অনলাইন কেনাকাটার তথ্যভান্ডার তৈরির পরিকল্পনা অ্যামাজনের
ইন্টারনেটে যেখানেই পণ্য বিক্রি হোক, সেগুলোর বিস্তারিত তথ্য নিয়ে বিশাল তথ্যভান্ডার তৈরির পরিকল্পনা করছে অ্যামাজন। ‘ওয়ার্ল্ড প্রোডাক্ট গ্রাফ’ নামের এই প্রকল্পের লক্ষ্য, পণ্য সম্পর্কে তথ্য খুঁজতে ক্রেতারা যেন রেডিট বা গুগলের পরিবর্তে অ্যামাজনের ওপর নির্ভর করেন। এমনকি অ্যামাজনে বিক্রি হয় না, এমন পণ্যের তথ্যও এই ভান্ডারে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
রয়টার্সের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে শুধু সাধারণ ক্রেতা নয়, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কেনাকাটার সহকারীদেরও আকৃষ্ট করতে চায় অ্যামাজন। বিশ্বের সবচেয়ে বড় পণ্যতথ্যের ভান্ডার তৈরি করতে পারলে এআই এজেন্টগুলোও অন্য উৎসের পরিবর্তে অ্যামাজনের তথ্য ব্যবহার করতে পারে। এতে অন্য ওয়েবসাইটে বিক্রি হওয়া পণ্যের খোঁজ করতেও ক্রেতারা অ্যামাজনে আসবেন।
গত বছর চালু করা ‘শপ ডাইরেক্ট’ সুবিধার মাধ্যমে ইতোমধ্যে অ্যামাজনে অন্য বিক্রেতাদের পণ্যের লিংক দেখানো শুরু হয়েছে। এ ছাড়া ‘অ্যালেক্সা ফর শপিং’ নামে এআইভিত্তিক কেনাকাটার সহকারীও রয়েছে প্রতিষ্ঠানটির। আগে এই সহকারীর নাম ছিল রুফাস।
রয়টার্সের দেখা অ্যামাজনের একটি অভ্যন্তরীণ নথিতে বলা হয়েছে, রুফাসের অনেক উত্তরই ভুল বা অসম্পূর্ণ। এআইয়ের মাধ্যমে ব্যবহারকারীদের অনুসন্ধানের উত্তর দিতেও বেশি খরচ হচ্ছে। নতুন প্রকল্পের তথ্যভান্ডার সমৃদ্ধ করা গেলে উত্তর আরও নির্ভুল হবে এবং তুলনামূলক কম খরচের এআই মডেল ব্যবহার করা সম্ভব হবে বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
তবে প্রকল্পটি বাস্তবায়িত হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। অন্য বিক্রেতাদের ওয়েবসাইটে পণ্যগুলো কীভাবে সাজানো রয়েছে, তা শনাক্ত করাকে প্রকল্পটির অন্যতম চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ জন্য অ্যামাজনকে অন্য অনলাইন বিক্রেতাদের ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে হতে পারে।
রয়টার্স জানিয়েছে, প্রকল্পটি কবে বা আদৌ চালু হবে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে অভ্যন্তরীণ নথিতে ২০২৭ সালের ১ অক্টোবর সম্ভাব্য উদ্বোধনের তারিখ উল্লেখ রয়েছে।
এ বিষয়ে রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে অ্যামাজন বলেছে, খসড়া বা পুরোনো নথিতে অসম্পূর্ণ তথ্য থাকতে পারে। এ ধরনের একটি পরিকল্পনাসংক্রান্ত নথির অস্তিত্ব মানেই যে সেটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নয়।