এআই ব্যবহারের ব্যয় নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ অ্যাপলের

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১২:০৩

এআই ব্যবহারের ব্যয় নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ অ্যাপলের

কর্মীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পেছনে ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে অ্যাপল। এ জন্য প্রকৌশলীদের দৈনিক এআই ব্যবহারের বরাদ্দ কমিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি অন্য বিভাগের কর্মীদের জন্যও ব্যয়সীমা নির্ধারণের কথা ভাবছে তারা।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরে প্রকৌশলীদের জন্য এআই ব্যবহারের দৈনিক বরাদ্দ ৩০০ মার্কিন ডলার থেকে কমিয়ে ২০০ ডলার করেছে অ্যাপল। ভবিষ্যতে কিছু দলের জন্য এই সীমা আরও কমিয়ে ১০০ ডলারে নামানো হতে পারে। প্রকৌশল বিভাগের বাইরের কর্মীদের জন্য দৈনিক বরাদ্দ ২৫ ডলার পর্যন্ত নির্ধারণের বিষয়টিও বিবেচনা করছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে মন্তব্য জানতে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করেছে টেকক্রাঞ্চ। তবে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চিপ উন্নয়নসহ প্রকৌশলগত বিভিন্ন কাজে এআই যুক্ত করার উদ্যোগ নিয়েছিল অ্যাপল। তবে নতুন এই পদক্ষেপ প্রযুক্তিটির ব্যবহার বাড়ানোর পাশাপাশি ব্যয় নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তাও তুলে ধরছে।

চলতি বছরের শুরুতে বিভিন্ন প্রতিষ্ঠান কর্মীদের এআই ব্যবহারে উৎসাহিত করছিল। উৎপাদনশীলতা বাড়ানোর যুক্তিতে এআইয়ের ব্যবহার বাড়লেও এর পেছনে বিপুল অর্থ ব্যয় হতে থাকে। ফলে অনেক প্রতিষ্ঠান এখন এআই ব্যবহারের পরিমাণ নিয়ন্ত্রণের দিকে ঝুঁকছে।

এআই প্রযুক্তি তৈরি ও পরিচালনার ব্যয়ের তুলনায় এর মাধ্যমে উৎপাদনশীলতা কতটা বাড়ছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। অনেক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এআই ব্যবহারে প্রত্যাশিত সাশ্রয় বা দক্ষতা বৃদ্ধির সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে না।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন