সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করে রোবোট্যাক্সি বানাবে টেসলা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ১২:৪৩

সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করে রোবোট্যাক্সি বানাবে টেসলা

বাজারে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় ২০২৭ সালে বৈদ্যুতিক পিকআপ ট্রাক সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে টেসলা। এর পরিবর্তে কারখানার জায়গায় দুই আসনের স্বয়ংক্রিয় চালনাসুবিধার রোবোট্যাক্সি সাইবারক্যাব তৈরি করবে প্রতিষ্ঠানটি। টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের শেষ দিকে সাইবারট্রাকের প্রথম কয়েকটি গাড়ি গ্রাহকদের কাছে হস্তান্তরের সময় বছরে প্রায় আড়াই লাখ গাড়ি বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছিলেন মাস্ক। গাড়িটি টেসলার ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হওয়ায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে কারখানা নির্মাণের সময় সেটিকে ‘সাইবারট্রাক কারখানা’ বলা হতো। তবে গত তিন বছরে সব মিলিয়ে কয়েক দশ হাজার গাড়ি বিক্রি করতে পেরেছে প্রতিষ্ঠানটি।

টেসলা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকসনির্ভর প্রতিষ্ঠান হিসেবে নিজেদের গড়ে তোলার চেষ্টা করছে। এ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ স্বয়ংক্রিয় চালনাসুবিধার রোবোট্যাক্সি সেবা। গত দুই মাস ধরে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে সাইবারক্যাব চালাচ্ছে প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনার খবর না থাকায় চলতি মাসের শেষ দিকে ডালাসসহ আরও কয়েকটি শহরে এ সেবা চালুর পরিকল্পনা করছে টেসলা। এ ছাড়া অস্টিন, হিউস্টন, ডালাস ও ফ্লোরিডার তিনটি শহরে মডেল ওয়াই গাড়ির রোবোট্যাক্সি সংস্করণও চালু রয়েছে।

রোবোট্যাক্সি ও রোবট তৈরির পরিকল্পনায় জায়গা করে দিতে এটি টেসলার বন্ধ করতে যাওয়া তৃতীয় গাড়ি উৎপাদন কার্যক্রম। এর আগে চলতি বছর মডেল এস সেডান ও মডেল এক্স এসইউভির উৎপাদন বন্ধ করে ওই কারখানায় অপটিমাস নামের মানবসদৃশ রোবট তৈরির সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।

২০১৯ সালে প্রথম সাইবারট্রাকের ঘোষণা দেওয়া হয়। গাড়িটির নকশা নিয়ে দীর্ঘদিন ধরেই আগ্রহ দেখিয়ে আসছিলেন মাস্ক। সে সময় তিনি এক অনুষ্ঠানে বলেছিলেন, পিকআপ ট্রাকটি হবে অসাধারণ এবং টেসলার পরবর্তী পণ্যগুলোর মধ্যে এটি তার সবচেয়ে পছন্দের একটি।

‘ব্লেড রানার’-এর মতো কল্পবিজ্ঞান চলচ্চিত্রের ভবিষ্যৎনির্ভর নকশা থেকে অনুপ্রাণিত হয়ে সাইবারট্রাক তৈরি করা হয়। তবে শুরু থেকেই গাড়িটির দাম ও একবার চার্জে চলার দূরত্ব নিয়ে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি টেসলা। ২০১৯ সালের উন্মোচন অনুষ্ঠানে গাড়িটির প্রারম্ভিক দাম ৪০ হাজার মার্কিন ডলারের কম এবং একবার চার্জে সর্বোচ্চ ৫০০ মাইল চলার কথা বলা হয়েছিল। শেষ পর্যন্ত কোনোটিই বাস্তবায়িত হয়নি।

করোনাভাইরাস মহামারিসহ বিভিন্ন কারণে গাড়িটির উৎপাদন দুই বছর পিছিয়ে যায়। ২০২৩ সালের শেষ দিকে বাজারে আসার সময় এর প্রারম্ভিক দাম বেড়ে প্রায় ৬০ হাজার মার্কিন ডলারে পৌঁছায়। একই সঙ্গে সর্বোচ্চ চলার দূরত্বও আগের ঘোষণার তুলনায় ১০০ মাইলের বেশি কমে যায়।

বাজারে আসার পর থেকেই বিক্রিতে চ্যালেঞ্জের মুখে পড়ে সাইবারট্রাক। এর ব্যতিক্রমী নকশা এবং প্রত্যাশার চেয়ে বেশি দাম ক্রেতাদের আকৃষ্ট করতে পারেনি। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে মাস্কের বড় অঙ্কের অর্থায়নের পর সাইবারট্রাক প্রতিবাদকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগে মাস্কের নেতৃত্বে হাজারো সরকারি কর্মী ছাঁটাইয়ের সময়ও এ নিয়ে প্রতিবাদ অব্যাহত ছিল।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন