বিএসআইসির প্রথম এমডি ও সিইও ওয়াইজ রহিম
বাংলাদেশের স্টার্টআপ খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে গঠিত বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি) পিএলসি প্রথম ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ওয়াইজ রহিমকে নিয়োগ দিয়েছে। আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় গঠিত প্রতিষ্ঠানটির নেতৃত্বে তার নিয়োগকে দেশের প্রাতিষ্ঠানিক ভেঞ্চার ক্যাপিটাল খাতের বিকাশে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।
দেশের ৩৯টি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় গঠিত বিএসআইসির লক্ষ্য উচ্চ প্রবৃদ্ধির সম্ভাবনাময় স্টার্টআপে দেশীয় প্রাতিষ্ঠানিক মূলধন বিনিয়োগ করা এবং দেশের ভেঞ্চার ক্যাপিটাল ও উদ্ভাবনভিত্তিক উদ্যোগের পরিবেশ শক্তিশালী করা।
ইতোমধ্যে বিএসআইসি ‘অঙ্কুর’ নামে ৩ কোটি ৫০ লাখ ডলারের একটি তহবিল চালু করেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪২৫ কোটি টাকা। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যৌথভাবে এই তহবিল থেকে স্টার্টআপে বিনিয়োগ করা হবে।
আগামী পাঁচ বছরে তহবিলটির আকার ১ হাজার কোটি টাকা ছাড়াতে পারে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের ব্যাংকগুলোকে তাদের বার্ষিক মুনাফার ১ শতাংশ এই স্টার্টআপ ইকুইটি তহবিলে বিনিয়োগ করতে হবে।
বিএসআইসিতে যোগ দেওয়ার আগে ওয়াইজ রহিম লন্ডনভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান স্টার্জন ক্যাপিটালে বাংলাদেশের ভেঞ্চার পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠানটি মধ্য এশিয়া, পাকিস্তান ও বাংলাদেশে প্রায় ৩০ কোটি ডলারের তহবিল ব্যবস্থাপনা করে। সেখানে তিনি বিনিয়োগের সুযোগ খোঁজা, যাচাই-বাছাই ও বিনিয়োগ করা প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে কাজ করেছেন।
২০১৭ সালে ওয়াইজ রহিম ডেলিগ্রাম প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি স্থানীয় মুদি দোকানগুলোকে ই-কমার্স পণ্য সরবরাহের নেটওয়ার্কে যুক্ত করার উদ্যোগ নেয়। ডেলিগ্রামের জন্য সিঙ্গাপুর ও নিউইয়র্কের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে ২৫ লাখ ডলারের বেশি বিনিয়োগ সংগ্রহ করেন তিনি।
ওয়াইজ রহিম ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেমস ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন।
বিএসআইসির চেয়ারম্যান ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান মাশরুর আরেফিন বলেন, প্রতিষ্ঠানের প্রথম প্রধান নির্বাহী নিয়োগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ওয়াইজ রহিমের ভেঞ্চার বিনিয়োগের অভিজ্ঞতা, উদ্যোক্তা হিসেবে দৃষ্টিভঙ্গি এবং প্রতিষ্ঠান গড়ার সক্ষমতার সমন্বয় রয়েছে।