নতুন ফ্ল্যাগশিপ ফোনে ট্যান্ডেম ওএলইডি প্রযুক্তি আনছে মটোরোলা
ট্যান্ডেম ওএলইডি প্রযুক্তির ডিসপ্লে, ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা ও ১৬ জিবি র্যাম নিয়ে বাজারে আসছে মটোরোলার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিগনেচার ২৭। আগামী ৫ নভেম্বর ফোনটির আনুষ্ঠানিক উন্মোচনের কথা রয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে ফোনটির নকশার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের তথ্য জানা গেছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন-টু-ফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, ইউটিউবার ড্যানি উইনগেটের প্রকাশিত ভিডিওতে ফোনটির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৮ ইঞ্চির ‘এক্সট্রিম অ্যামোলেড ডুও’ ডিসপ্লে। এলটিপিও প্রযুক্তিসমর্থিত এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ১২ হাজার নিট।
ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ট্যান্ডেম ওএলইডি প্রযুক্তি। এ প্রযুক্তিতে একাধিক স্তরের আলো উৎপাদনকারী ডায়োড ব্যবহার করা হয়, যা ডিসপ্লের উজ্জ্বলতা ও কনট্রাস্ট বাড়াতে সহায়তা করে।
ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম জেন ৬। এর সঙ্গে রয়েছে ১৬ জিবি র্যাম এবং সর্বোচ্চ ১ টেরাবাইট ইউএফএস ৪.১ স্টোরেজ। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১৭। ফোনটিতে সাত বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম হালনাগাদের সুবিধা দেওয়ার কথা জানিয়েছে মটোরোলা।
ক্যামেরার দিক থেকেও ফোনটিতে থাকছে বেশ কিছু সুবিধা। পেছনে ৫০ মেগাপিক্সেলের লাইতিয়া ৯১০ প্রধান ক্যামেরার সঙ্গে রয়েছে ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ও ৫০ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা। নড়াচড়ার সময় ছবি তোলার মান উন্নত করতে আলাদা অ্যাকশন সেন্সরও থাকছে।
ফোনটির ব্যাটারির ধারণক্ষমতা এখনো প্রকাশ করা হয়নি। তবে ভিডিওতে ব্যাটারিকে বড় ধারণক্ষমতার বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তাপ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত ভ্যাপার চেম্বার আগের তুলনায় ৪০ শতাংশ বড় বলে জানানো হয়েছে। তবে কোন মডেলের তুলনায় এটি বড়, তা স্পষ্ট করা হয়নি।
ভিডিওতে ফোনটির দুটি রঙের সংস্করণও দেখা গেছে। দুটির পেছনের অংশে রয়েছে ভিন্নধর্মী টেক্সচার এবং ডিসপ্লের চারপাশে বাঁকানো কাচের নকশা।