হোয়াটসঅ্যাপে যে ৬ কাজ করলে নিষিদ্ধ হতে পারে অ্যাকাউন্ট
হোয়াটসঅ্যাপে কিছু কাজ আপাতদৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও সেগুলো প্ল্যাটফর্মটির নীতিমালা লঙ্ঘন করতে পারে। এ ধরনের কর্মকাণ্ডের কারণে ব্যবহারকারীর অ্যাকাউন্ট সাময়িক বা স্থায়ীভাবে নিষিদ্ধ করতে পারে হোয়াটসঅ্যাপ।
অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠানো, স্বয়ংক্রিয়ভাবে বা একসঙ্গে অনেক বার্তা পাঠানো, অনুমতি ছাড়া অন্যের ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং হোয়াটসঅ্যাপের সেবার শর্ত লঙ্ঘন করলে অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে। নিষিদ্ধ কর্মকাণ্ড শনাক্ত করতে প্রযুক্তির পাশাপাশি ব্যবহারকারীদের করা অভিযোগও বিবেচনা করে হোয়াটসঅ্যাপ।
যেসব কাজ করলে অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে
অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠানো
কোনো ব্যক্তি বার্তা পাঠাতে নিষেধ করলে তাকে আর বার্তা না পাঠানোর পরামর্শ দিয়েছে হোয়াটসঅ্যাপ। প্রয়োজনে সেই ব্যক্তিকে ফোনের যোগাযোগ তালিকা থেকেও সরিয়ে দিতে হবে।
স্বয়ংক্রিয় বা একসঙ্গে অনেক বার্তা পাঠানো
একসঙ্গে বিপুলসংখ্যক বার্তা, স্বয়ংক্রিয় বার্তা বা স্বয়ংক্রিয় কল পাঠানো হোয়াটসঅ্যাপের নীতিমালার পরিপন্থী। অননুমোদিত বা স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট ও গ্রুপ তৈরি করা কিংবা হোয়াটসঅ্যাপের মতো কাজ করে এমন তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করাও নিষিদ্ধ।
অনুমতি ছাড়া অন্যের ফোন নম্বর ব্যবহার
কারও অনুমতি ছাড়া তার ফোন নম্বর অন্যের সঙ্গে শেয়ার করা যাবে না। অবৈধ উৎস থেকে সংগ্রহ করা ফোন নম্বর বা অন্য তথ্য ব্যবহার করে কাউকে বার্তা পাঠানো কিংবা কোনো গ্রুপে যুক্ত করাও নীতিমালা লঙ্ঘন করতে পারে।

অতিরিক্ত সম্প্রচার তালিকা ব্যবহার
সম্প্রচার তালিকা বা ব্রডকাস্ট লিস্টে পাঠানো বার্তা সাধারণত শুধু সেই ব্যক্তিরাই পান, যারা প্রেরকের নম্বর নিজেদের ফোনের যোগাযোগ তালিকায় যুক্ত করেছেন। অতিরিক্ত ব্রডকাস্ট বার্তা পাঠালে ব্যবহারকারীরা সেগুলো রিপোর্ট করতে পারেন। একই অ্যাকাউন্টের বিরুদ্ধে বারবার অভিযোগ এলে তা নিষিদ্ধ করতে পারে হোয়াটসঅ্যাপ।
ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ
স্বয়ংক্রিয় পদ্ধতিতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা যাবে না। ফোন নম্বর, প্রোফাইল ছবি ও স্ট্যাটাসের মতো তথ্য অনুমতি ছাড়া সংগ্রহ বা ব্যবহারের বিষয়টিও হোয়াটসঅ্যাপের সেবার শর্তের লঙ্ঘন।
সেবার শর্ত লঙ্ঘন
মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ, অবৈধ কর্মকাণ্ড, হুমকি বা ভয় দেখানো, বিদ্বেষমূলক বক্তব্য এবং জাতিগত বা নৃগোষ্ঠীগতভাবে আপত্তিকর আচরণ হোয়াটসঅ্যাপের সেবার শর্তের পরিপন্থী। এসব কর্মকাণ্ডের ক্ষেত্রেও অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া