দেশের বাজারে এআই-নির্ভর অনার ৬০০ সিরিজের স্মার্টফোন উন্মোচিত
দেশের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে নতুন সিরিজ উন্মোচন করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম ব্র্যান্ড অনার। ‘অনার ৬০০ ৫জি’ সিরিজে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘এআই ইমেজ টু ভিডিও ২.০’ ফিচার, যার মাধ্যমে স্থির ছবিকে সহজেই সিনেম্যাটিক ভিডিওতে রূপান্তর করা যাবে।
গত বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন এই সিরিজের উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুওসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অংশ নেন দেশের শীর্ষ প্রযুক্তি সাংবাদিক, টেক রিভিউয়ার ও ইনফ্লুয়েন্সাররাও। আয়োজনের অংশ হিসেবে ছিল এক্সপেরিয়েন্স জোন, ডিজে পারফরম্যান্স এবং ফ্যাশন শো।
অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, প্রযুক্তি শুধু যন্ত্র নয়, এটি সৃজনশীলতার অনুপ্রেরণা। অনার ৬০০ সিরিজের এআই প্রযুক্তি ব্যবহারকারীদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে আরও সহজ ও নান্দনিকভাবে উপস্থাপনের সুযোগ দেবে।
নতুন সিরিজের অন্যতম আকর্ষণ মাত্র ০.৯৮ মিমি বেজেল, যা বর্তমানে স্মার্টফোন খাতে অন্যতম সরু বেজেল হিসেবে উল্লেখ করা হচ্ছে। প্রিসিশন-কার্ভড ইউনিবডি ডিজাইনের এই ফোনে রয়েছে কম্পোজিট ফাইবার ব্যাক ও ম্যাট মেটাল ফিনিশ। নিরাপত্তার জন্য যুক্ত করা হয়েছে এসজিএস ৫-স্টার সার্টিফিকেশন, যা দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুরক্ষা দেবে।
ফটোগ্রাফি অভিজ্ঞতায় রয়েছে ২০০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা সিস্টেম। ভিডিও স্থিতিশীলতার জন্য যুক্ত করা হয়েছে সিআইপিএ ৬.০ গ্রেড ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি। স্বল্প আলোতে উন্নত ছবি তোলার জন্য রয়েছে আল্ট্রা ক্লিয়ার নাইট ক্যামেরা, যা এআই কালার ইঞ্জিন ও ফ্ল্যাগশিপ-গ্রেড অ্যালগরিদমে কাজ করে।
ফোনটিতে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘এআই ইমেজ টু ভিডিও ২.০’ ফিচার এবং একটি ডেডিকেটেড এআই বাটন, যা ব্যবহারে সুবিধা বাড়িয়েছে।
পারফরম্যান্সের জন্য প্রো ভ্যারিয়েন্টে রয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, আর রেগুলার ভ্যারিয়েন্টে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট। ব্যাটারিতে থাকছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার-ঘণ্টার ক্ষমতা। দ্রুত চার্জিংয়ের জন্য রয়েছে ৮০ ওয়াট তারযুক্ত ও ৫০ ওয়াট তারবিহীন সুপারচার্জ প্রযুক্তি।
দামের দিক থেকে প্রো ভ্যারিয়েন্টের ১২ জিবি ও ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ৯শ’ ৯৯ টাকা। রেগুলার ভ্যারিয়েন্টের ৮ জিবি ও ২৫৬ জিবি মডেল ৬৪ হাজার ৯শ’ ৯৯ টাকা এবং ১২ জিবি ও ২৫৬ জিবি মডেল ৬৯ হাজার ৯শ’ ৯৯ টাকা। ফোনটি পাওয়া যাবে অরেঞ্জ, গোল্ডেন হোয়াইট ও ব্ল্যাক রঙে।
একই অনুষ্ঠানে উন্মোচন করা হয় অনার ৬০০ লাইট, যার দাম ৪৪ হাজার ৯শ’ ৯৯ টাকা। আগামী ১৫ মে পর্যন্ত প্রি-বুক করার সুযোগ রয়েছে।
অনারের দাবি, নতুন এই সিরিজ দেশের স্মার্টফোন বাজারে এআই-নির্ভর অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।