গ্যালাক্সি এস২৭ আলট্রায় স্ক্রিনের আলো নিয়ন্ত্রণে আসতে পারে পরিবর্তন

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৩০

গ্যালাক্সি এস২৭ আলট্রায় স্ক্রিনের আলো নিয়ন্ত্রণে আসতে পারে পরিবর্তন

স্যামসাংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস২৭ প্রো ও এস২৭ আলট্রায় ডিসি ডিমিং প্রযুক্তি যুক্ত হতে পারে। এ প্রযুক্তি স্ক্রিনের উজ্জ্বলতা নিয়ন্ত্রণের সময় আলো ঝলকানো কমিয়ে চোখের ক্লান্তি ও মাথাব্যথার ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি স্যামসাং।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জিএসএম এরিনার শনিবার (১০ অক্টোবর) প্রতিবেদন অনুযায়ী, গ্যালাক্সি এস২৭ সিরিজের স্ক্রিনে তৈরির প্রস্তুতির মধ্যে এ তথ্য সামনে এসেছে। গ্যালাক্সি এস২৬ আলট্রাসহ স্যামসাংয়ের বর্তমান ফোনগুলোতে উজ্জ্বলতা নিয়ন্ত্রণে প্রচলিত পালস উইডথ মডুলেশন (পিডব্লিউএম) প্রযুক্তি ব্যবহার করা হয়।

পিডব্লিউএম পদ্ধতিতে দ্রুতগতিতে আলো জ্বালানো ও নেভানোর মাধ্যমে পর্দার উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করা হয়। এতে কিছু ব্যবহারকারীর চোখে ক্লান্তি বা মাথাব্যথা হতে পারে। অন্যদিকে ডিসি ডিমিংয়ে আলোর উৎসে সরবরাহ করা ভোল্টেজ পরিবর্তন করে উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করা হয়, ফলে আলো ঝলকানো কমে। তবে আধুনিক স্ক্রিনে পরিবর্তনশীল রিফ্রেশ রেটের মতো সুবিধার সঙ্গে এ প্রযুক্তি সমন্বয় করা তুলনামূলক কঠিন। এ কারণে মাঝারি ও বেশি উজ্জ্বলতায় ডিসি ডিমিং এবং কম উজ্জ্বলতায় পিডব্লিউএম ব্যবহারের মতো যৌথ পদ্ধতিও কাজে লাগতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, গ্যালাক্সি এস২৭ প্রো ও এস২৭ আলট্রায় স্যামসাংয়ের নতুন এম১৬ ওএলইডি উপকরণ ব্যবহারের গুঞ্জন রয়েছে। অন্যদিকে সাধারণ গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসে এম১৪ প্লাস উপকরণ থাকতে পারে। গ্যালাক্সি এস২৬ আলট্রায় চালু হওয়া প্রাইভেসি ডিসপ্লে সুবিধাও নতুন দুই মডেলে রাখা হতে পারে।

তবে প্রতিবেদনে স্যামসাংয়ের স্ক্রিনে প্রকৃত ১০-বিট রঙের সমর্থন নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। কিছু প্রতিদ্বন্দ্বী নির্মাতা ইতোমধ্যে ১২-বিট রঙের সমর্থন দিচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অ্যাপলের আইফোনেও প্রকৃত হার্ডওয়্যারভিত্তিক ১০-বিট রঙের সমর্থন বা ডিসি ডিমিং নেই; সেখানে সেটিংসে ‘স্মুথ পিডব্লিউএম’ সুবিধা রয়েছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন