অ্যান্ড্রয়েডে ক্রোমের কাজ সহজ করবে ৫ এক্সটেনশন

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৮

অ্যান্ড্রয়েডে ক্রোমের কাজ সহজ করবে ৫ এক্সটেনশন

অ্যান্ড্রয়েড ফোনে ওয়েব ব্রাউজিং আরও সহজ ও সুবিধাজনক করতে বিভিন্ন ক্রোম এক্সটেনশন ব্যবহার করা যায়। ওয়েবসাইটের অপ্রয়োজনীয় অংশ সরানো, ছবির ফাইলের ধরন পরিবর্তন করে সংরক্ষণ, অ্যামাজনের পণ্যের দাম পর্যবেক্ষণ এবং উইকিপিডিয়ার তথ্য নতুন নকশায় দেখার মতো কাজে এসব এক্সটেনশন সহায়ক হতে পারে।

কম্পিউটারওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েডে ক্রোম এক্সটেনশন ব্যবহারের সুযোগ চালু হওয়ায় বিভিন্ন তৃতীয় পক্ষের টুল মোবাইল ব্রাউজিংয়ের অভিজ্ঞতা উন্নত করতে পারে। প্রতিবেদনে এমন পাঁচটি এক্সটেনশনের কথা বলা হয়েছে, যেগুলো ভিভালডি ব্রাউজারে অ্যান্ড্রয়েডে ব্যবহার করা যায়।

ওয়েবসাইটের অপ্রয়োজনীয় অংশ সরাবে

‘ক্লিক টু রিমুভ এলিমেন্ট’ এক্সটেনশন ব্যবহার করে যেকোনো ওয়েবসাইটের নির্দিষ্ট অংশ সরিয়ে ফেলা যায়। পপ-আপ ভিডিও, বড় বোতাম, লোগো, ভাসমান মেনু বা অন্য কোনো বিরক্তিকর উপাদান স্ক্রিন থেকে সরাতে এটি ব্যবহার করা যাবে।

এক্সটেনশনটি ইনস্টল করার পর এর আইকনে ট্যাপ করে ওয়েবপেজের যে অংশটি সরাতে চান সেটিতে ট্যাপ করলেই সেটি অদৃশ্য হয়ে যাবে। চাইলে পরিবর্তনটি সংরক্ষণ করা যায়, ফলে একই পেজ পরবর্তী সময়ে খুললেও ওই অংশটি দেখা যাবে না।

আর্কাইভ থেকে ওয়েবপেজ দেখার সুবিধা

আর্কাইভ পেজ’ এক্সটেনশন ব্যবহার করে কোনো ওয়েবপেজকে আর্কাইভ টুডে সেবায় সংরক্ষণ করা যায়। আর্কাইভ টুডে বিভিন্ন ওয়েবপেজের বর্তমান সংস্করণ সংরক্ষণ করে, যা পরে সাবস্ক্রিপশন বা সাইন-ইন ছাড়াই দেখা ও অন্যদের সঙ্গে শেয়ার করা যায়।

তবে সব ওয়েবসাইটে এই পদ্ধতি কাজ নাও করতে পারে। বিশেষ করে ওয়েবসাইটের পেওয়াল কীভাবে কাজ করছে তার ওপর এটি নির্ভর করে।

অ্যামাজনে পণ্যের দাম পর্যবেক্ষণ

অ্যামাজনে পণ্যের দাম সময়ের সঙ্গে কীভাবে পরিবর্তিত হয়েছে তা জানতে ‘কিপা’ এক্সটেনশন ব্যবহার করা যায়। এটি ইনস্টল করার পর অ্যামাজনের পণ্যের পেজে দাম পরিবর্তনের ইতিহাস ও পণ্যটির দাম পর্যবেক্ষণের সুবিধা যুক্ত হয়।

পণ্যের পেজে নিচের দিকে স্ক্রল করলেই দামের তথ্য এবং ‘ট্র্যাক প্রোডাক্ট’ অপশন দেখা যায়। ফলে ভবিষ্যতে পণ্যের দাম কমলে তা নজরে রাখা সহজ হয়।

পছন্দের ফরম্যাটে ছবি সংরক্ষণ

ওয়েবসাইট থেকে ছবি সংরক্ষণ করতে গিয়ে অনেক সময় প্রয়োজনীয় ফাইল ফরম্যাট পাওয়া যায় না। ‘সেভ ইমেজ অ্যাজ টাইপ’ এক্সটেনশন এ সমস্যার সমাধান করতে পারে।

এক্সটেনশনটি ইনস্টল করার পর ওয়েবসাইটের কোনো ছবিতে দীর্ঘক্ষণ চাপ দিলে ‘সেভ ইমেজ অ্যাজ...’ অপশন পাওয়া যাবে। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী ছবিটি বিভিন্ন ফরম্যাটে সংরক্ষণ করা যায়।

নতুন নকশায় উইকিপিডিয়া দেখাবে

উইকিপিডিয়ার পেজগুলো আরও সহজে পড়তে ‘উইকিওয়ান্ডএক্সটেনশন ব্যবহার করা যায়। এটি উইকিপিডিয়ার তথ্য অপরিবর্তিত রেখে পেজের নকশা ও উপস্থাপনা আরও আধুনিক করে।

এক্সটেনশনটি ইনস্টল করার পর উইকিপিডিয়ার পেজগুলো নতুন ইন্টারফেসে দেখা যাবে। এতে মূল তথ্যগুলো একই থাকলেও সেগুলো আরও গোছানোভাবে উপস্থাপিত হয়।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন