মাত্র তিন মাসে ১০০ কোটি ডলারের সাইবার নিরাপত্তা স্টার্টআপ ‘করমা’

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২১

মাত্র তিন মাসে ১০০ কোটি ডলারের সাইবার নিরাপত্তা স্টার্টআপ ‘করমা’

পণ্য উন্মোচনের মাত্র তিন মাসের মধ্যে ১২ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের বিনিয়োগ পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সাইবার নিরাপত্তা স্টার্টআপ করমা। নতুন এই বিনিয়োগের পর প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে ১০০ কোটি মার্কিন ডলারে। সিরিজ এ পর্যায়ের এই বিনিয়োগের নেতৃত্ব দিয়েছে নিউ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েটস (এনইএ)।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। নতুন বিনিয়োগের ফলে করমার মোট সংগৃহীত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলারে। বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে সিকোইয়া ক্যাপিটাল, খোসলা ভেঞ্চারস ও কোটিউ।

চলতি বছরের আগস্টে আত্মপ্রকাশ করে করমা। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষভাবে প্রশিক্ষিত এআই মডেল ও স্বয়ংক্রিয় এআই এজেন্ট তৈরি করে প্রতিষ্ঠানটি। গত ২১ অক্টোবর একাধিক নিরাপত্তা ত্রুটি প্রকাশ্যে আসার পর তাদের পণ্যের প্রতি আগ্রহ দ্রুত বাড়ে।

ওই দিন জনপ্রিয় ওয়েব প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়। একই সময়ে জাভাস্ক্রিপ্টভিত্তিক পরিবেশ নোড.জেএস এবং একাধিক এআই মডেল সরবরাহকারীর কাছে অনুরোধ পাঠানোর কাজে ব্যবহৃত ওপেন সোর্স টুল লাইটএলএলএমেও নিরাপত্তা ঘটনার তথ্য প্রকাশিত হয়। টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ওই দিন ইন্টারনেটজুড়ে একাধিক সাইবার নিরাপত্তা ঘটনার কারণে প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা কর্মকর্তারা উদ্বেগের মধ্যে পড়েন।

এআই প্রযুক্তি ব্যবহার করে সাইবার হামলা প্রতিরোধে কাজ করছে আরও কয়েকটি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে কেভিন ম্যান্ডিয়ার নতুন স্টার্টআপ আর্মাডিন, অ্যানথ্রোপিক, ওপেনএআই ও মাইক্রোসফট। তবে করমার দাবি, নিরাপত্তা সুরক্ষাকে প্রাধান্য দিয়ে উন্নত এআই গবেষণায় কাজ করাই তাদের বিশেষত্ব।

সূত্র : টেকক্রাঞ্চ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন