অডিওপ্রেমীদের পছন্দের সেরা ১৫ সাবউফার
সংগীত উপভোগের ক্ষেত্রে সাবউফারের কাজ শুধু বেসের গভীরতা বাড়ানো নয়, বরং প্রতিটি বাদ্যযন্ত্রের স্বতন্ত্র ধ্বনি ও সুরের ভারসাম্য বজায় রাখাও। এ কারণে সিনেমার জন্য তৈরি শক্তিশালী সাবউফার সব সময় সংগীত শোনার জন্য সেরা নাও হতে পারে। হেডফোনেস্টির পাঠকদের একাধিক জরিপে পাওয়া ভোটের ভিত্তিতে সংগীত শোনার জন্য সেরা ১৫টি সাবউফারের তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় অডিওপ্রেমীদের পছন্দের শীর্ষে রয়েছে রেল টি/৯এক্স, যা পেয়েছে মোট ভোটের ৩৯ দশমিক ৭৬ শতাংশ।
১. রেল টি/৯এক্স (REL T/9x)
ভোট: ৩৯.৭৬ শতাংশ
তালিকার শীর্ষে থাকা এই সাবউফারে রয়েছে ১০ ইঞ্চির ড্রাইভার, প্যাসিভ রেডিয়েটর এবং ৩০০ ওয়াটের অ্যামপ্লিফায়ার। ২৭ হার্টজ পর্যন্ত নিম্ন কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারে এটি। স্পিকারের সঙ্গে সরাসরি সংযোগের জন্য বাক্সে নিউট্রিক স্পিকন তার দেওয়া হয়। এতে ডিজিটাল সংকেত প্রক্রিয়াকরণ বা অ্যাপনির্ভর নিয়ন্ত্রণ নেই। ক্রসওভার, শব্দের মাত্রা, ফেজ ও অবস্থান হাতে সমন্বয় করতে হয়। সঠিকভাবে সেটআপ করলে কম শব্দেও বেসের সূক্ষ্মতা বজায় থাকে। তবে সিনেমার অতি গভীর বেসের জন্য বড় সাবউফারের তুলনায় এর ক্ষমতা কম।

২. এসভিএস এসবি-১০০০ প্রো (SVS SB-1000 Pro)
ভোট: ১৭.৫৫ শতাংশ
১২ ইঞ্চির ড্রাইভারযুক্ত এই সিলড সাবউফারটি বেস গিটারের প্রতিটি টান ও শব্দের পার্থক্য স্পষ্টভাবে তুলে ধরতে পারে। ছোট আকারের বাক্সের কারণে ঘরে সহজেই রাখা যায়। মূল স্পিকারের সঙ্গে ৪৫ হার্টজ ক্রসওভারে যুক্ত করলে আলাদা করে সাবউফারের উপস্থিতি বোঝা কঠিন। মোবাইল অ্যাপ দিয়ে ক্রসওভার, ফেজ ও তিন স্তরের প্যারামেট্রিক ইকিউ নিয়ন্ত্রণ করা যায়। তবে ২০ থেকে ২৫ হার্টজের মতো অতি নিম্ন কম্পাঙ্কে এর শব্দ তৈরির ক্ষমতা সীমিত। সংগীত শোনার ক্ষেত্রে এই সীমাবদ্ধতা বড় সমস্যা নয়।

৩. রেল এস/৫১০ (REL S/510)
ভোট: ৯.৫৩ শতাংশ
৫০০ ওয়াটের অ্যামপ্লিফায়ার ও ১২ ইঞ্চির প্যাসিভ রেডিয়েটরযুক্ত এই সাবউফারটি ছোট আকারের স্টেরিও স্পিকারের সঙ্গে ভালো কাজ করে। বেসের গভীরতা বাড়ানোর পাশাপাশি বাদ্যযন্ত্র ও কণ্ঠের স্বচ্ছতা বজায় রাখে। বিশেষ করে ডাবল বেসের সঙ্গে কণ্ঠসংগীত শুনলে এর কার্যকারিতা বোঝা যায়। সিনেমার জন্য এতে আলাদা ফিল্টার এবং এক্সএলআর ও আরসিএ সংযোগ রয়েছে। তবে রেল ২০২৫ সালে মডেলটির উৎপাদন বন্ধ করে এর পরিবর্তে এস/৫৫০ বাজারে আনে।

৪. রিদমিক এফ১২ এসই (Rythmik F12 SE)
ভোট: ৪.৭১ শতাংশ
১২ ইঞ্চির সিলড ড্রাইভারযুক্ত এই সাবউফারে রয়েছে ডাইরেক্ট সার্ভো প্রযুক্তি। এতে ড্রাইভারের প্রকৃত নড়াচড়া ও প্রবেশ করা সংকেতের তুলনা করে তাৎক্ষণিকভাবে ভুল সংশোধন করা হয়। ফলে গভীর বেসেও শব্দ থাকে নিয়ন্ত্রিত ও স্পষ্ট। এতে ডিজিটাল প্রক্রিয়াকরণের বদলে অ্যানালগ পদ্ধতিতে সংকেত নিয়ন্ত্রণ করা হয়। তবে উচ্চ শব্দে সিনেমার ভারী বেস সামলাতে গিয়ে সাবউফারটি সীমাবদ্ধতায় পড়ে। এটি মূল এফ১২ মডেলের চকচকে আবরণযুক্ত সংস্করণ।

৫. ডাইনঅডিও সাব ৬ (Dynaudio Sub 6)
ভোট: ৪.১৫ শতাংশ
ডাইনঅডিওর ৩২টি স্পিকারের জন্য এতে আগে থেকে নির্ধারিত সেটিংস রয়েছে। নির্দিষ্ট স্পিকার নির্বাচন করলে তার শব্দের বৈশিষ্ট্যের সঙ্গে মিলিয়ে সাবউফারের বেস সমন্বয় করা যায়। ছোট ঘরে ডাইনঅডিওর কনট্যুর সিরিজের স্পিকারের সঙ্গে ব্যবহার করে ২০ হার্টজ পর্যন্ত বেস পাওয়া সম্ভব। সিলড বাক্সে মুখোমুখি বসানো দুটি প্রায় সাড়ে ৯ ইঞ্চির ড্রাইভার এবং ৫০০ ওয়াটের অ্যামপ্লিফায়ার রয়েছে। তবে এতে আলাদা এলএফই ইনপুট নেই। ফলে সিনেমার চেয়ে স্টেরিও সংগীত শোনার ব্যবস্থায় এটি বেশি উপযোগী।

৬. এসভিএস এসবি-৩০০০ (SVS SB-3000)
ভোট: ৩.৩৭ শতাংশ
সিলড নকশার এই সাবউফারটি বেসের স্থায়িত্ব ও মূল স্পিকারের সঙ্গে শব্দের সামঞ্জস্য বজায় রাখতে পারে। পাইপ অর্গানের সংগীতে গভীর বেস যোগ করলেও নিজের উপস্থিতি আলাদা করে জানান দেয় না। ২০১৯ সালে এসভিএসের পিবি-৩০০০ মডেলের সঙ্গে তুলনায় পরীক্ষকেরা সংগীত শোনার জন্য এসবি-৩০০০-কে এগিয়ে রেখেছিলেন। এতে ড্রামের শব্দ দ্রুত থামে, বেসের ছন্দ স্পষ্ট থাকে এবং কণ্ঠের স্বচ্ছতা বজায় থাকে। তবে সিনেমার অতি গভীর বেসের ক্ষেত্রে পোর্টযুক্ত পিবি-৩০০০ বেশি শক্তিশালী। ২০২৬ সালের জানুয়ারিতে এসভিএস মডেলটির পরিবর্তে এসবি-৩০০০ আর/ইভোলিউশন বাজারে আনে।

৭. জেএল অডিও ডি১১০ (JL Audio D110)
ভোট: ৩.০৩ শতাংশ
১০ ইঞ্চির ড্রাইভার ও সিলড বাক্সের এই সাবউফারটি ছোট আকারের স্পিকারের সঙ্গে ব্যবহার করলে ডাবল বেস ও অন্যান্য নিম্ন কম্পাঙ্কের বাদ্যযন্ত্রের শব্দ আরও ভারী ও স্পষ্ট হয়। এতে স্পিকারের তারের মাধ্যমে সরাসরি অ্যামপ্লিফায়ারের সঙ্গে সংযোগ দেওয়া যায়। পাইপ অর্গানের সংগীতেও প্রতিটি বেস নোট আলাদা করে শোনা যায়। তবে ২০ হার্টজের নিচে গভীর বেস তৈরির ক্ষমতা বড় সাবউফারের তুলনায় কম। মডেলটি এখনো নতুন অবস্থায় বিক্রি হয়; দাম ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ মার্কিন ডলার।

