এক লাখ অ্যাপ নিয়ে আইফোন ডুওর নতুন মাইলফলক

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১১:৩০

এক লাখ অ্যাপ নিয়ে আইফোন ডুওর নতুন মাইলফলক

অ্যাপলের নতুন ভাঁজযোগ্য ফোন আইফোন ডুওর জন্য ইতোমধ্যে এক লাখের বেশি অ্যাপ তৈরি হয়েছে। অ্যাপল জানিয়েছে, প্রতিদিন হাজারো নতুন অ্যাপ যুক্ত হচ্ছে অ্যাপ স্টোরে। ফলে ফোনটির ডিসপ্লের আকার ও ভাঁজ করার সুবিধার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অ্যাপের সংখ্যা দ্রুত বাড়ছে।

টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৬ নভেম্বর) অ্যাপল নতুন করে এক ডজনের বেশি অ্যাপের নাম প্রকাশ করেছে, যেগুলো আইফোন ডুওর জন্য বিশেষভাবে তৈরি বা হালনাগাদ করা হয়েছে। তালিকায় রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড ও আউটলুক, জুম, এনবিএ ও এনএইচএলের ক্রীড়া বিষয়ক অ্যাপ, কেনাকাটার অ্যাপ এটসি ও এলটিকে এবং গুডনোটসের মতো উৎপাদনশীলতা বিষয়ক অ্যাপ। এ ছাড়া রয়েছে হ্যালাইড মার্ক থ্রি ক্যামেরা অ্যাপ।

এর আগে থেকেই নেটফ্লিক্স, ইউটিউব, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ আইফোন ডুওর উপযোগী করে তৈরি করা হয়েছিল। তবে যেসব অ্যাপ ফোনটির ডিসপ্লের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, সেগুলো ব্যবহারের সময় ডিসপ্লের এক পাশে কালো অংশ দেখা যায়। এতে ব্যবহারযোগ্য জায়গা কমে যায়। কোনো কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুবিধাও অতিরিক্ত মেনুর আড়ালে চলে যায়।

অ্যাপল জানিয়েছে, বিশ্বের ১৯টি শহরে আয়োজিত ৫০টির বেশি সরাসরি কর্মশালায় দুই হাজারের বেশি অ্যাপ নির্মাতা অংশ নিয়েছেন। এসব কর্মশালায় নির্মাতারা আইফোন ডুও ব্যবহার করে অ্যাপ হালনাগাদের কাজ করেছেন এবং অ্যাপলের সহায়তা পেয়েছেন।

উচ্চমূল্য হওয়া সত্ত্বেও ফোনটির চাহিদা অ্যাপলের ধারণার চেয়ে বেশি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২৫৬ গিগাবাইট স্টোরেজের মডেলটির দাম শুরু হয়েছে ১ হাজার ৯৯৯ মার্কিন ডলার থেকে। বিক্রির জন্য উন্মুক্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফোনটির মজুত শেষ হয়ে যায়। বর্তমানে নতুন অর্ডারের ক্ষেত্রে সরবরাহের সময় আগামী বছর পর্যন্ত গড়িয়েছে। এ সপ্তাহে আয়বিষয়ক এক আলোচনায় অ্যাপল জানিয়েছে, সরবরাহের এই সংকট কবে কাটবে, তা অনুমান করা কঠিন।

অ্যাপলের বিশ্বব্যাপী ডেভেলপার সম্পর্ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট সুসান প্রেসকট এক বিবৃতিতে বলেন, ডেভেলপাররা যেভাবে দ্রুত আইফোন ডুওর জন্য অ্যাপ তৈরি ও হালনাগাদ করছেন, তা আনন্দদায়ক। তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন তিনি।

আইওএস ২৭-এর জন্য হালনাগাদ এবং আইফোন ডুওর উপযোগী করা অন্য অ্যাপগুলোর মধ্যে রয়েছে স্পটিফাই, সিবিএস, টুবি, ইয়াহু ফ্যান্টাসি স্পোর্টস, ফেসবুক মেসেঞ্জার, গুগল চ্যাট, চ্যাটজিপিটি, গ্রক, মাইক্রোসফট কোপাইলট, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ক্যানভা, সুনো, টিন্ডার, গুগল ট্রান্সলেট, স্ট্রাভা, টেসলা রোবোট্যাক্সি, প্রাইসলাইন, ডমিনোজ, টাকো বেল ও দ্য ওয়েদার চ্যানেল।

তবে তালিকাভুক্ত সব অ্যাপের হালনাগাদ এখনো ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়নি। টেকক্রাঞ্চ জানিয়েছে, তাদের পর্যালোচনার জন্য পাওয়া আইফোন ডুওতে স্পটিফাই অ্যাপের পাশে এখনো কালো অংশ দেখা যাচ্ছে। অ্যাপ স্টোরেও অ্যাপটির নতুন সংস্করণ হালনাগাদের জন্য দেখানো হচ্ছে না।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন