অনরের ম্যাজিকওএস ১১-এ এআই ও স্টোরেজে বড় পরিবর্তন

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭

অনরের ম্যাজিকওএস ১১-এ এআই ও স্টোরেজে বড় পরিবর্তন

লিকুইড গ্লাস নকশার নতুন ইন্টারফেস, উন্নত এআই সহকারী এবং ৬০ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ খালি করার সুবিধা নিয়ে ম্যাজিকওএস ১১ উন্মোচন করেছে অনর। নতুন অপারেটিং সিস্টেমে অনরের এআই সহকারী ইয়োইয়ো এখন ১ হাজারের বেশি কাজের ক্ষেত্রে ব্যবহার করা যাবে এবং এক কমান্ডে সর্বোচ্চ ১০০ ধাপের কাজ সম্পন্ন করতে পারবে। ম্যাজিক ৯ সিরিজে চলতি সেপ্টেম্বরের শেষ দিকে স্থিতিশীল সংস্করণ আসবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেমবার্নের প্রতিবেদনে বলা হয়েছে, অনরের গ্লোবাল ডেভেলপার কনফারেন্সে ম্যাজিকওএস ১১ উন্মোচন করা হয়। বর্তমানে ১৮টির বেশি অনর স্মার্টফোনে এর পাবলিক বেটা সংস্করণ ব্যবহারের জন্য নিবন্ধন করা যাচ্ছে।

লিকুইড গ্লাস নকশায় নতুন ইন্টারফেস

ম্যাজিকওএস ১১-এর সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ইন্টারফেসে। স্বচ্ছ স্তর, ফ্রস্টেড ব্যাকগ্রাউন্ড, গোলাকার কোণ ও আলোর প্রতিফলনের মতো নকশা ব্যবহার করা হয়েছে। অনর জানিয়েছে, ‘লুমিনাস’ ও ‘হামিংবার্ড’ নামের দুটি নিজস্ব রেন্ডারিং প্রযুক্তির মাধ্যমে ম্যাজিকওএস ১০-এর তুলনায় সিস্টেম অ্যানিমেশন ২০ শতাংশ দ্রুত করা হয়েছে।

নোটিফিকেশন প্যানেল, উইজেট ও অ্যাপ চালুর সময়ের অ্যানিমেশনেও লিকুইড গ্লাসের প্রভাব দেখা যাবে। হোমস্ক্রিনে ইন্টারফেসের রঙের তাপমাত্রা পরিবর্তনের সুবিধাও রয়েছে।

ইয়োইয়ো এআইয়ে ১ হাজারের বেশি কাজ

ম্যাজিকওএস ১১-এ ইয়োইয়ো এআই সহকারী এখন ১ হাজারের বেশি কাজের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, যা ম্যাজিকওএস ১০-এর প্রায় ৩০০টি কাজের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। অনরের দাবি, ইয়োইয়ো ১০ হাজারের বেশি তৃতীয় পক্ষের এআই সেবার সঙ্গে যুক্ত হতে পারবে।

নতুন সংস্করণের অন্যতম সুবিধা হলো একাধিক ধাপের কাজ এক কমান্ডে সম্পন্ন করার ক্ষমতা। অনর জানিয়েছে, ইয়োইয়ো একসঙ্গে সর্বোচ্চ ১০০ ধাপের কাজ পরিচালনা করতে পারবে। উদাহরণ হিসেবে কোনো রেস্তোরাঁয় বুকিং করা, দলীয় চ্যাটে সহকর্মীদের আমন্ত্রণ জানানো, ক্যালেন্ডারে সময় যোগ করা এবং পরে মনে করিয়ে দেওয়ার মতো কাজ এক কমান্ডে করার সুবিধা দেখানো হয়েছে।

তবে এসব তৃতীয় পক্ষের এআই সেবার বড় অংশ এখনো চীনে সীমাবদ্ধ। চীনের বাইরে ইয়োইয়োর এজেন্টভিত্তিক সুবিধা ব্যবহারের ক্ষেত্রে স্থানীয় অ্যাপ ও ডেভেলপারদের সমর্থনের ওপর নির্ভর করতে হবে।

স্টোরেজ খালি করবে ৬০ গিগাবাইট পর্যন্ত

ম্যাজিকওএস ১১-এর স্টোরেজ স্পেস ২.০ সুবিধায় কোনো ফাইল মুছে না ফেলেই সর্বোচ্চ ৬০ গিগাবাইট স্টোরেজ খালি করা যাবে। এ জন্য ফোনে থাকা অব্যবহৃত ফাইল, ক্যাশ ডেটা, একই ধরনের ছবি ও অ্যাপের অতিরিক্ত রিসোর্স শনাক্ত করে সেগুলো সংকুচিত করা হবে।

অনরের দাবি, এটি লসলেস কমপ্রেশন প্রযুক্তি ব্যবহার করবে। ফলে প্রয়োজনের সময় ফাইল আবার ব্যবহার করা যাবে এবং এতে ছবির মান কমবে না।

অন্য ব্র্যান্ডের ফোনেও ফাইল পাঠানো যাবে

ম্যাজিকওএস ১১-এ ক্রস-ব্র্যান্ড ফাইল শেয়ারিং সুবিধা যুক্ত হয়েছে। এর মাধ্যমে আলাদা অ্যাপ ইনস্টল না করেই অনর ফোন থেকে আইফোন, অপো, ভিভো ও শাওমি ফোনে ফাইল পাঠানো যাবে।

ফাইল স্থানান্তরের জন্য ব্লুটুথ লো এনার্জি (ব্লুটুথ এলই) দিয়ে ডিভাইস শনাক্ত এবং ওয়াই-ফাই ডাইরেক্ট দিয়ে ডেটা স্থানান্তর করা হবে।

যেসব ফোনে আগে আসছে

ম্যাজিক ৯ সিরিজে সেপ্টেম্বরের শেষ দিকে ম্যাজিকওএস ১১-এর স্থিতিশীল সংস্করণ আসবে। এরই মধ্যে ১৮টির বেশি অনর ফোনে পাবলিক বেটা পরীক্ষার জন্য নিবন্ধন চালু হয়েছে। তালিকায় ম্যাজিক ৮ সিরিজ, ম্যাজিক ভি৬ এবং অনর ৬০০ সিরিজের ফোন রয়েছে।

অক্টোবর ও নভেম্বর মাসে আরও কিছু ডিভাইস বেটা পরীক্ষার আওতায় আসবে। বেটা সংস্করণ ব্যবহারের জন্য ফোনের সেটিংস > সিস্টেম > সফটওয়্যার আপডেট বিভাগে গিয়ে নিবন্ধনের সুযোগ রয়েছে।

বেটা সংস্করণে অ্যাপ ক্র্যাশ, ব্যাটারি ব্যবহারে পরিবর্তন বা ইন্টারফেসে ত্রুটির মতো সমস্যা দেখা দিতে পারে। তাই স্থিতিশীল সংস্করণ প্রকাশের আগে নিয়মিত ব্যবহারের ফোনে বেটা সংস্করণ ইনস্টলের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন