অ্যান্ড্রয়েড ফোনকে টিভির রিমোট বানানোর সহজ উপায়
টিভির রিমোট হারিয়ে গেলে নতুন রিমোট কেনার প্রয়োজন নেই। পুরোনো অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেট দিয়েই বিনা খরচে টিভি নিয়ন্ত্রণ করা যায়। টিভিতে মোবাইল নিয়ন্ত্রণের সুবিধা থাকলেই এই পদ্ধতি ব্যবহার করা সম্ভব।
স্মার্ট টিভি নিয়ন্ত্রণের সবচেয়ে সহজ উপায় হলো ফোন ও টিভিকে একই ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত করা। এরপর টিভির ধরন অনুযায়ী সংশ্লিষ্ট রিমোট অ্যাপ দিয়ে ফোন ও টিভি যুক্ত করতে হবে।
রোকু টিভি ও ডিভাইসের জন্য রোকু অ্যাপ, স্যামসাং টিভির জন্য স্মার্টথিংস এবং অ্যামাজন ফায়ার টিভির জন্য আলাদা রিমোট অ্যাপ রয়েছে। এসব অ্যাপ দিয়ে চ্যানেল পরিবর্তন, শব্দের মাত্রা ঠিক করা ও টিভির মেনু নিয়ন্ত্রণ করা যায়।
টিভি নির্মাতার নিজস্ব অ্যাপ না থাকলে গুগল প্লেতে থাকা তৃতীয় পক্ষের ‘ইউনিভার্সাল টিভি রিমোট’ ধরনের অ্যাপ ব্যবহার করা যায়। তবে এসব অ্যাপ টিভি ও ফোনের ধরন অনুযায়ী ভিন্নভাবে কাজ করতে পারে এবং কিছু অ্যাপে বিজ্ঞাপন থাকতে পারে।
কিছু টিভি ও রিমোট অ্যাপ ওয়াই-ফাইয়ের বদলে ব্লুটুথের মাধ্যমেও ফোনের সঙ্গে যুক্ত হতে পারে। এ ক্ষেত্রে ফোন ও টিভিকে একই নেটওয়ার্কে থাকার প্রয়োজন নেই। তবে টিভি ও অ্যাপের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে।
ইনফ্রারেড দিয়েও রিমোট
ফোনে ইউএসবি-সি পোর্ট থাকলে আলাদা ইনফ্রারেড বা আইআর ব্লাস্টার ব্যবহার করেও টিভি নিয়ন্ত্রণ করা যায়। ছোট এই যন্ত্র ফোনের ইউএসবি-সি পোর্টে যুক্ত হয়ে টিভির ইনফ্রারেড রিসিভারে সরাসরি সংকেত পাঠায়।
আইআর ব্লাস্টার ব্যবহারে ফোন ও টিভিকে একই ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত করার প্রয়োজন হয় না। তবে এ ক্ষেত্রে আলাদা যন্ত্র কিনতে হবে। একই ব্লাস্টার দিয়ে টিভির পাশাপাশি মিডিয়া প্লেয়ার ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের মতো অন্যান্য ইনফ্রারেড ডিভাইসও নিয়ন্ত্রণ করা যায়।