মাইক্রোসফটের সেবা বিপর্যয়ে ক্ষতি ৭০০ কোটি ডলার ছাড়ানোর আশঙ্কা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৩

মাইক্রোসফটের সেবা বিপর্যয়ে ক্ষতি ৭০০ কোটি ডলার ছাড়ানোর আশঙ্কা
ছবি: সিএনএন

মাইক্রোসফটের বৈশ্বিক সেবা বিপর্যয়ে বিশ্ব অর্থনীতিতে উৎপাদনশীলতা হারানোর আর্থিক ক্ষতি অন্তত ৭০০ কোটি মার্কিন ডলারে পৌঁছাতে পারে। গত বৃহস্পতিবারের এই বিভ্রাটে বিশ্বজুড়ে লাখো ব্যবহারকারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হয়। মাইক্রোসফট জানিয়েছে, বিভ্রাটের মূল কারণ সমাধান করা হয়েছে এবং সেবাগুলো ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের দিকে এ বিভ্রাট শুরু হয়। এতে আউটলুক ই-মেইল, মাইক্রোসফট টিমসের অনলাইন বৈঠকসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা দেখা দেয়। এআই প্রতিষ্ঠানগুলোর কিছু সেবাও এর প্রভাবে বিঘ্নিত হয়।

বিভ্রাটের কারণে বিভিন্ন দেশের ব্যাংক, সরকারি দপ্তর, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, রেলওয়ে ও আদালতের কার্যক্রমেও সমস্যা দেখা দেয়। ইন্টারনেট সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, প্রায় এক ঘণ্টার মধ্যে ৭৪টি দেশ ও অঞ্চল থেকে সমস্যার খবর আসে।

মাইক্রোসফট জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে এই বিভ্রাট ঘটেছে। এর সঙ্গে কোনো সাইবার নিরাপত্তা হামলার সংশ্লিষ্টতা নেই। সমস্যার মূল কারণ সমাধানের পর প্রতিষ্ঠানটি বিভিন্ন সেবা পুনরুদ্ধারের কাজ শুরু করে। এ ঘটনায় ব্যবহারকারীদের কাছে দুঃখ প্রকাশ করেছে মাইক্রোসফট।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের সরকারি দপ্তরও সেবা স্বাভাবিক হওয়ার খবর জানিয়েছে। ফ্লোরিডার জ্যাকসনভিল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কিছু সেবা চালু হয়েছে। অস্টিন ও ডালাসেও ই-মেইল সেবা ফিরতে শুরু করেছে। কলোরাডোর আরাপাহো কাউন্টির শেরিফ কার্যালয় জানিয়েছে, অনলাইনে জামিনের অর্থ পরিশোধসংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে।

একটি গবেষণা সংস্থার প্রাক্কলন অনুযায়ী, এই বিভ্রাটের কারণে উৎপাদনশীলতা হারানোর আর্থিক ক্ষতি অন্তত ৭০০ কোটি মার্কিন ডলারে পৌঁছাতে পারে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন