মাইক্রোসফট ৩৬৫ বিভ্রাটে বিপাকে ই-মেইল ব্যবহারকারীরা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৪:৫৭

মাইক্রোসফট ৩৬৫ বিভ্রাটে বিপাকে ই-মেইল ব্যবহারকারীরা

মাইক্রোসফটের ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য পরিচালিত মাইক্রোসফট ৩৬৫ সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। এতে আউটলুকের ই-মেইল, মাইক্রোসফট টিমসসহ বিভিন্ন সেবা ব্যবহার করতে সমস্যায় পড়েছেন গ্রাহকেরা। বিভ্রাট কাটাতে আক্রান্ত সার্ভারগুলো পুনরায় চালু ও নেটওয়ার্কের চাপ কমানোর কাজ করছে প্রতিষ্ঠানটি।

আন্তর্জাতিক প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ও সাময়িকী ওয়্যারডের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল (বৃহস্পতিবার) উত্তর আমেরিকায় মাইক্রোসফট টিমস ব্যবহারে সমস্যার খবর পেয়ে তদন্ত শুরু করে মাইক্রোসফট। পরে যুক্তরাষ্ট্রসহ আমেরিকা অঞ্চলের বিভিন্ন এলাকায় এক্সচেঞ্জ অনলাইন মেইলবক্সে প্রবেশেও সমস্যা দেখা দেয়।

মাইক্রোসফট জানায়, তাদের নেটওয়ার্কের একাধিক অঞ্চলে অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় সংযোগে সমস্যা হচ্ছে। তবে এই চাপ ব্যবহারকারীর সংখ্যা বা অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের কারণে নয়, বরং কয়েকটি সার্ভার অকার্যকর হয়ে পড়ায় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিভ্রাট মোকাবিলায় আক্রান্ত অবকাঠামো থেকে অন্য সার্ভারে সংযোগের চাপ সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে নতুন সেবা চালুর কাজ সাময়িকভাবে বন্ধ রেখে অকার্যকর সার্ভারগুলো পুনরায় চালু করছে প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফটের সেবার অবস্থা জানার ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এক্সচেঞ্জ অনলাইন, মাইক্রোসফট টিমস, শেয়ারপয়েন্ট অনলাইন, মাইক্রোসফট কপাইলট ৩৬৫ এবং মাইক্রোসফট ডিফেন্ডার এক্সডিআর এ বিভ্রাটের প্রভাব পড়েছে।

মাইক্রোসফটের এক মুখপাত্র জানিয়েছেন, প্রতিষ্ঠানটি মাইক্রোসফট ৩৬৫ সেবায় সমস্যার খবর পেয়েছে এবং তা সমাধানে কাজ করছে। যত দ্রুত সম্ভব সেবা স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে বৃহস্পতিবার দুপুরের দিকে আউটলুক ও মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য সেবা নিয়ে অভিযোগ দ্রুত বাড়তে দেখা যায়। পরে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে অভিযোগের সংখ্যা কমতে শুরু করে। তবে বিভ্রাটের প্রকৃত কারণ এবং কখন সব সেবা পুরোপুরি স্বাভাবিক হবে, তা তখনো নিশ্চিত ছিল না।

মাইক্রোসফটের এক বিবৃতিতে বলা হয়, কিছু সার্ভার স্বয়ংক্রিয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে ব্যর্থ হয়ে অকার্যকর হয়ে পড়ছে। সেগুলো পুনরায় চালুর মাধ্যমে সেবা ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

ক্লাউডভিত্তিক সেবায় এ ধরনের বিভ্রাটের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। সার্ভারের কনফিগারেশন ত্রুটি, ডোমেইন নেম সিস্টেমের সমস্যা কিংবা সাইবার হামলার কারণে সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। তবে এবারের বিভ্রাটের পেছনে সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এর আগে ২০২৪ সালের জুলাইয়ে নিরাপত্তা প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইকের ত্রুটিপূর্ণ হালনাগাদের কারণে বিশ্বজুড়ে উইন্ডোজ কম্পিউটারে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছিল। একই সময়ে মাইক্রোসফটের অ্যাজুর সেবাতেও আলাদা বিভ্রাট ঘটেছিল, যার ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হয় এবং আর্থিক ক্ষতি হয়।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন