স্মার্টফোনের ঝুঁকি এড়াতে শিশুদের জন্য বিকল্প ফোন
শিশুদের স্মার্টফোন ব্যবহারের ঝুঁকি নিয়ে অভিভাবকদের উদ্বেগ বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যম, অনিয়ন্ত্রিত ইন্টারনেট ব্যবহার ও অনলাইন হয়রানি থেকে শিশুদের সুরক্ষিত রাখতে বিশেষ ধরনের ফোন তৈরি করছে বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান। এসব ফোনে সাধারণ স্মার্টফোনের মতো কল ও ক্যামেরার সুবিধা থাকলেও ইন্টারনেট, অ্যাপ স্টোর ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে রয়েছে নানা বিধিনিষেধ।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, এসব ফোনে অভিভাবকেরা নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগের অনুমতি দিতে পারেন। পাশাপাশি সন্তানের অবস্থান শনাক্ত করা, স্ক্রিন টাইম নির্ধারণ এবং অ্যাপ ব্যবহারে নিয়ন্ত্রণের সুবিধাও রয়েছে। কিছু ফোনে সাইবার হয়রানি, আপত্তিকর কনটেন্ট ও অনলাইনে অপরিচিত ব্যক্তির সঙ্গে সন্দেহজনক যোগাযোগের বিষয়ে সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থাও আছে।
শিশুদের জন্য বিশেষ ফোন তৈরির প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বার্ক, গ্যাব, পিনহুইল ও টেরাকিউব। এ ছাড়া বাসায় ব্যবহারের জন্য ল্যান্ডলাইন ফোন তৈরি করছে ওমা, টিন ক্যান ও ওয়াফল। কানাডার টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেক্সটনাও শিশুদের জন্য ইয়েলো! নামের একটি ফোন এনেছে।
বার্ক ফোন
স্যামসাং গ্যালাক্সি ফোনের হার্ডওয়্যারের ওপর তৈরি বার্ক ফোনে রয়েছে প্রতিষ্ঠানটির নিজস্ব নজরদারি সফটওয়্যার। এতে শুধু অনুমোদিত ব্যক্তিদের সঙ্গে কল ও বার্তা আদান-প্রদান করা যায়। সফটওয়্যারটি বার্তা, ই-মেইল, ছবি ও সমর্থিত অ্যাপ পরীক্ষা করে সাইবার হয়রানি, অনলাইনে শিশুদের ফুসলিয়ে অনৈতিক কাজে জড়ানো, আত্মহত্যার চিন্তা ও যৌন কনটেন্টের মতো ঝুঁকি শনাক্ত করার চেষ্টা করে। এমন কিছু শনাক্ত হলে অভিভাবকদের সতর্কবার্তা পাঠানো হয়।

শিশুর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিভাবকেরা ধীরে ধীরে ওয়েব ব্রাউজিং ও বিভিন্ন অ্যাপ ব্যবহারের অনুমতি দিতে পারেন। ফোনটিতে জিপিএসের মাধ্যমে অবস্থান শনাক্ত এবং স্ক্রিন টাইম নিয়ন্ত্রণের সুবিধাও রয়েছে। এর দাম ২৪০ ডলার। পাশাপাশি মাসে কমপক্ষে ২৯ ডলারের মোবাইল সেবা নিতে হয়।
গ্যাব
গ্যাবের ফোনে সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েব ব্রাউজার বা অ্যাপ স্টোর নেই। এতে কল ও বার্তা আদান-প্রদানের পাশাপাশি ক্যামেরা, ক্যালেন্ডার ও ক্যালকুলেটরের মতো আগে থেকে যুক্ত করা কিছু অ্যাপ ব্যবহার করা যায়। প্রতিষ্ঠানটির সংগীত স্ট্রিমিং সেবায় রয়েছে লাখো গান।

অভিভাবকেরা ফোনের অবস্থান দেখতে এবং নির্দিষ্ট সেটিংস নিয়ন্ত্রণ করতে পারেন। স্প্যাম কল ও অনাকাঙ্ক্ষিত বার্তা ঠেকাতে রয়েছে ‘গ্যাব গার্ড’ সুবিধা। ফোনটির দাম শুরু ১৫৯ দশমিক ৯৯ ডলার থেকে। মোবাইল সেবার মাসিক খরচ প্রায় ২৪ দশমিক ৯৯ ডলার।
পিনহুইল
পিনহুইল ফোনে কোন অ্যাপ ব্যবহার করা যাবে, তা অভিভাবকেরা অনুমোদন করেন। পাশাপাশি যোগাযোগের তালিকা নিয়ন্ত্রণ, স্ক্রিন টাইম নির্ধারণ, দৈনন্দিন কাজের রুটিন তৈরি এবং অবস্থানের ইতিহাস দেখার সুবিধা রয়েছে।

