চ্যাটজিপিটির পর ১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলকে জেমিনিও
মাসিক ব্যবহারকারীর সংখ্যায় ১০০ কোটির মাইলফলক ছুঁয়েছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনি। এর কয়েক সপ্তাহ আগেই একই মাইলফলক অতিক্রম করেছে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি। ফলে এআই চ্যাটবটের বাজারে দুই সেবার প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।
গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই এক্সে জানান, প্রতি মাসে ১০০ কোটি মানুষ জেমিনি ব্যবহার করছেন। তার দাবি, গুগলের ইতিহাসে জেমিনিই সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা পণ্য।
ওপেনএআই গত ৬ আগস্ট জানায়, ১০০ কোটির বেশি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করছেন। বিভিন্ন তৃতীয় পক্ষের তথ্যেও এর আগে চলতি বছরের জুনে চ্যাটজিপিটির মাসিক ব্যবহারকারী ১০০ কোটি ছাড়ানোর ইঙ্গিত পাওয়া যায়।
তবে চ্যাটজিপিটি ও জেমিনির ব্যবহারকারীর পরিসংখ্যান পুরোপুরি একই ধরনের নয়। ওপেনএআই ফেব্রুয়ারিতে জানিয়েছিল, চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী ছিল ৯০ কোটি। পাঁচ মাস পর সেটি ১০০ কোটি ছাড়িয়েছে। তবে বর্তমানে চ্যাটজিপিটির মাসিক ব্যবহারকারীর সঠিক সংখ্যা জানায়নি প্রতিষ্ঠানটি।
জেমিনির ব্যবহারকারী বৃদ্ধিও ছিল দ্রুত। চলতি বছরের ফেব্রুয়ারিতে গুগল জানিয়েছিল, জেমিনির মাসিক ব্যবহারকারী ছিল ৭৫ কোটি। জুলাইয়ের শেষ দিকে এই সংখ্যা বেড়ে ৯৫ কোটিতে পৌঁছায়। গুগলের তথ্য অনুযায়ী, গত সপ্তাহেই জেমিনি ১০০ কোটি মাসিক ব্যবহারকারীর মাইলফলক অতিক্রম করে।
চ্যাটজিপিটি দীর্ঘদিন ধরে এআই চ্যাটবটের বাজারে নেতৃত্ব দিয়ে আসছে। তবে জেমিনির দ্রুত ব্যবহারকারী বৃদ্ধি গুগল ও ওপেনএআইয়ের প্রতিযোগিতা আরও জোরালো হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
সূত্র : দ্য ভার্জ