যুক্তরাষ্ট্রের মোবাইল বাজারে নামছে ইলন মাস্কের স্পেসএক্স

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১২:৪৭

যুক্তরাষ্ট্রের মোবাইল বাজারে নামছে ইলন মাস্কের স্পেসএক্স

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবার পাশাপাশি এবার যুক্তরাষ্ট্রে বড় মোবাইল অপারেটর হওয়ার পরিকল্পনা করছে স্পেসএক্স। এ লক্ষ্য বাস্তবায়নে নিজস্ব ৫জি নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা ও প্রযুক্তিপ্রতিষ্ঠানটি। ইতোমধ্যে হাজার হাজার ডাইরেক্ট-টু-সেল স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে তারা। তবে বড় চ্যালেঞ্জ এখন যুক্তরাষ্ট্রজুড়ে স্থলভিত্তিক মোবাইল নেটওয়ার্ক তৈরি করা।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, এ পরিকল্পনার অংশ হিসেবে কোয়ালকমের সঙ্গে বহু বছর মেয়াদি চুক্তি করেছে স্পেসএক্স। চুক্তি অনুযায়ী, ২০২৭ সাল থেকে যুক্তরাষ্ট্রের কয়েক হাজার ৫জি সেল সাইটে কোয়ালকমের ড্রাগনউইং প্রযুক্তি ব্যবহার করবে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে টি-মোবাইল, এটিঅ্যান্ডটি ও ভেরাইজনের মতো প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে চায় স্পেসএক্স।

এ ছাড়া বাজেটভিত্তিক মোবাইল সেবাদাতা বুস্ট মোবাইল অধিগ্রহণের বিষয়েও আলোচনা করছে স্পেসএক্স। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুস্ট মোবাইলের মাধ্যমে নিজস্ব সেবা চালু করতে প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা হয়েছে। সম্ভাব্য চুক্তিতে বুস্ট মোবাইল অধিগ্রহণ অথবা তাদের নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ থাকতে পারে। তবে বুস্ট মোবাইলের বর্তমান নেটওয়ার্ক টি-মোবাইল ও এটিঅ্যান্ডটির ওপর নির্ভরশীল হওয়ায় এ ক্ষেত্রে প্রতিষ্ঠান দুটির অনুমতির প্রয়োজন হতে পারে।

নেটওয়ার্ক সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের টাওয়ার মালিক প্রতিষ্ঠান ক্রাউন ক্যাসলের সঙ্গেও আলোচনা করছে স্পেসএক্স। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অন্তত ৮০ হাজার সেল সাইট ব্যবহারের পরিকল্পনা রয়েছে তাদের। বর্তমানে যুক্তরাষ্ট্রে চালু থাকা ১ লাখ ৫৮ হাজার ৫০০ সেল টাওয়ারের প্রায় অর্ধেকের সমান এই সংখ্যা।

স্পেসএক্সের পরিকল্পনা নিয়ে টেলিযোগাযোগ খাতের অন্য প্রতিষ্ঠানের কর্মকর্তারাও প্রতিক্রিয়া জানিয়েছেন। টি-মোবাইলের মূল প্রতিষ্ঠান ডয়চে টেলিকমের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম হটগেস বলেছেন, স্পেসএক্সের পরিকল্পনাকে তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। তবে এ পরিকল্পনা বাস্তবায়নে মাস্কের ২০০ বিলিয়ন ডলারের বেশি খরচ হতে পারে বলে মনে করেন তিনি।

গত অক্টোবরে স্পেসএক্স ৮০০ মেগাহার্টজ ব্যান্ডের নিম্ন কম্পাঙ্কের তরঙ্গ ব্যবহারের লাইসেন্স অধিগ্রহণ করে। প্রতিষ্ঠানটির দাবি, এই তরঙ্গ দেয়াল ও ভবনের ভেতরেও মোবাইল নেটওয়ার্কের সংকেত পৌঁছাতে সহায়তা করবে। নিয়ন্ত্রক সংস্থা যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের অনুমোদন পেলে স্যাটেলাইট ও স্থলভিত্তিক নেটওয়ার্ক মিলিয়ে নতুন অবকাঠামো চালুর পরিকল্পনা রয়েছে তাদের।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন