আইফোন ১৮ প্রোতে আসছে অ্যাপলের প্রথম ২ ন্যানোমিটার চিপ
অ্যাপলের পরবর্তী প্রজন্মের আইফোন ১৮ প্রোতে প্রথমবারের মতো ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি চিপ ব্যবহার করা হতে পারে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নতুন এ২০ প্রো চিপ আগের প্রজন্মের চিপের তুলনায় প্রায় ১৮ শতাংশ বেশি শক্তিশালী এবং বিদ্যুৎ ব্যবহারে প্রায় ৩০ শতাংশ বেশি সাশ্রয়ী হতে পারে।
অ্যাপল সাধারণত সেপ্টেম্বরে নতুন আইফোন উন্মোচন করে। এবারও সেপ্টেম্বরেই আইফোন ১৮ সিরিজের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে শুরুতে শুধু আইফোন ১৮ প্রো মডেলগুলো উন্মোচন করা হতে পারে। সাধারণ আইফোন ১৮ মডেল ২০২৭ সালে বাজারে আসতে পারে।
এ২০ প্রো চিপ আইফোন ১৮ প্রো, আইফোন ১৮ প্রো ম্যাক্স ও সম্ভাব্য আইফোন আলট্রা মডেলে ব্যবহারের কথা রয়েছে। ২ ন্যানোমিটার প্রযুক্তির চিপ ব্যবহার করা হলে আইফোনের ইতিহাসে এটিই হবে এ ধরনের প্রথম চিপ।
ছোট আকারের ট্রানজিস্টর ব্যবহারের ফলে একই জায়গায় বেশি ট্রানজিস্টর যুক্ত করা সম্ভব হয়। এতে চিপের কার্যক্ষমতা বাড়ার পাশাপাশি বিদ্যুৎ খরচ কমানোর সুযোগ থাকে। ফলে নতুন চিপ আইফোন ১৮ প্রো-এর কর্মক্ষমতা ও ব্যাটারি ব্যবহারে উন্নতি আনতে পারে।
আইফোন ১৮ প্রো মডেলে এলজি ও স্যামসাংয়ের তৈরি ওএলইডি ডিসপ্লে ব্যবহারেরও গুঞ্জন রয়েছে। এ ছাড়া নতুন মডেলগুলো নন-ফোল্ডেবল আইফোনের মধ্যে অ্যাপলের সবচেয়ে দামি ফোন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অ্যাপল এ বছর প্রথমবারের মতো ভাঁজযোগ্য আইফোন আনতে পারে বলেও আলোচনা রয়েছে। সেই মডেলটির সম্ভাব্য নাম আইফোন আলট্রা এবং এর দাম আইফোন ১৮ প্রো সিরিজের চেয়েও বেশি হতে পারে।
সূত্র : টেলিকম টক ডটইনফো