শিক্ষার্থীদের পড়াশোনা সহজ করবে গুগলের নতুন এআই টুল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ১১:৪৫

শিক্ষার্থীদের পড়াশোনা সহজ করবে গুগলের নতুন এআই টুল

শিক্ষার্থীদের পড়াশোনা আরও সহজ ও কার্যকর করতে সার্চ ও জেমিনিতে একগুচ্ছ নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা চালু করেছে গুগল। নতুন এসব সুবিধায় এআই দিয়ে তৈরি ইন্টার‌্যাকটিভ ভিজ্যুয়াল, ত্রিমাত্রিক সিমুলেশন, বিষয়ভিত্তিক কুইজ, পড়াশোনার আলাদা হাব এবং নোট থেকে স্টাডি নথি তৈরির সুযোগ থাকছে।

সার্চে এখন জটিল বিষয় বোঝার জন্য শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী ইন্টার‌্যাকটিভ টুল ও সিমুলেশন তৈরি করতে পারবেন। যেমন, ‘পিএইচ স্কেল’ লিখে সার্চ করলে এআই ওভারভিউতে বিষয়টি বোঝার জন্য ইন্টার‌্যাকটিভ ভিজ্যুয়াল দেখাবে। এরপর নির্দিষ্ট প্রশ্ন করলে এআই মোড সেই প্রশ্ন অনুযায়ী নতুন অভিজ্ঞতা তৈরি করবে।

যেকোনো বিষয় নিয়ে সার্চ থেকেই তৈরি করা যাবে অনুশীলনী কুইজ। বিজ্ঞান, গণিত, মানবিক ও বিদেশি ভাষাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী কুইজ বানাতে পারবেন। যেমন, পরীক্ষার প্রস্তুতির জন্য নির্দিষ্ট শব্দভান্ডারের ওপর কুইজ তৈরির নির্দেশ দেওয়া যাবে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে গুগল লেন্সেও নতুন ইন্টার‌্যাকটিভ শিক্ষাবিষয়ক সুবিধা চালু হবে। পড়াশোনার কোনো সমস্যা বা প্রশ্নের ছবি তুলে দিলে এআই বিষয়টি ব্যাখ্যা করবে, সম্ভাব্য ভুল শনাক্ত করবে এবং কোথায় আটকে গেলে সে বিষয়ে দিকনির্দেশনা দেবে।

পাশাপাশি পিডিএফ, নথি, স্লাইড বা হাতে লেখা নোট আপলোড করে সেগুলো থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্ত স্টাডি নথি তৈরি করা যাবে। ফলে বিভিন্ন উৎসের পড়াশোনার উপকরণ এক জায়গায় এনে সহজে পুনরালোচনা করা সম্ভব হবে।

জেমিনিতেও যুক্ত হচ্ছে গবেষণার নতুন সুবিধা। ব্যবহারকারী কোনো বিষয়ে গবেষণার নির্দেশ দিলে জেমিনি পেছনে কাজ চালিয়ে যাবে। প্রতিবেদন প্রস্তুত হলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে। এরপর কণ্ঠস্বরের মাধ্যমে গবেষণার ফলাফল নিয়ে আলোচনা বা অতিরিক্ত প্রশ্ন করা যাবে।

এ ছাড়া জেমিনি এখন নির্দেশনা অনুযায়ী কার্যকর ত্রিমাত্রিক সিমুলেশন তৈরি করতে পারবে। যেমন, ডিএনএর গঠন ত্রিমাত্রিকভাবে দেখানোর অনুরোধ করলে সেটি ঘুরিয়ে ও বড় করে দেখা যাবে।

গুগল জেমিনি অ্যাপে পড়াশোনার জন্য আলাদা একটি হাবও চালু করছে। সেখানে স্টাডি নোটবুক তৈরি, ফ্ল্যাশকার্ড বানানো এবং অনুশীলনী কুইজ দেওয়ার সুবিধা থাকবে। এসব সুবিধার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় জেমিনিকে আরও কার্যকর এআই সহকারী হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি হবে।

সূত্র : টেকক্রাঞ্চ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন