পিক্সেল ফোন ও স্মার্টওয়াচে আসছে নতুন সুবিধা
গুগল পিক্সেল ১১ প্রো ফোনের পেছনে থাকা হাইলাইট (HiLight) আলোতে নতুন সুবিধা যুক্ত করেছে। এখন পছন্দের ব্যক্তিদের কাছ থেকে গুগল মেসেজেসে বার্তা এলে আলোটি জ্বলে উঠবে। চলতি মাসেই পিক্সেল ড্রপের অংশ হিসেবে এ সুবিধা চালু করছে গুগল।
ফোনটির উদ্বোধনের সময় হাইলাইট আলো জেমিনি ব্যবহারের সময় এবং পছন্দের ব্যক্তিদের ফোনকল এলে জ্বলে ওঠার সুবিধা ছিল। নতুন সংযোজনের ফলে বার্তা পাওয়ার বিষয়টিও আলোর মাধ্যমে জানা যাবে।
পিক্সেল ১১ ও পিক্সেল ১০ ফোনে ‘ক্রিয়েট মাই উইজেট’ সুবিধা চালু হচ্ছে। এর মাধ্যমে নির্দেশনা লিখে নিজের পছন্দমতো উইজেট তৈরি করা যাবে। পিক্সেল ১০ সিরিজে জেমিনি ইন্টেলিজেন্সের বিভিন্ন সুবিধাও যুক্ত হচ্ছে, যার মধ্যে রয়েছে র্যাম্বলার নামের কথোপকথন থেকে লেখা তৈরির সুবিধা।
পিক্সেল ১০ ও পিক্সেল ১১ ব্যবহারকারীরা জেমিনিকে দিয়ে নিজেদের হয়ে ফোন করাতে পারবেন। যেমন রেস্তোরাঁয় আসন সংরক্ষণ বা কোনো পণ্যের মজুত আছে কি না, তা জানতে ফোন করতে পারবে জেমিনি।
পিক্সেল ওয়াচ ৩ বা পরবর্তী মডেলের ব্যবহারকারীরা ব্যায়ামের সময় ধাপে ধাপে নির্দেশনা দেখতে পারবেন। অন্যদিকে পিক্সেল ৬এ ও পরবর্তী মডেলের ফোনে সেটিংসে নতুন ‘ফ্যামিলি হাব’ যুক্ত হচ্ছে। এতে পরিবারের ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন নিয়ন্ত্রণ এক জায়গায় পাওয়া যাবে।
এদিকে গুগল জানিয়েছে, তাদের পিক্সেল ট্যাগ নামের বস্তু খুঁজে বের করার যন্ত্রটি এখন বাজারে পাওয়া যাচ্ছে। গত আগস্টে এটি উন্মোচন করা হয়েছিল।
সূত্র : দ্য ভার্জ