ইউরোপের ই-কমার্স বাজারে শক্ত অবস্থান গড়তে চায় চীনের জেডি ডটকম

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৬

ইউরোপের ই-কমার্স বাজারে শক্ত অবস্থান গড়তে চায় চীনের জেডি ডটকম

চীনের ই-কমার্স প্রতিষ্ঠান জেডি ডটকম জার্মানির খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান সিকোনমি অধিগ্রহণের মাধ্যমে ইউরোপের অনলাইন ইলেকট্রনিকস বাজারে শীর্ষস্থান দখলের পরিকল্পনা করছে। ২৫০ কোটি মার্কিন ডলারের এই অধিগ্রহণ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সম্পন্ন হয়েছে। এর ফলে সিকোনমির মালিকানাধীন মিডিয়ামার্কট ও স্যাটার্ন ব্র্যান্ডের মাধ্যমে ইউরোপের বাজারে ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবে জেডি ডটকম।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জেডি ওয়ার্ল্ডওয়াইডের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক লি জানিয়েছেন, প্রতিষ্ঠানটির লক্ষ্য ইউরোপে ইলেকট্রনিক পণ্যের শীর্ষস্থানীয় বিক্রয় প্ল্যাটফর্ম গড়ে তোলা। সিকোনমির প্রধান নির্বাহী রেমকো রিজন্ডার্স জানিয়েছেন, জেডি ডটকমের সহযোগিতায় ইউরোপজুড়ে পরদিন পণ্য সরবরাহ, উবারের মাধ্যমে ৯০ মিনিটে ডেলিভারি এবং ৩০ মিনিটের মধ্যে দোকান থেকে পণ্য সংগ্রহের সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।

রিজন্ডার্সের দাবি, এই সেবা ইউরোপের বাজারে বড় পরিবর্তন আনবে। ভবিষ্যতে জেডি ডটকমের ইউরোপীয় অনলাইন প্ল্যাটফর্ম জয়বাইয়ের ক্রেতারাও সিকোনমির খুচরা বিক্রয়কেন্দ্র ব্যবহার করতে পারবেন।

মিডিয়ামার্কট ও স্যাটার্নের ইউরোপের ১১টি দেশে এক হাজারের বেশি বিক্রয়কেন্দ্র রয়েছে। অন্যদিকে, জেডি ডটকমের ইউরোপীয় লজিস্টিকস নেটওয়ার্কে বর্তমানে ৬০টির বেশি কেন্দ্র রয়েছে। অধিগ্রহণের পর এ অঞ্চলে সরবরাহব্যবস্থা আরও সম্প্রসারণের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

জেডি ডটকম জানিয়েছে, নতুন মালিকানায়ও সিকোনমির প্রধান নির্বাহী রিজন্ডার্স ও তার বর্তমান দলই ব্যবসা পরিচালনা করবেন।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন