এইচডিএমআই পোর্ট নিয়ে বিভ্রান্তি, জেনে নিন সঠিক ব্যবহার
নতুন টিভির পেছনে একাধিক এইচডিএমআই পোর্ট দেখে অনেকেই ভাবেন, যেকোনোটিতেই তার লাগালেই চলবে। বাস্তবতা হলো, সব পোর্ট দেখতে এক হলেও কাজের দিক থেকে এক নয়। ভুল পোর্টে গেম কনসোল, সাউন্ডবার বা কম্পিউটার লাগালে পুরো সক্ষমতা পাওয়া যায় না। কখনো গেম আটকে যায় কম রিফ্রেশ রেটে, কখনো আবার সাউন্ডই আসে না।
ভালো খবর হলো, কোন পোর্ট কী কাজে ব্যবহার করবেন, তা জানা খুব কঠিন নয়। একটু খেয়াল করলেই টিভির পারফরম্যান্স ও সাউন্ড দুটোই পুরোপুরি উপভোগ করা যায়।

এইচডিএমআই পোর্টের ধরন
সব এইচডিএমআই পোর্টেই ছবি ও শব্দ যায়। তবে প্রতিটির ব্যান্ডউইথ আলাদা। এই ব্যান্ডউইথই ঠিক করে দেয় কোন ডিভাইস কোথায় লাগানো উচিত।
এইচডিএমআই ২.০ পোর্টে ৪কে রেজ্যুলেশনে ষাট হার্টজ পর্যন্ত ছবি পাওয়া যায়। এতে এইচডিআর ও এআরসি অডিও সাপোর্ট থাকে। স্ট্রিমিং ডিভাইস বা কেবল বক্সের জন্য এটি যথেষ্ট।
এইচডিএমআই ২.১ পোর্টে ৪কে ১২০ হার্টজ পর্যন্ত ছবি যায়। ৮কে ৬০ হার্টজও সমর্থন করে। এতে ভিআরআর, অটো লো ল্যাটেন্সি মোড ও ইআরসি সুবিধা থাকে। প্লেস্টেশন ফাইভ বা এক্সবক্স সিরিজ এক্সের মতো গেম কনসোলের জন্য এটি সবচেয়ে উপযোগী। ডিসপ্লে স্ট্রিম কমপ্রেশন প্রযুক্তি থাকলে ৪কে ২৪০ হার্টজ পর্যন্তও পাওয়া যেতে পারে।

এ ছাড়া থাকে এআরসি বা ইআরসি পোর্ট। দেখতে সাধারণ এইচডিএমআইয়ের মতো হলেও এটি টিভি থেকে সাউন্ডবার বা রিসিভারে শব্দ পাঠাতে ব্যবহৃত হয়। এআরসি ডলবি ডিজিটাল ৫.১ সাপোর্ট করে। ইআরসি দিয়ে আনকমপ্রেসড ডলবি অ্যাটমস ও ডিটিএস এক্স পাওয়া যায়।
পোর্ট চেনার উপায়
বেশির ভাগ টিভির পেছনে এইচডিএমআই এক, ২ বা ৩ লেখা থাকে। কোনো কোনো পোর্টে আলাদা করে এআরসি বা ইআরসি লেখা থাকে। অনেক সময় নিচে ৪কে ১২০, গেম, ভিআরআর বা এনহ্যান্সড লেখা দেখা যায়। এসব থাকলে বুঝতে হবে সেটি উন্নত পোর্ট।
কোনো বর্ণনা না থাকলে সেটিকে সাধারণ এইচডিএমআই ২.০ ধরেই নেওয়া যায়। বিস্তারিত জানতে টিভির ব্যবহার নির্দেশিকাও দেখা যেতে পারে। ২০১৭ এর পরের বেশির ভাগ টিভিতে এইচডিএমআই ২.১ ও ইআরসি সুবিধা পাওয়া যায়।
কোন ডিভাইস কোথায় সংযোগ করবেন

- সাউন্ডবার বা হোম থিয়েটার রিসিভার সংযোগ করতে হবে এআরসি বা ইআরসি পোর্টে। এতে টিভির শব্দ সরাসরি সাউন্ড সিস্টেমে যাবে।
- অ্যাপল টিভি ৪কে যদি হোমপডের সঙ্গে ব্যবহার করা হয়, তবে ইআরসি পোর্ট দরকার।
- গেম কনসোল বা গেমিং পিসির জন্য ব্যবহার করতে হবে এইচডিএমআই ২.১ পোর্ট। এতে উচ্চ রিফ্রেশ রেট ও কম ল্যাগ পাওয়া যাবে।
- সাধারণ স্ট্রিমিং ডিভাইস বা ব্লু রে প্লেয়ারের জন্য যেকোনো পোর্টই যথেষ্ট।
সাধারণ পোর্ট বিন্যাস
বেশির ভাগ টিভিতে ৩ বা ৪টি এইচডিএমআই পোর্ট থাকে। সাধারণভাবে প্রথম পোর্টে স্ট্রিমিং ডিভাইস, দ্বিতীয় বা তৃতীয় পোর্টে গেম কনসোল এবং একটি পোর্টে সাউন্ডবার লাগানো হয়।
স্যামসাংয়ের পুরোনো মডেলে সাধারণত একটি মাত্র এইচডিএমআই ২.১ পোর্ট থাকে। এলজির নতুন ওএলইডি টিভিতে একাধিক উন্নত পোর্ট দেখা যায়। সনি সাধারণত ৩ ও ৪ নম্বর পোর্টে এই সুবিধা রাখে।
যদি টিভিতে একটিমাত্র এইচডিএমআই ২.১ পোর্ট থাকে, সেটি গেমিং ডিভাইসের জন্যই ব্যবহার করা ভালো।
ভুল পোর্টে সংযোগ করলে যা হবে
ভুল পোর্টে সংযোগ করলে ডিভাইস নষ্ট হবে না। তবে সর্বোচ্চ পারফরম্যান্স বা সেরা সাউন্ড পাওয়া যাবে না।
সামনে আসছে এইচডিএমআই ২.২
এইচডিএমআই ২.২ মানে আরও বড় আপগ্রেড। এতে ব্যান্ডউইথ বেড়ে হয়েছে ৯৬ জিবিপিএস। নতুন ফিক্সড রেট লিংক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ল্যাটেন্সি ইন্ডিকেশন প্রোটোকল যুক্ত হয়েছে। ভালো খবর হলো, এর কেবল আগের মতোই থাকবে এবং পুরোনো টিভির সঙ্গেও কাজ করবে।
সব মিলিয়ে, টিভির পেছনের এইচডিএমআই পোর্টগুলো শুধু গুনে দেখলেই হবে না। ঠিক পোর্টে ঠিক ডিভাইস সংযোগেরই মিলবে সেরা অভিজ্ঞতা।
সূত্র : জেডডি নেট ডটকম