চীন ও সিঙ্গাপুরের পর বাংলাদেশে অনারের তৃতীয় আলফা স্টোর
রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের প্রথম ‘আলফা স্টোর’ চালু করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অনার। চীন ও সিঙ্গাপুরের পর বাংলাদেশে চালু হলো প্রতিষ্ঠানটির তৃতীয় আলফা স্টোর। এখানে অনারের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য, স্মার্ট ডিভাইস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–চালিত ইকোসিস্টেমের অভিজ্ঞতা নিতে পারবেন গ্রাহকেরা।
যমুনা ফিউচার পার্কের চতুর্থ তলায় অবস্থিত স্টোরটি সাজানো হয়েছে ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’ হিসেবে। এখানে দেখা যাবে, অনারের বিভিন্ন ডিভাইস কীভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে দৈনন্দিন কাজ সহজ করে। ২০২৫ সালের সেপ্টেম্বরে চীনের শেনজেনে প্রথম আলফা স্টোর চালু করে প্রতিষ্ঠানটি।
উদ্বোধনী অনুষ্ঠানে অনারের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের রিটেইল হেড লিউ পেই হেইলি বলেন, ‘বাংলাদেশে আলফা স্টোর চালু করা প্রতিষ্ঠানটির জন্য গর্বের মুহূর্ত।’ নতুন প্রযুক্তির প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই স্টোরের মাধ্যমে গ্রাহকেরা অনারের পণ্যগুলোকে আলাদা ডিভাইসের পরিবর্তে সমন্বিত ইকোসিস্টেম হিসেবে ব্যবহারের অভিজ্ঞতা পাবেন।’
অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর লাং গুও বলেন, ‘আলফা স্টোরে অনারের সর্বাধুনিক উদ্ভাবনগুলো একসঙ্গে পাওয়া যাবে। গ্রাহকেরা এখানে সরাসরি দেখতে পারবেন, বিভিন্ন ডিভাইস কীভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে।’
স্টোরটিতে স্মার্টফোনের পাশাপাশি রয়েছে অনারের রোবট ফোন, ম্যাজিক ভি৬ ফোল্ডেবল ফোন, ট্যাবলেট, ল্যাপটপ, টিভি, ইয়ারবাডস, ক্লিপ, হেডফোন ও স্মার্টওয়াচ। এসব পণ্য ও নতুন প্রযুক্তি পর্যায়ক্রমে বাংলাদেশের বাজারে আনা হবে। অনার কানেক্ট অনুষ্ঠানে এই সমন্বিত ইকোসিস্টেমের ঘোষণা দেওয়া হয়েছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনারের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন, ডিরেক্টর ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাইফ হাসান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জেফার ও মাহতিম সাকিব।