অ্যান্ড্রয়েডে ‘কুইক শেয়ার’ সুবিধা ব্যবহার করবেন যেভাবে

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১৭:১৩

অ্যান্ড্রয়েডে ‘কুইক শেয়ার’ সুবিধা ব্যবহার করবেন যেভাবে
ছবি : অ্যান্ড্রয়েড পলিসি

অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর মধ্যে ফাইল আদানপ্রদান এখন অনেক সহজ। আগে যেখানে আইফোন ব্যবহারকারীরা এয়ারড্রপ নিয়ে গর্ব করতেন, অ্যান্ড্রয়েড এখন কুইক শেয়ার ফিচারের মাধ্যমে সেই ব্যবধান কমিয়ে দিয়েছে। ছবি, ভিডিও, নথি বা যেকোনো ফাইল কয়েক সেকেন্ডেই এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে পাঠানো যায়। তরুণ ব্যবহারকারীদের জন্য এটি বেশ সুবিধাজনক একটি প্রযুক্তি।

কুইক শেয়ার চালু করবেন যেভাবে

কুইক শেয়ার ব্যবহার করতে হলে আগে ডিভাইসটি এটির জন্য প্রস্তুত করতে হয়। কুইক সেটিংস মেনুতে থাকা কুইক শেয়ার আইকন থেকে বা সেটিংস মেনুতে অনুসন্ধান করে ফিচারটি চালু করা যায়। সেখানে গিয়ে আপনাকে প্রথমে কুইক শেয়ারের সেটিংসে যেতে হবে।

সেটিংসে প্রবেশ করলে ‘হু ক্যান শেয়ার উইথ ইউ’ নামে একটি অপশন পাওয়া যাবে। সেখানে ‘ভিজিবল টু নিয়ারবাই ডিভাইসেস’ চালু করতে হবে। এরপর নির্ধারণ করা যায় কারা আপনার ডিভাইস দেখতে পাবে। সবাই, কনট্যাক্টসে থাকা ব্যক্তি বা শুধু একই গুগল অ্যাকাউন্টে যুক্ত ডিভাইস- যেকোনোটিই বেছে নেওয়া যায়। সব ডিভাইসে একইভাবে সেটিংস সম্পন্ন হলে কুইক শেয়ার ব্যবহার করা যাবে।

ফাইল শেয়ার করার সহজ উপায়

ফাইল শেয়ারের সবচেয়ে সহজ উপায় হলো অ্যান্ড্রয়েডের শেয়ার অপশন। ছবি, ভিডিও বা যেকোনো ফাইল খুলে শেয়ার বোতামে চাপলে বিভিন্ন অ্যাপের পাশাপাশি কুইক শেয়ার আইকন দেখা যায়। আইকনে চাপ দিলে কুইক শেয়ার ইন্টারফেস খুলবে।

এক ডিভাইসে ‘সেন্ড’ এবং অন্যটিতে ‘রিসিভ’ অপশন নির্বাচন করতে হবে। সেন্ড ডিভাইসে ‘সিলেক্ট’ বোতামে চাপ দিয়ে পাঠানোর ফাইল নির্বাচন করতে হয়। এরপর যে ডিভাইসে পাঠাতে চান সেটি তালিকায় দেখালে চাপ দিলেই ফাইল চলে যাবে।

একই সঙ্গে কিউআর কোড ব্যবহার করেও কুইক শেয়ার করা যায়। ফাইল নির্বাচন করার পর নিচে ‘ইউজ কিউআর কোড’ অপশনে চাপলে কিউআর কোড তৈরি হবে। অন্য ডিভাইস কোড স্ক্যান করলে সরাসরি ফাইলটি তার কুইক শেয়ার ইন্টারফেসে পৌঁছে যাবে।

কোন কোন ডিভাইসে কুইক শেয়ার কাজ করে

কুইক শেয়ার সব অ্যান্ড্রয়েড ডিভাইসে কাজ করে। ফোন, ট্যাবলেট বা যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে কুইক সেটিংসে ফিচারটি পাওয়া যাবে। যদি কুইক সেটিংসে আইকন না দেখা যায়, তাহলে পেন্সিল আইকনে চাপ দিয়ে টাইল সম্পাদনা অপশন খুলে সিস্টেম অ্যাপস তালিকা থেকে কুইক শেয়ার যুক্ত করা যায়।

এছাড়া উইন্ডোজ কম্পিউটারেও কুইক শেয়ার ব্যবহার করা যায়। অ্যান্ড্রয়েড কর্তৃক দেওয়া ‘কুইক শেয়ার ফর উইন্ডোজ’ অ্যাপ ইন্সটল করলে কম্পিউটারও অন্য ডিভাইস থেকে ফাইল গ্রহণ করতে সক্ষম হয়। অ্যাপটি চালু থাকলে সেটি স্বয়ংক্রিয়ভাবে দৃশ্যমান হয়ে ফাইল গ্রহণ করতে প্রস্তুত থাকে।

কেন কুইক শেয়ার গুরুত্বপূর্ণ

২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে চালু হওয়া কুইক শেয়ার অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমকে আরও সংযুক্ত করেছে। গুগল ড্রাইভের মতো অ্যাপ থাকলেও কুইক শেয়ার অনেক দ্রুত এবং ঝামেলা ছাড়াই ফাইল পাঠানোর সুবিধা দেয়। এটি হলো প্রতিদিনের সাধারণ ব্যবহারকারীর জন্য কয়েকটি ধাপ কমে যাওয়ার অনেক বড় স্বস্তি।

সূত্র : অ্যান্ড্রয়েড পলিসি