জ করা যায়। অ্যামাজনে ৩ হাজার ৬০০টির বেশি পর্যালোচনায় চার্জারটির গড় রেটিং ৫-এর মধ্যে ৪.৮। তবে অতিরিক্ত গরম হলে চার্জের গতি কমে যাওয়ার অভিযোগ রয়েছে।

ইনিউ আই৭১২ দুই পোর্টের ফাস্ট কার চার্জার ৬৬ ওয়াট (Iniu I712 2-Port Fast Car Charger 66W)
১৩ মার্কিন ডলারের এই চার্জারে একটি ইউএসবি-সি ও একটি ইউএসবি-এ পোর্ট রয়েছে। একক পোর্টে সর্বোচ্চ ৩০ ওয়াট এবং দুটি পোর্ট একসঙ্গে ব্যবহার করলে প্রতিটিতে ১৫ ওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যায়। গাড়ির চার্জিং সকেটে এটি প্রায় সমতলভাবে বসে থাকে। ইনিউয়ের ওয়েবসাইটে এর রেটিং ৫-এর মধ্যে ৪.৮। তবে চার্জের গতি কম এবং সকেট থেকে খুলতে অসুবিধা হয় বলে অভিযোগ রয়েছে।

ইউগ্রিন ১৫০ ওয়াট ইউএসবি-সি কার চার্জার (Ugreen 150W USB-C Car Charger)
৫০ মার্কিন ডলারের এই চার্জারে সামনের জন্য একটি অ্যাডাপ্টার এবং পেছনের যাত্রীদের জন্য আলাদা চার্জিং হাব রয়েছে। হাবে দুটি ইউএসবি-সি ও একটি ইউএসবি-এ পোর্ট থাকায় একসঙ্গে চারটি যন্ত্র চার্জ দেওয়া যায়। একটি ইউএসবি-সি পোর্ট এককভাবে সর্বোচ্চ ১৪০ ওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। তবে চারটি পোর্ট একসঙ্গে ব্যবহার করলে ওই পোর্টের ক্ষমতা ৯০ ওয়াটে নেমে আসে। অ্যামাজনে চার্জারটির রেটিং ৫-এর মধ্যে ৪.১। এর সংযোগ তার ছোট এবং হাবের ক্লিপ ঢিলা বলে অভিযোগ রয়েছে।

কাকটেক ৮৫ ওয়াট রিট্র্যাক্টেবল কার চার্জার (Cuktech 85W Retractable Car Charger)
৩০ মার্কিন ডলারের এই চার্জারে ২.৩ ফুট লম্বা গুটিয়ে রাখার সুবিধাযুক্ত ইউএসবি-সি তারের পাশাপাশি একটি ইউএসবি-সি ও একটি ইউএসবি-এ পোর্ট রয়েছে। এর মোট বিদ্যুৎ সরবরাহক্ষমতা ৮৫ ওয়াট। যুক্ত তারে সর্বোচ্চ ৬৫ ওয়াট, ইউএসবি-সি পোর্টে ৩৩ ওয়াট এবং ইউএসবি-এ পোর্টে ১৮ ওয়াট পাওয়া যায়। চার্জের গতি ও গাড়ির ব্যাটারির ভোল্টেজ দেখার জন্য এতে ডিসপ্লে রয়েছে। অ্যামাজনে এর রেটিং ৫-এর মধ্যে ৪.৫। তবে তারের দৈর্ঘ্য কম এবং চার্জারের আকার বড় বলে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা।

বিজিআর জানিয়েছে, চার্জারগুলো বাছাইয়ে নকশা, চার্জিংক্ষমতা ও ব্যবহারকারীদের মতামত বিবেচনা করা হয়েছে। তালিকাভুক্ত প্রতিটি পণ্যের অ্যামাজন বা প্রস্তুতকারকের ওয়েবসাইটে রেটিং অন্তত ৫-এর মধ্যে ৪.১।