দিনের বিভিন্ন সময়ের জন্য আলাদা মোড চালু করা যায়। যেমন স্কুল চলাকালে শুধু কল ও নেভিগেশন ব্যবহারের সুযোগ রেখে বাড়ির কাজ শেষ হলে অন্য সুবিধাগুলো চালু করা সম্ভব। ফোনটির দাম শুরু ১১৯ ডলার থেকে। অভিভাবকদের জন্য কেয়ারগিভার পোর্টাল ব্যবহারে মাসে ১৪ দশমিক ৯৯ ডলার খরচ হয়। এ ছাড়া প্রতিষ্ঠানটি ৬৮ ও ৭৯ ডলারের দুটি ল্যান্ডলাইন ফোন এবং ১৬০ ডলারের একটি স্মার্টওয়াচও এনেছে।
টেরাকিউব থ্রাইভ
২০২২ সালে চালু হওয়া টেরাকিউবের ফোনে রয়েছে অ্যান্ড্রয়েডের বিশেষ সংস্করণ ‘থ্রাইভ ওএস’। এর মাধ্যমে অভিভাবকেরা প্রতিটি অ্যাপ ডাউনলোডের অনুমতি দিতে, ওয়েব ব্রাউজিংয়ে ফিল্টার বসাতে এবং অ্যাপভিত্তিক বা সামগ্রিক স্ক্রিন টাইম নির্ধারণ করতে পারেন। অবস্থান শনাক্ত করা এবং স্কুল বা ঘুমের সময় অনুযায়ী ব্যবহারের রুটিন তৈরির সুবিধাও রয়েছে।

তবে প্রচলিত স্মার্টফোনের বেশির ভাগ সুবিধা থাকায় তুলনামূলক বেশি বয়সী শিশুদের জন্য ফোনটি উপযোগী বলে মনে করা হয়। এর দাম ৯৯ ডলার। মাসিক সেবার খরচ ৩৫ ডলার থেকে শুরু।
ওমা মাইফোন
ওমা মাইফোন শিশুদের জন্য তৈরি একটি আধুনিক ল্যান্ডলাইন ফোন। এর ‘ট্রাস্টেড সার্কেল’ সুবিধার মাধ্যমে শুধু অনুমোদিত ব্যক্তিদের সঙ্গে কল করা যায়। নির্দিষ্ট সময়ে ফোন ব্যবহার বন্ধ রাখার ব্যবস্থা, ঠিকানাভিত্তিক জরুরি নম্বর ৯১১-এ কল এবং জরুরি কলের পর অভিভাবকদের সতর্কবার্তা পাঠানোর সুবিধাও রয়েছে।

অভিভাবকেরা অনলাইন পোর্টালের মাধ্যমে কলের তালিকা দেখতে পারেন। এতে অ্যাপ, ইন্টারনেট ব্রাউজিং, বার্তা আদান-প্রদান বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ নেই। ফোনটির দাম ৯৯ দশমিক ৯৯ ডলার। মাসিক সেবা শুরু ৭ দশমিক ৯৯ ডলার থেকে।
টিন ক্যান
১০০ ডলারের টিন ক্যান দেখতে অনেকটা পুরোনো দিনের ল্যান্ডলাইন ফোনের মতো। তবে এটি ব্যবহারে প্রচলিত ফোন সংযোগের প্রয়োজন হয় না। ওয়াই-ফাইয়ের মাধ্যমে ফোনটি চলে এবং শুধু অনুমোদিত ব্যক্তিরাই এতে কল করতে পারেন। অভিভাবকেরা সহযোগী অ্যাপের মাধ্যমে যোগাযোগের তালিকা নিয়ন্ত্রণ করতে পারেন।

টিন ক্যান ব্যবহারকারীদের মধ্যে বিনা মূল্যে কল করা যায়। অন্য অনুমোদিত নম্বরে কল করার জন্য মাসে ৯ দশমিক ৯৯ ডলারের প্যাকেজ রয়েছে।
ওয়াফল
শিশুদের ফোনের বাজারে নতুন প্রতিষ্ঠান ওয়াফল সম্প্রতি দুটি পর্দাবিহীন ডিভাইসের আগাম ফরমাশ নেওয়া শুরু করেছে। ওয়াফল হোম নামের ল্যান্ডলাইন ফোনটির দাম ১১৯ ডলার। অন্যদিকে ১৬৯ ডলারের ওয়াফল গো দেখতে ছোট ওয়াকিটকি বা খেলনার মতো। এতে তিনটি বোতাম রয়েছে, যেগুলো দিয়ে শুধু ভয়েস কল করা ও ভয়েস বার্তা শোনা যায়।

অভিভাবকেরা সহযোগী অ্যাপের মাধ্যমে যোগাযোগের তালিকা অনুমোদন, অবস্থান দেখা এবং কোন সময়ে ফোন করা যাবে, তা নিয়ন্ত্রণ করতে পারবেন। ডিভাইস দুটি ২৩ নভেম্বর থেকে সরবরাহের কথা রয়েছে।
ইয়েলো!
কানাডার টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেক্সটনাও শিশুদের জন্য ইয়েলো! নামের একটি ফোন এনেছে। দেখতে সাধারণ টাচস্ক্রিন স্মার্টফোনের মতো হলেও এতে অ্যাপ স্টোর, সামাজিক যোগাযোগমাধ্যম বা অবাধ ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই।

অভিভাবকরা ফোনের মাধ্যমে সন্তানের অবস্থান ও ব্যাটারির চার্জ দেখতে পারেন। পাশাপাশি কোন গেম খেলা যাবে এবং কারা যোগাযোগের তালিকায় থাকবে, তা নিয়ন্ত্রণ করতে পারেন। ফোনটির দাম ১৪৯ দশমিক ৯৯ ডলার। এর সঙ্গে মাসে ১৯ দশমিক ৯৯ ডলারের সেবা নিতে হয়।