দুই দশক পূর্তিতে নতুন নকশার আইফোন আনছে অ্যাপল
অ্যাপলের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০২৭ সালে নতুন নকশার আইফোন আসছে। তবে গুঞ্জনে যেভাবে পুরো ফোনে কাচ ব্যবহারের কথা বলা হয়েছিল, চূড়ান্ত নকশায় ততটা কাচ থাকছে না।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নকশাটি আইফোনের প্রো মডেল দুটির জন্য রাখা হয়েছে।
নতুন আইফোনের সামনে ও পেছনে কাচ থাকবে এবং তা ফোনের দুই পাশ পর্যন্ত বাঁকানো হবে। মাঝখানে থাকবে ধাতব কাঠামো। ফোন দুটির অভ্যন্তরীণ কোডনাম ভি৭৩ ও ভি৭৪।
এর আগে জেফরিজের বিশ্লেষক এডিসন লি জানিয়েছিলেন, উৎপাদনে কাঙ্ক্ষিত মান বজায় রাখা কঠিন হওয়ায় পুরো কাচের আইফোনের পরিকল্পনা বাতিল করেছে অ্যাপল। তবে ব্লুমবার্গের সূত্র বলছে, ২০২৭ সালের আইফোনের পরিকল্পনায় বড় কোনো পরিবর্তন আসেনি।
আসলে বাতিল হয়েছে আরও বেশি কাচ ব্যবহারের একটি উচ্চাভিলাষী নকশা। ওই নকশায় ধাতব কাঠামোর বদলে আরও বেশি কাচ ব্যবহারের পরিকল্পনা ছিল। কাচের প্যানেলগুলো জোড়া লাগানো এবং লাখ লাখ ইউনিট উৎপাদনের ক্ষেত্রে জটিলতা দেখা দেওয়ায় সেটি বাদ দেওয়া হয়।
২০২৭ সালের আইফোনের নকশা এরই মধ্যে পরীক্ষার পর্যায়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অ্যাপল সাধারণত নতুন আইফোন উন্মোচনের প্রায় এক বছর আগেই এর নকশা চূড়ান্ত করে।

এর আগে আগামী মাসে অ্যাপল ভাঁজযোগ্য আইফোন আনতে পারে। একই সময়ে আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্স মডেলেও ক্যামেরার উন্নতি এবং নতুন গাঢ় লাল রঙ আসার কথা রয়েছে। বসন্তে আসতে পারে আইফোন ১৮, ১৮ই এবং দ্বিতীয় প্রজন্মের আইফোন এয়ার।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া