৮. বোয়ার্স অ্যান্ড উইলকিন্স পিভি১ডি (B&W PV1D)
ভোট: ২.৮০ শতাংশ
সিলড ও গোলাকার বাক্সের দুই পাশে মুখোমুখি বসানো দুটি ৮ ইঞ্চির ড্রাইভার রয়েছে এতে। বিপরীতমুখী ড্রাইভার দুটি একসঙ্গে কাজ করায় বাক্সের কম্পন কমে এবং বেসের অপ্রয়োজনীয় অনুরণন নিয়ন্ত্রণে থাকে। সংগীত শোনার জন্য আলাদা ইকিউ সেটিংস ও পাঁচটি ব্যবহারকারী-নির্ধারিত সেটিংস রয়েছে। তবে ছোট বাক্সের কারণে উচ্চ শব্দে গভীর বেস তৈরির ক্ষমতা সীমিত। বোয়ার্স অ্যান্ড উইলকিন্স ২০২২ সালের শুরুর দিকে মডেলটির উৎপাদন বন্ধ করে। এর কাছাকাছি উত্তরসূরি ডিবি৩ডি।

৯. ভেলোডাইন ডিডি-১০ প্লাস (Velodyne DD-10+)
ভোট: ২.৩৬ শতাংশ
এই সাবউফারের সার্ভো ব্যবস্থা প্রতি সেকেন্ডে প্রায় ১৬ হাজার বার ড্রাইভারের নড়াচড়া পরিমাপ করে সংকেতের সঙ্গে পার্থক্য সংশোধন করে। ফলে দ্রুত বেস গিটারের প্রতিটি টান এবং বাদ্যযন্ত্রের সূক্ষ্ম শব্দ স্পষ্ট থাকে। এতে পরিমাপের মাইক্রোফোন ও স্বয়ংক্রিয় ইকিউ সুবিধা রয়েছে। সংগীতের পাশাপাশি সিনেমার ভারী বেসও সামলাতে পারে এটি। তবে স্বয়ংক্রিয় শব্দ সমন্বয় সব ধরনের স্পিকারের সঙ্গে ভালো কাজ নাও করতে পারে। মডেলটি এখন উৎপাদন বন্ধ অবস্থায় রয়েছে।

১০. ক্লিপশ আর-১০০এসডব্লিউ (Klipsch R-100SW)
ভোট: ২.২৪ শতাংশ
মূলত হোম থিয়েটারের জন্য তৈরি হলেও ছোট স্টেরিও স্পিকারের বেস বাড়াতে এটি কার্যকর। ৮০ থেকে ১২০ হার্টজ ক্রসওভারে ব্যবহার করলে বেসের গভীরতা বাড়ে এবং সাবউফারের অবস্থান সহজে বোঝা যায় না। তবে এতে উন্নত নিয়ন্ত্রণব্যবস্থা বা ঘরের শব্দ অনুযায়ী স্বয়ংক্রিয় সমন্বয়ের সুবিধা নেই। পেছনে পোর্টযুক্ত বাক্স এবং ০ ও ১৮০ ডিগ্রি ফেজ পরিবর্তনের সুইচ রয়েছে। মডেলটির উৎপাদন বন্ধ করে এর পরিবর্তে আর-১০১এসডব্লিউ আনা হয়েছে।

১১. পারলিসটেন ডি১২এস (Perlisten D12s)
ভোট: ২.২৪ শতাংশ
সিলড নকশার এই সাবউফারটি বেসের সর্বোচ্চ শব্দমাত্রার চেয়ে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণে বেশি গুরুত্ব দেয়। ছোট স্টেরিও স্পিকারের সঙ্গে ব্যবহার করলে শব্দে বাড়তি ভার যোগ হয়, কিন্তু বাদ্যযন্ত্রের স্বতন্ত্র বৈশিষ্ট্য নষ্ট হয় না। এতে ১০ স্তরের প্যারামেট্রিক ইকিউ রয়েছে। ঘরের কারণে বেসে তৈরি হওয়া অতিরিক্ত শব্দ নিয়ন্ত্রণেও এটি সহায়তা করে। আরসিএ ও এক্সএলআর সংযোগ থাকায় উপযুক্ত স্টেরিও ব্যবস্থায় সহজেই যুক্ত করা যায়।

১২. জেবিএল এল১০সিএস (JBL L10cs)
ভোট: ২.০২ শতাংশ
আখরোট কাঠের আবরণ ও নিচের দিকে মুখ করা ১০ ইঞ্চির ড্রাইভার এই সাবউফারকে আলাদা নকশা দিয়েছে। জেবিএলের ক্লাসিক সিরিজের স্পিকারের সঙ্গে দেখতে মানানসই হওয়ায় পুরোনো ধাঁচের স্টেরিও ব্যবস্থায় এটি ব্যবহার করা যায়। ছোট ঘরে বেসের গভীরতা বাড়াতে কার্যকর হলেও বড় ঘরে ১০ ইঞ্চির ড্রাইভারের ক্ষমতা যথেষ্ট নাও হতে পারে। জেবিএল এর নিম্ন কম্পাঙ্কের সীমা ৩২ হার্টজ বলে জানিয়েছে।

১৩. আরএসএল স্পিডউফার ১০এস এমকে টু (RSL Speedwoofer 10S MKII)
ভোট: ১.৮৫ শতাংশ
এই সাবউফারে সংগীত ও সিনেমার জন্য আলাদা দুটি সেটিংস রয়েছে। সংগীত শোনার সেটিংসে প্রায় ৩০ হার্টজ থেকে বেস কমতে শুরু করে। সিনেমার সেটিংসে তা ২০ হার্টজের মাঝামাঝি পর্যন্ত তুলনামূলক সমান থাকে। পাইপ অর্গান ও ডাবল বেসের সংগীতে প্রতিটি সুর আলাদা করে তুলে ধরতে পারে এটি। আরসিএ বা স্পিকারের তারের মাধ্যমে সংযোগ দেওয়া যায়। ৪৯৯ মার্কিন ডলারের এই মডেলটি তুলনামূলক সাশ্রয়ী বিকল্প।

১৪. এম অ্যান্ড কে সাউন্ড ভি১০ প্লাস (M&K Sound V10+)
ভোট: ১.৭৪ শতাংশ
১৯৭৩ সাল থেকে সংগীত প্রযোজনার কাজে সাবউফার তৈরির অভিজ্ঞতা রয়েছে এম অ্যান্ড কে সাউন্ডের। ভি১০ প্লাস মডেলে সেই অভিজ্ঞতার প্রতিফলন রয়েছে। ১০ ইঞ্চির বিশেষভাবে তৈরি কাগজের ড্রাইভার ও কম্পনরোধী বাক্স সংগীতের গভীর বেসকে স্বচ্ছ রাখতে সহায়তা করে। স্টেরিও স্পিকারের সঙ্গে ক্রসওভার ও ফেজ হাতে সমন্বয় করা যায়। তবে এতে শুধু আরসিএ সংযোগ থাকায় উপযুক্তhttps://techworldbd.com/news/2620 অ্যামপ্লিফায়ার প্রয়োজন।

১৫. ইল্যাক সাব ২০৭০ (ELAC SUB 2070)
ভোট: ১.৫১ শতাংশ
এই সাবউফারের শব্দ সমন্বয়ে স্মার্টফোনের অ্যাপ ব্যবহার করা যায়। অ্যাপটি ফোনের মাইক্রোফোন দিয়ে সাবউফারের সামনে ও শ্রোতার বসার জায়গায় শব্দ পরিমাপ করে ঘরের প্রভাব বিবেচনায় নিয়ে বেস সমন্বয় করে। সিলড বাক্সে মুখোমুখি বসানো দুটি ১০ ইঞ্চির ড্রাইভার রয়েছে। এতে বাক্সের কম্পন কমে এবং সংগীতের বেস স্বচ্ছ থাকে। অ্যাপের মাধ্যমে সংগীত ও সিনেমার জন্য আলাদা সেটিংসও বেছে নেওয়া যায়।
